গ্যাস উন্নয়ন তহবিলে হাজার কোটি টাকা ব্যবহারে দেরি হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে নতুন তেল-গ্যসক্ষেত্র অনুসন্ধান, উন্নয়ন ও উত্তোলনের জন্য গঠিত ‘গ্যাস উন্নয়ন তহবিল’-এ প্রায় এক হাজার কোটি টাকা জমা হয়েছে। উন্নয়নের দিক থেকে গ্যাস খাত প্রয়োজনের তুলনায় অনেক পিছিয়ে থাকায় তহবিল ব্যবহারের ক্ষেত্রও প্রস্তুত আছে। কিন্তু সেই তহবিল ব্যবহার করে তেল-গ্যাসক্ষেত্র অনুসন্ধান, উন্নয়নকাজ শুরু হচ্ছে না।জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি কর্মকর্তারা জানান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে এই তহবিলের ব্যবহার বিলম্বিত হচ্ছে। জ্বালানি খাতের গবেষক-বিশেষজ্ঞ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আসলে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি), পেট্রোবাংলা এবং কোনো কোনো ক্ষেত্রে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মধ্যে সমন্বয়হীনতার কারণেই এই তহবিলের ব্যবহার বিলম্বিত হচ্ছে। দেশের জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতিতে এটা অত্যন্ত দুঃখজনক।’সূত্রগুলো জানায়, অন্যান্য বিকল্প জ্বালানি ও আন্তর্জাতিক বাজারের জ্বালানির তুলনায় দেশে প্রাকৃতিক গ্যাসের দাম অনেক কম। ফলে চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাসক্ষেত্রগুলোতে উৎপাদন বাড়ানো এবং নতুন অনুসন্ধান কার্যক্রম চালানো সম্ভব হয় না। এ কারণে ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সরবরাহের ভারসাম্য রক্ষা করতে গিয়ে দেশে কর্মরত আন্তর্জাতিক তেল-গ্যাস কোম্পানিগুলোর (আইওসি) ওপর নির্ভরশীলতা বাড়ছে।এই পরিস্থিতিতে ২০০৮ সালের ২৩ জুন পেট্রোবাংলা তার সহযোগী কোম্পানিগুলোর সরবরাহ করা গ্যাসের দাম বাড়ানোর জন্য বিইআরসির কাছে আবেদন করে। বিইআরসি তখন গ্যাসের দাম বাড়ানোর শর্ত হিসেবে ‘গ্যাস উন্নয়ন তহবিল’ গঠনের আদেশ দেয়। পেট্রোবাংলা এ ব্যাপারে সম্মত হলে ২০০৯ সালের ৩০ জুলাই বিইআরসি ভোক্তা পর্যায়ে গ্যাসের দাম ১১ দশমিক ২২ শতাংশ বাড়ানোর আদেশ দেয়, যা ওই বছরের ১ আগস্ট থেকে কার্যকর হয়। ওই বাড়তি টাকা দিয়েই গঠন করা হয় গ্যাস উন্নয়ন তহবিল। বিইআরসির আদেশ অনুযায়ী, ওই দাম বাড়ানোর ফলে রাষ্ট্রীয় গ্যাস কোম্পানিগুলোর অর্জিত বাড়তি অর্থ থেকে প্রতিবছর প্রায় ৭০০ কোটি টাকা গ্যাস উন্নয়ন তহবিলে জমা হচ্ছে। এই অর্থ নতুন তেল-গ্যাসক্ষেত্র অনুসন্ধান, উন্নয়ন ও উত্তোলনের কাজে ব্যবহারের বাধ্যবাধকতা আছে। সেভাবেই বিষয়টি এগোচ্ছিল।কিন্তু এর মধ্যে পেট্রোবাংলা একটি সংশোধিত প্রস্তাব উত্থাপন করে বিইআরসির কাছে। এতে বলা হয়, তারা গ্যাস উন্নয়ন তহবিলের অর্থ দিয়ে সঞ্চালন ও বিতরণ-ব্যবস্থার উন্নয়ন করতে চায়। কিন্তু বিইআরসির মূল আদেশ অনুযায়ী তহবিলটি গঠিতই হয়েছিল তেল-গ্যাস অনুসন্ধান, উন্নয়ন ও উত্তোলনের কাজে ব্যবহারের জন্য। বিইআরসির এই আদেশের সঙ্গে অর্থ মন্ত্রণালয়ও একমত পোষণ করে। সূত্র জানায়, এই কাজে অত্যধিক ঝুঁকি থাকায় কোনো উন্নয়ন সহযোগীর সহায়তা পাওয়া যায় না। দেশীয় কোম্পানিরও অর্থাভাব থাকায় শেষ পর্যন্ত আইওসির ওপর নির্ভর করতে হয়।সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিইআরসির নির্ভরযোগ্য সূত্র জানায়, সদস্যদের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কোরাম-সংকটে থাকা বিইআরসিতে কয়েক দিন আগে একজন সদস্যকে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে। ইতিমধ্যে তাঁরা সভা করে গ্যাস উন্নয়ন তহবিল ব্যবহার সম্পর্কে মতামত চূড়ান্ত করেছেন। শিগগিরই তা সংশ্লিষ্ট ব্যক্তিদের জানিয়ে দেওয়া হবে।অধ্যাপক নুরুল ইসলাম বলেন, বাপেক্সের হাতে এখন অনেক কাজ। জাতির বৃহত্তর স্বার্থে বাপেক্সকে আরও শক্তিশালী করে নতুন অনুসন্ধান ও উত্তোলনের কাজ জোরদার করা জরুরি। কাজেই গ্যাস উন্নয়ন তহবিলের নির্ধারিত কাজে ব্যবহার যত তাড়াতাড়ি শুরু হবে, ততই দেশের মঙ্গল।