গ্যাস-বিদ্যুতের নতুন সংযোগ অনিশ্চিত
নিষেধাজ্ঞা তুলে সরকার কবে নাগাদ গ্যাস ও বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া শুরু করবে, তা অনিশ্চিত। তবে নতুন বিদ্যুৎসংযোগ নিতে আগ্রহী গ্রাহকদের মোট চাহিদার ৫ শতাংশ সৌরবিদ্যুৎ থেকে উৎপাদনসহ কিছু শর্ত দেওয়ার কথা ভাবা হচ্ছে। গতকাল রোববার এক ব্রিফিংয়ে শীর্ষ সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়ে শিগগিরই লোডশেডিং বাড়ারও ইঙ্গিত দিয়েছেন। কারণ কয়েক দিনের মধ্যেই সার কারখানাগুলোতে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ শুরু করতে হবে বলে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ কিছুটা কমে যাবে।ব্রিফিংয়ে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, নতুন বিদ্যুৎসংযোগ দেওয়া কবে নাগাদ শুরু করা হবে, সে বিষয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত তাঁরা নেননি। গতকাল বিকেলে মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, এগুলো এখনো ভাবনার পর্যায়েই আছে। নতুন সংযোগ শুরু করার আগে এগুলো চূড়ান্ত করা হবে।উল্লেখ্য, চাহিদার তুলনায় উৎপাদন-ঘাটতির কারণে প্রথম দফায় গত ৩০ জুন পর্যন্ত নতুন বিদ্যুৎসংযোগ দেওয়া বন্ধ রাখা হয়। এরপর তা আরও তিন মাস বাড়ানো হয়। অন্যদিকে, নতুন গ্যাসসংযোগও শিগগির চালু করা যাচ্ছে না বলে সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়। গ্যাসসংযোগ বন্ধ রাখার সরকারি সিদ্ধান্তে বলা হয়েছিল, উৎপাদন ২২০ কোটি ঘনফুটে উন্নীত না হওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে। গ্যাসের উৎপাদন এখন পর্যন্ত ২০০ কোটি ঘনফুটের মধ্যে থাকায় আপাতত ওই সিদ্ধান্তের পরিবর্তন হচ্ছে না বলে সূত্রগুলো জানায়।উপরন্তু প্রতিদিন বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সিএনজি স্টেশন বন্ধ রেখে গ্যাস সরবরাহে যে রেশনিং করা হচ্ছে, তাও অব্যাহত থাকবে বলে ব্রিফিংয়ে জানিয়েছেন জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। ব্রিফিং অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, পিডিবির চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির এবং বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিভিন্ন সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জ্বালানিসচিব বলেন, চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ কম। তাই ঘাটতি সবাইকেই ভাগ করে নিতে হবে। সিএনজি স্টেশনে অব্যাহতভাবে গ্যাস দিলে অন্যান্য শিল্প ও গৃহস্থালি গ্রাহকদের কষ্ট অনেক বাড়ে। তবে গ্যাসের উৎপাদন বাড়ানোর কার্যক্রম চালানো হচ্ছে। আগামী বছরের শুরুতেই এসব কাজের ফল পাওয়া যাবে। এই সময়টুকু সবাইকে ধৈর্য ধরে কষ্ট ভাগ করে নিতে হবে।লোডশেডিং বাড়বে: ব্রিফিংয়ে বলা হয়, কয়েক দিনের মধ্যেই সার কারখানাগুলোতে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ শুরু করতে হবে। তাই বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বর্তমানের তুলনায় কিছুটা কমবে। এতে এখনকার চেয়ে ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ কম উৎপাদিত হবে। আবার তেলচালিত নতুন কয়েকটি বিদ্যুৎকেন্দ্র চালুও হবে। তাছাড়া বিদ্যমান তেলচালিত কেন্দ্রগুলোতেও সর্বোচ্চ উৎপাদনের চেষ্টা করা হবে। তবুও শীত আসার আগে কিছু দিন লোডশেডিং বাড়বে। এ জন্য যে বাড়তি কষ্ট হবে সেটুকু সহ্য করার জন্য সবাইকে প্রস্তুত হওয়ার অনুরোধ জানানো হয়। ব্রিফিংয়ে বলা হয়, সামনেই বোরো মৌসুম। তাই সারেরও প্রয়োজন অনেক। সে জন্য যমুনা সার কারখানা দু-এক দিনের মধ্যেই চালু করা হবে। এরপর চিটাগাং ইউরিয়া (সিইউএফএল), ঘোড়াশাল এবং কর্ণফুলী সার কারখানা (কাফকো) চালু করা হবে।আরও নতুন বিদ্যুৎকেন্দ্র: ২০১৫ সালের মধ্যে প্রায় সাড়ে ১১ হাজার মেগাওয়াট নতুন বিদ্যুৎ উৎপাদনের যে পরিকল্পনা এর আগে চূড়ান্ত করা হয়েছে, তার সঙ্গে আরও প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বেশি উৎপাদনের পরিকল্পনা যুক্ত করা হয়েছে। ব্রিফিংয়ে জানানো হয়, এর মধ্যে তেলচালিত কেন্দ্র হবে আটটি, যার চারটি ১০০ এবং চারটি ৫০ মেগাওয়াট করে। কয়লাভিত্তিক কেন্দ্র হবে চারটি। এর দুটির প্রতিটি হবে ১৫০ থেকে ৩০০ মেগাওয়াট ক্ষমতার। বাকি দুটির প্রতিটি হবে ৪০০ থেকে ৬৫০ মেগাওয়াট ক্ষমতার। এ ছাড়া আমদানিকৃত তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি) ব্যবহার করেও বিদ্যুৎকেন্দ্র চালানো হবে। ব্রিফিংয়ে বলা হয়, সব বিদ্যুৎকেন্দ্রই স্থাপিত হবে বেসরকারি খাতে। এগুলো স্থাপনের ব্যাপারে আগামী দুই সপ্তাহের মধ্যে প্রাকেযাগ্যতা যাচাই প্রক্রিয়া শুরু করা হবে। একই সঙ্গে কোম্পানিগুলোর কাছ থেকে প্রস্তাবও (আরএফপি) গ্রহণ করা হবে। লোডশেডিং থেকে মুক্তি কবে: বিদ্যুৎ মন্ত্রণালয় ২০১১ সালের মধ্যে লোডশেডিংমুক্ত বাংলাদেশের কথা বলেছিল। বর্তমান পরিস্থিতিতে তা কবে নাগাদ সম্ভব হবে জানতে চাইলে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ‘ওই লক্ষ্যেই তো সব কাজ করা হচ্ছে। ২০১১ সালে না হলে তা ২০১২ সালে হবে।’বিদ্যুৎসচিব বলেন, বিদ্যুতের চাহিদা অত্যন্ত দ্রুত বাড়ছে। নতুন সংযোগ বন্ধ রাখার পরও গত ছয় মাসে ঢাকায় চাহিদা বেড়েছে ১৭ শতাংশ। এই চাহিদা বৃদ্ধির পেছনে ব্যাটারিচালিত তিন চাকার গাড়ি, আইপিএস প্রভৃতির বিরাট ভূমিকা রয়েছে। তবে এভাবে চাহিদা বৃদ্ধির পরও ২০১২ সালে লোডশেডিং সহনীয় পর্যায়ে আনা যাবে।