গ্যাস-সংকট দীর্ঘায়িত হচ্ছে
সরকারের বহুমুখী উন্নয়ন-পদক্ষেপ সত্ত্বেও দেশে গ্যাস-সংকট কমছে না। ২০১২ সালের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করে গ্যাস উত্তোলন বাড়ানোর যে মধ্যমেয়াদি পরিকল্পনা নিয়ে সরকার কাজ করছে, তার বাস্তবায়নও আগামী বছরই শেষ হচ্ছে না। ফলে গ্যাস-সংকট আরও দীর্ঘায়িত হওয়া প্রায় নিশ্চিত।সংশ্লিষ্ট সরকারি সূত্রগুলো জানায়, গত তিন বছরে দেশে গ্যাসের উৎপাদন বেড়েছে প্রায় ৩০ কোটি ঘনফুট। ফলে বর্তমানে দৈনিক গ্যাস উত্তোলন ও সরবরাহ ২০০ কোটি ঘনফুটে উন্নীত হয়েছে। চাহিদা এখনো ২৫০ কোটি ঘনফুটই ধরা হচ্ছে। তবে গ্যাসের প্রক্ষেপিত (প্রোজেক্টেড) চাহিদা এবং তা পূরণের লক্ষ্যে গৃহীত পেট্রোবাংলার কার্যক্রম অনুযায়ী, এ বছর গ্যাসের চাহিদা বেড়ে ২৮০ কোটি ঘনফুট হবে। কিন্তু উৎপাদন ২২০ কোটি ঘনফুটের বেশি হবে না।একইভাবে গ্যাস উৎপাদন বাড়ানোর পূর্বোক্ত মধ্যমেয়াদি পরিকল্পনায় সাতটি অনুসন্ধান কূপ, ২৪টি উন্নয়ন কূপ ও তিনটি ওয়ার্কওভার কূপ খনন এবং দৈনিক ৫০ কোটি ঘনফুটের সমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানির কথা থাকলেও আগামী বছরের মধ্যে এ কাজগুলো শেষ হবে না বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।এ সম্পর্কে জানতে চাইলে জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন প্রথম আলোকে বলেন, সরকার নানাভাবে চেষ্টা করছে সংকটকাল কমিয়ে আনার। তবে ২০১২ সালের শেষ কিংবা ২০১৩ সাল শুরুর আগে সংকট নিরসন কোনোভাবেই সম্ভব নয়।হাইড্রোকার্বনের তিন সুপারিশ: জ্বালানি মন্ত্রণালয়ের গবেষণা সেল হাইড্রোকার্বন ইউনিট গত মাসে (এপ্রিল) সরকারের উচ্চপর্যায়ে উপস্থাপিত একটি সমীক্ষা প্রতিবেদনে গ্যাস-সংকট দ্রুত নিরসনে তিনটি সুপারিশ করে। প্রথম সুপারিশে বলা হয়, গ্যাসকূপগুলোর উপরিভাগের কিছু যন্ত্রপাতি (বাল্ব, চোক, রেগুলেটর প্রভৃতি) পরিবর্তন করে এক মাসের মধ্যে গ্যাসের উৎপাদন দৈনিক মোট ১৫ থেকে ২০ কোটি ঘনফুট বাড়ানো সম্ভব। সরকারি সূত্রগুলো জানায়, এ কাজ আগে থেকেই শুরু করা হয়েছে।দ্বিতীয় সুপারিশ হলো, উৎপাদনরত কূপগুলোর ভেতরে কিছু সংস্কারকাজ করা (ওয়েল লাইন ইন্টারভেনশন)। আর তৃতীয় সুপারিশে বলা হয়, কূপগুলোর উত্তোলন পাইপ (টিউব) বদলে দেওয়ার কথা। উপস্থাপনায় বলা হয়, এক বছরের মধ্যে এ কাজ সম্পন্ন করা সম্ভব এবং এই সুপারিশগুলো বাস্তবায়নের মাধ্যমে এক বছরের মধ্যে দৈনিক ৩৫ থেকে ৫০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাসের উৎপাদন বাড়ানো সম্ভব।তাহলে গ্যাস-সংকট দীর্ঘায়িত হবে কেন, জানতে চাইলে জ্বালানিসচিব বলেন, দ্বিতীয় ও তৃতীয় সুপারিশ বাস্তবায়ন করতে হলে সংশ্লিষ্ট কূপের উৎপাদন বন্ধ রেখে ওই কাজ করতে হবে। কিন্তু গ্যাসের সরবরাহ ঘাটতির কারণে এখন কোনো কূপ বন্ধ রাখা সম্ভব নয়।এ সম্পর্কে ওই সমীক্ষার অন্যতম পরামর্শক মকবুল-ই-এলাহী প্রথম আলোকে বলেন, সমীক্ষার প্রথম সুপারিশটি বাস্তবায়ন করলেই গ্যাসের উৎপাদন প্রায় ১৫ কোটি ঘনফুট বাড়বে। এর ফলে পরের কাজগুলো একসঙ্গে একটি-দুটি কূপ বন্ধ করে করলেও গ্যাসের মোট উৎপাদন এখনকার চেয়ে কমবে না। আর ওই কাজের জন্য একেকটি কূপ বন্ধ রাখার প্রয়োজন হবে পাঁচ থেকে সর্বোচ্চ সাত দিন।