গ্যাস নিয়ে রাশিয়া-ইউক্রেন দর কষাকষি
২০০৯ সালের মতো আবারও গ্যাস-যুদ্ধে জড়িয়ে পড়তে পারে রাশিয়া ও ইউক্রেন। এর ফলে সে সময়ের মতো আবার গ্যাস সংকটে পড়তে পারে ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলো। গত বৃহস্পতিবার গ্যাস সমস্যা নিয়ে এক বিশেষ বৈঠকে কোনো ঐকমত্যে পৌঁছাতে পারেননি রাশিয়ার প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ। ইউক্রেন রাশিয়ার কাছে বাড়তি সুবিধা দাবি করাতেই কোনো সমঝোতায় পৌঁছানো যায়নি বলে অভিযোগ করেছেন ক্রেমলিনের এক সূত্র।নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেছেন, ‘গ্যাস নিয়ে বর্তমানে যে চুক্তিটা আছে, রাশিয়া সেটাই অনুসরণ করার প্রতি জোর দিয়েছে। এবং তারা এটাকে কোনোভাবেই রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে চায় না।’ গ্যাস সরবরাহ নিয়ে ২০০৯ সালে রাশিয়ার গ্যাজপ্রোমের সঙ্গে ১০ বছর বয়সী চুক্তি করেছিলেন ইউক্রেনের তৎকালীন প্রধানমন্ত্রী ইউলিয়া টায়মোশেঙ্কো। কিন্তু এখন কম মূল্যে গ্যাস সরবরাহের দাবি জানিয়েছে সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত দেশটি। রাশিয়াও গ্যাসের মূল্য কমাতে রাজি হয়েছে। কিন্তু তার বিনিময়ে গ্যাজপ্রোমের সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা নাফটোগ্যাসের সংযুক্তির দাবি জানিয়েছে রাশিয়া। তবে এই প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে ইউক্রেন। এটাকে তাদের সার্বভৌমত্বের জন্য হুমকি বলেই মনে করছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এর জন্য প্রয়োজনে আবারও গ্যাস যুদ্ধে জড়ানোর জন্যও তাঁরা প্রস্তুত বলে হুঁশিয়ার করে দিয়েছেন তারা। গতকাল ইউক্রেনের এক কর্মকর্তা সংবাদমাধ্যমকে বলেছেন, ‘গ্যাস সরবরাহ নেটওয়ার্ক ও নাফটোগ্যাস ইউক্রেনের সার্বভৌমত্বের ভিত্তি। আমরা অর্থের জন্য আমাদের সার্বভৌমত্ব বেঁচে দিতে পারি না। প্রয়োজনে আমরা আরেকটি গ্যাস-যুদ্ধের জন্যও প্রস্তুত আছি।’ তবে দুই পক্ষই বিষয়টি আন্তর্জাতিক আদালতে না গিয়েই মীমাংসা করার চেষ্টা করবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী। রয়টার্স।