প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘গ্যাস বেচতে রাজি হইনি বলেই ২০০১ সালে ক্ষমতায়ও আসতে পারিনি। ষড়যন্ত্রের শিকার হয়েছি। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর শুনেছিলাম এ দেশে গ্যাস অফুরন্ত। এমনকি গ্যাস বিক্রির জন্য চাপও ছিল। কিন্তু এবার সরকার গঠনের পর দেখছি, গ্যাস নেই।’ তিনি বলেন, গত সাত বছরে দেশে গ্যাসের অনুসন্ধান বা উত্তোলনের কোনো কাজ হয়নি। চাহিদা বাড়লেও এ খাতে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।জাতীয় সংসদে আজ বুধবার প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বে প্রবীণ সাংসদ আবদুর রাজ্জাকের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রধানমন্ত্রী সংসদের এ অধিবেশনে আজই প্রথম সাংসদদের মুখোমুখি হলেন। বিরোধী দলের অনুপস্থিতিতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরপর্বের সময় সংসদ বেশ প্রাণবন্ত হয়ে ওঠে।আবদুর রাজ্জাক দেশের গ্যাস-সংকট ও অপচয়ের কথা উল্লেখ করে বলেন, প্রাকৃতিক গ্যাসের অপচয় রোধে সিলিন্ডারে ব্যবহার পদ্ধতি চালু করা হবে কি না? উত্তরে প্রধানমন্ত্রী বলেন, সরাসরি গ্যাস-সংযোগের চেয়ে সিলিন্ডার ব্যবহার যুক্তিযুক্ত। কারণ একটি দেশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য সারাক্ষণ চুলা জ্বালিয়ে রাখা হয়। অনেকে চুলা জ্বালিয়ে কাপড় শুকায়। এর ফলে অনেক ক্ষেত্রে দুর্ঘটনা ঘটছে। এসব দুর্ঘটনা এড়াতে এবং গ্যাসের অপব্যবহার রোধে তিনি সবাইকে সক্রিয় হওয়ার অনুরোধ জানান।কাজে দীর্ঘসূত্রতার অভিযোগ অস্বীকার: প্রধানমন্ত্রী নিজ দলেরই একজন সাংসদের করা প্রশ্ন নাকচ করে দিয়ে বলেছেন, সরকারের কাজে দীর্ঘসূত্রতার অভিযোগ সঠিক নয়। মন্ত্রণালয়ের কাজে কোনো দীর্ঘসূত্রতা হচ্ছে না। সঠিক গতিতেই কাজ হচ্ছে।নেত্রকোনা থেকে নির্বাচিত সাংসদ মোশতাক আহমেদ প্রশ্নটি উত্থাপন করে বলেন, আমলাদের মধ্যে ব্যাপক দলবাজির কারণে মন্ত্রণালয়ের কাজে দীর্ঘসূত্রতা দেখা দিয়েছে। এ ব্যাপারে সরকার কী পদক্ষেপ নিচ্ছে?প্রধানমন্ত্রী বলেন, ‘আজ মন্ত্রিসভার শততম বৈঠক হয়েছে। বৈঠকে প্রতি তিন মাস পর পর মন্ত্রিসভার বিগত সভা পর্যালোচনা হয়। আজও গত তিন মাসের সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে। গত তিন মাসে নেওয়া সিদ্ধান্তগুলো পর্যালোচনা করে দেখা গেছে, তিন মাস আগে নেওয়া সিদ্ধান্তগুলোর মধ্যে ৮৪ ভাগ বাস্তবায়িত হয়েছে। অনেক মন্ত্রণালয়ের কাজ শতভাগও হয়েছে।’প্রধানমন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে দুর্নীতি আর দলীয়করণের মাধ্যমে অনেকেরই চরিত্র নষ্ট করা হয়েছে। সে অবস্থা থেকে ফেরত আসতে একটু সময় লাগবে।