গ্যাস না দিলে রেলপথ ও স্থলবন্দর বন্ধের হুমকি
গ্যাস-সংযোগের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার বাসিন্দারা আজ রোববার শহরে মিছিল ও সমাবেশ করেছে। আগামী সাত দিনের মধ্যে গ্যাস-সংযোগের ঘোষণা দেওয়া না হলে রোজার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলসংযোগ ও আখাউড়া স্থলবন্দর বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া হয় সমাবেশ থেকে। প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্যাসের দাবিতে বেলা ১১টায় আখাউড়া পৌর শহরের মোটরস্ট্যান্ড থেকে মিছিল বের করে আখাউড়া সচেতন নাগরিক ফোরাম। মিছিলটি উপজেলা পরিষদ কার্যালয়ে যায়। সেখানে নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি দেওয়া হয়। পরে মোটরস্ট্যান্ডে আখাউড়া সচেতন নাগরিক ফোরামের আয়োজনে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফোরামের সভাপতি জয়নাল আবেদিন বলেন, গ্যাসের সংযোগ পাওয়া আখাউড়ার মানুষের অধিকার। আগামী সাত দিনের মধ্যে গ্যাস-সংযোগের ঘোষণা দেওয়া না হলে রোজার পর ঢাকা-চট্টগ্রাম-সিলেট রেলসংযোগ ও আখাউড়া স্থলবন্দর বন্ধ করে দেয়ার হুমকি দেন তিনি।