সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গ্যাস বেচতে রাজি হইনি বলেই ২০০১ সালে আমাদের ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর শুনেছিলাম, এ দেশে গ্যাস অফুরন্ত। এমনকি গ্যাস বিক্রির জন্য চাপও ছিল। কিন্তু এবার সরকার গঠনের পর দেখছি, গ্যাস নেই।’ তিনি বলেন, গত সাত বছরে দেশে গ্যাসের অনুসন্ধান বা উত্তোলনের কোনো কাজ হয়নি।জাতীয় সংসদে গতকাল বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের বর্ষীয়ান সাংসদ আবদুর রাজ্জাকের এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা এসব কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে এই প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলের অনুপস্থিতিতেও সংসদ প্রাণবন্ত হয়ে ওঠে। চলতি অধিবেশনে এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম প্রশ্নোত্তর পর্ব।প্রধানমন্ত্রী বলেন, গ্যাসের অপচয় বন্ধ করার জন্য প্রি-পেইড মিটার চালুর পাশাপাশি সিলিন্ডারের মাধ্যমে বাসাবাড়িতে গ্যাস সরবরাহের পরিকল্পনা সরকারের রয়েছে। তিনি বলেন, দেশে প্রচুর পরিমাণে গ্যাস অপচয় হয়। একটি দিয়াশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য সারাক্ষণ চুলা জ্বালিয়ে রাখা হয়। অনেকে চুলা জ্বালিয়ে কাপড় শুকায়। এতে অনেক ক্ষেত্রে দুর্ঘটনার কারণ হতে পারে। তিনি গ্যাসের অপচয় বন্ধ করার জন্য সবার প্রতি আহ্বান জানান।কাজে দীর্ঘসূত্রতার অভিযোগ ঠিক নয়: সরকারি দলের মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকারের কাজে দীর্ঘসূত্রতার অভিযোগ সঠিক নয়। মন্ত্রণালয়ের কাজে কোনো দীর্ঘসূত্রতা হচ্ছে না। সঠিক গতিতেই কাজ হচ্ছে। তিনি বলেন, ‘আজ মন্ত্রিসভার শততম বৈঠক হয়েছে। প্রতি তিন মাস পরপর মন্ত্রিসভার বিগত সভার পর্যালোচনা করা হয়। আজও গত তিন মাসের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। গত তিন মাসে নেওয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তিন মাস আগে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ৮৪ ভাগ বাস্তবায়িত হয়েছে। অনেক মন্ত্রণালয়ের কাজ শতভাগও হয়েছে।’শেখ হাসিনা বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি আর দলীয়করণের মাধ্যমে অনেকেরই চরিত্র নষ্ট করা হয়েছে। সে অবস্থা থেকে ফেরত আসতে একটু সময় লাগবে।জাসদের মঈনউদ্দিন খান বাদলের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘১০ টাকা সের চাল খাওয়ানোর কথা ১৯৯৬ সালের নির্বাচনের আগে তেজগাঁওয়ে এক নির্বাচনী জনসভায় বলেছিলাম। কিন্তু বিরোধী দল ওই বক্তৃতাকে ২০০৮ সালের নির্বাচনী প্রতিশ্রুতিমূলক বক্তৃতা বলে অপপ্রচার করছে।’ তিনি বলেন, ‘ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া আমার ওই বক্তৃতা ভালো করে দেখেছি। তা ছিল ১৯৯৬ সালে তেজগাঁওয়ে নির্বাচনী জনসভায় দেওয়া বক্তব্য। ওই সময়ে ওই এলাকার প্রার্থী ও লোকজনদের দেখে এটি নিশ্চিত করেছি।’শেখ হাসিনা বলেন, ‘প্রতিশ্রুতি অনুসারে ১৯৯৬ সালের সরকারের সময় চালের দাম ১০ টাকা কেজিই ছিল। কিন্তু আমাদের রেখে যাওয়া ওই দাম বিএনপি সরকারের আমলে এসে ৪৫ টাকায় দাঁড়ায়। এখন মোটা চালের দাম ২৮ টাকা হলেও মানুষের আয়ও বেড়েছে।’রপ্তানি-আয় বাড়ছে: অপু উকিলের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে রপ্তানি-আয় বাড়ছে। ২০০৯-১০ অর্থবছরে বাংলাদেশ এক লাখ ১২ হাজার ১০৬ কোটি টাকা রপ্তানি-আয় করেছে। এ সময় বিশ্বব্যাপী মন্দার কারণে পার্শ্ববর্তী সব দেশে রপ্তানি প্রবৃদ্ধি ছিল ঋণাত্মক। কিন্তু সরকারের সময়োচিত সিদ্ধান্তের কারণে বাংলাদেশের রপ্তানি-আয় বেড়েছে। তিনি বলেন, চলতি অর্থবছরে (২০১০-১১) রপ্তানি-আয় এক লাখ ৫২ হাজার কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। অর্থবছরের প্রথম ছয় মাসে রপ্তানি আয় ৭১ হাজার চার কোটি টাকা ছাড়িয়ে গেছে।সবার জন্য বিদ্যুৎ: শেখ হাসিনা বলেন, ২০২০-২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে সরকার ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে। গত দুই বছরে প্রায় এক হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন বাড়ানো হয়েছে। গত ডিসেম্বর পর্যন্ত ৩৫টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য চুক্তি করা হয়েছে। বর্তমানে বিদ্যুতের চাহিদা ব্যাপকভাবে বাড়ায় উৎপাদন বাড়লেও এখনো লোডশেডিং বন্ধ করা যায়নি।