গ্যাস নিয়ে সমালোচনার মুখে জনপ্রতিনিধিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় তিন বছর ধরে শিল্পপ্রতিষ্ঠানে এবং দুই বছর ধরে আবাসিক ক্ষেত্রে গ্যাসের নতুন সংযোগ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে ঢাকাসহ সারা দেশে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রতিনিধিরা।বিষয়টি নিয়ে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী ও পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর গণমাধ্যমের কাছে ভিন্ন ভিন্ন অবস্থান প্রকাশ করার পর জনপ্রতিনিধিদের জন্য পরিস্থিতি হয়ে উঠেছে বিব্রতকর।কয়েকজন জনপ্রতিনিধি প্রকাশ্যে এবং কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে গতকাল বুধবার প্রথম আলোর কাছে এ বিষয়ে কথা বলেছেন। পাশাপাশি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া গ্যাসের নতুন সংযোগ দেওয়ার বিষয়ে তাঁর নেতৃত্বাধীন কমিটির একটি পর্যবেক্ষণ তুলে ধরেছেন। তাতে গ্যাসের সংযোগ দেওয়া শুরু করার কথা বলা হয়েছে।গ্যাসের সংযোগ বন্ধ থাকায় শহরের আবাসিক গ্রাহকেরা সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন। ঢাকার মতো বড় শহরের মানুষ দৈনন্দিন প্রয়োজনের এই জ্বালানির সমস্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে।ঢাকার সাংসদ রাশেদ খান মেনন বিষয়টি সম্পর্কে গতকাল প্রথম আলোকে বলেন, ‘গ্যাসের ঘাটতি আছে জানি। কিন্তু শহরে মানুষের অবস্থা দুর্বিষহ। জ্বালানির অভাবে নতুন আবাসনগুলো বসবাসের উপযোগী হয়ে ওঠেনি। এতে মানুষ দুই দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এক, ফ্ল্যাট কিনেও তাঁদের অন্যত্র ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। দুই, তাঁদের প্রচুর অর্থ দিয়ে কেনা ফ্ল্যাট অব্যবহূত পড়ে আছে। তাঁদের জন্য বিকল্প হিসেবে এলপি গ্যাসেরও সংস্থান নেই।’ক্ষমতাসীন মহাজোটের এই সাংসদ আরও বলেন, সরকার ঘোষণা দিয়ে সংযোগ বন্ধ রাখলেও বাস্তবে তো তা বন্ধ নেই। নানা কৌশলে গ্যাসের সংযোগ দিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি করছেন একশ্রেণীর কর্মকর্তা-কর্মচারী। এতে সরকারেরও কোনো লাভ হচ্ছে না, গ্রাহকেরও নয়। সবার জন্য বিব্রতকর হয়ে উঠেছে পরিস্থিতি। এর অবসান হওয়া উচিত।সরকার সংযোগ বন্ধ রাখলেও খুলনা, ভেড়ামারা, রাজশাহী পর্যন্ত পাইপলাইন স্থাপন করছে। এর মধ্যে রাজশাহীতে ঘরে ঘরে গ্যাসের সংযোগ দেওয়ার সব কারিগরি প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। গত জানুয়ারি থেকে সেখানে সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি ছিল সরকারের। কিন্তু এখন পর্যন্ত সরকার সিদ্ধান্তহীন।রাজশাহীর সরকারদলীয় সাংসদ মো. শাহিরয়ার আলম বলেন, ‘দেশে এখন অভাব শুধু বিদ্যুৎ ও জ্বালানির। এ কারণে মানুষের তীব্র সমালোচনার শিকার হচ্ছি। আবাসিক গ্রাহকদের গ্যাসের সংযোগ না দেওয়ার সিদ্ধান্ত আমরা মেনে নিতে পারব না। এ ব্যাপারে আমাদের স্পষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি আছে।’শাহিরয়ার আলম বলেন, গ্যাসের নতুন সংযোগ বন্ধ রেখে দেশের মানুষের মধ্যে বৈষম্য বাড়ানো হচ্ছে। নর্থ বেঙ্গল ডেভেলপমেন্ট ফোরামের সভাপতি হিসেবে তিনি সরকারের প্রতি আহ্বান জানান আবাসিক ক্ষেত্রে গ্যাসের সংযোগ চালু করার জন্য।একজন সাংসদ জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১২ জুন রাজশাহীর মেয়র খায়রুজ্জামানকে ঢাকায় ডেকে নিয়েছিলেন রাজশাহীতে গ্যাসের সংযোগ চালু করার তারিখ জানিয়ে দেবেন বলে। কিন্তু শেষ মুহূর্তে উপদেষ্টার পরামর্শে তিনি সেই তারিখ জানাননি।রাজশাহীর আরেকজন সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, রাজশাহীতে গ্যাসের সংযোগ শুরু করার সব প্রস্তুতি সম্পন্ন হয়ে আছে। কিন্তু প্রধানমন্ত্রীর উপদেষ্টার আপত্তির কারণে তা চালু হচ্ছে না। তাঁর আপত্তি সম্পূর্ণ অযৌক্তিক। কারণ রাজশাহীতে গ্যাসের চাহিদা হবে খুবই সামান্য। পেট্রোবাংলার চেয়ারম্যান যেকোনো সময় তা দিতে প্রস্তুত।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির পর্যবেক্ষণের কথা উল্লেখ করে গতকাল সুবিদ আলী ভূঁইয়া বলেন, বর্তমানে গ্যাসের যে উৎপাদন পরিস্থিতি, তাতে অগ্রাধিকার নির্ধারণ করে নতুন সংযোগ প্রদান শুরু করা যায়। আবাসিক গ্রাহকদের মধ্যে যাঁদের নামে বরাদ্দপত্র (ডিমান্ড নোট) দেওয়া আছে, তাঁদের দিয়ে সংযোগ শুরু করা যেতে পারে।এদিকে রাজধানীর কয়েকজন বাসিন্দা গতকাল প্রথম আলোর কার্যালয়ে এসে কিছু তথ্য দিয়ে গেছেন। এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হচ্ছে মিরপুরের পল্লবীর কয়েকজন গ্রাহকের বর্ণনা। তাঁরা বলেন, গ্যাসের সংযোগ দেওয়ার জন্য তাঁদের কাছে মোট তিন লাখ ৮০ হাজার টাকা চেয়েছেন একটি আবাসন কোম্পানির কয়েকজন কর্মকর্তা। তাঁরা ওই কর্মকর্তাদের চেনেন। তাঁরা অন্যত্রও গ্যাসের সংযোগের ব্যবস্থা করে দিয়েছেন। তাঁদেরও বলে আসছেন অনেক দিন থেকে। কিন্তু সরকার সংযোগ চালু করবে ভেবে তাঁরা এত দিন রাজি হননি। এখন তাঁদের কী করা উচিত, সে বিষয়ে পরামর্শ চান।