সরকার কী করছে: বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে প্রায় আট বছর দেশে নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান বন্ধ ছিল। উৎপাদন বাড়ানোর কাজও অবহেলিত হয়েছে। ফলে চাহিদার তুলনায় প্রায় ৫০ কোটি ঘনফুট ঘাটতি নিয়েই বর্তমান সরকারের যাত্রা শুরু হয়। শুরুতেই সরকার গ্যাসের উৎপাদন দ্রুত বাড়ানোর লক্ষ্যে ‘ফাস্ট ট্র্যাক’ নামে একটি কর্মসূচি হাতে নেয়। ওই কর্মসূচির মূল অংশ—বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোতে অন্তত পাঁচটি নতুন কূপ খনন করে এক বছরের মধ্যে উৎপাদন বাড়ানো সম্ভব হয়নি। এখন ওই কর্মসূচি বাস্তবায়নের জন্য রাশিয়ার সহায়তা চাওয়া হচ্ছে।সরকারি সূত্র জানায়, রাশিয়া ১০টি নতুন কূপ খনন ও জাতীয় গ্যাস গ্রিডে দুটি কম্প্রেসর স্থাপন করার ব্যাপারে সম্মত হয়েছে। এ নিয়ে দুই দেশের মধ্যে একাধিক প্রতিনিধিদলের যাতায়াত, আলোচনা হয়েছে। এখনো রাশিয়ার একটি প্রতিনিধিদল বাংলাদেশে অবস্থান করছে। আগামী মাসে রাশিয়া ও বাংলাদেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হতে পারে। তারপর শুরু হবে কাজ।এ ছাড়া সরকার ইতিমধ্যে পুরোনো কয়েকটি কূপে সংস্কারকাজের মাধ্যমে প্রায় ৩০ কোটি ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়িয়েছে। ফেঞ্চুগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন একটি কূপ খননের কাজও শেষ পর্যায়ে। কিন্তু সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শুরুতেই তাদের বিদ্যমান ক্ষেত্রে নতুন কূপ খনন শুরু করার উদ্যোগ নিলে ভালো হতো।অনুসন্ধান কার্যক্রম: বর্তমান সরকার গ্যাসের অনুসন্ধান কার্যক্রম বাড়িয়েছে। সরকারি খাতের পাঁচটি গ্যাসক্ষেত্রে বাপেক্স ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালাচ্ছে, যার মধ্যে তিনটির মাঠপর্যায়ের কাজ শেষ পর্যায়ে। দুটি অনুসন্ধান কূপ খনন করা হয়েছে। একটি সরকারি খাতে (সুন্দলপুর), অন্যটি শেভরনের (চরকাজল)। এরপর রূপগঞ্জ, কাপাসিয়া, শ্রীকাইল, সেমুতাং, মৌলভীবাজার এবং নতুন আবিষ্কৃত সুনেত্র গ্যাসক্ষেত্রে অনুসন্ধান কূপ খননের পরিকল্পনা বাস্তবায়নের কাজ চলেছে। এসব কাজের জন্য বাপেক্সকে রিগসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি কিনে দেওয়া হয়েছে।গ্যাস অনুসন্ধানে বাপেক্সের সক্ষমতা আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এ ছাড়া দেশে কয়লার উৎপাদন বাড়ানো, সারা দেশের স্থলভাগ ও সমুদ্রবক্ষের ব্লকগুলোতে গ্যাস অনুসন্ধানের কার্যক্রম নেওয়া হয়েছে। সমুদ্রবক্ষে অনুসন্ধানের জন্য মার্কিন কোম্পানি কনোকো ফিলিপসের সঙ্গে শিগগিরই চুক্তি হবে।পূর্বানুমোদিত শিল্প: চট্টগ্রামে ৮৪টি বড় ও মাঝারি শিল্পকারখানার মালিককে কর্তৃপক্ষ চার বছর আগে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস-সংযোগের অনুমোদন দেয়। তার ভিত্তিতে এসব শিল্পকারখানায় প্রায় চার হাজার কোটি টাকা বিনিয়োগ করে যন্ত্রপাতি স্থাপনসহ উৎপাদনের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন মালিকেরা। কিন্তু এখনো গ্যাস-সংযোগ পাননি তাঁরা।প্রথম আলোর চট্টগ্রাম অফিস থেকে হামিদউল্লাহ জানান, সেখানকার আবাসিক এলাকায় ১৫ হাজার গ্রাহকের আবেদন জমা পড়ে আছে এক থেকে চার বছর পর্যন্ত। এসব আবেদনকারীর পক্ষে চাহিদাপত্র (ডিমান্ড নোট) ইস্যু করে কর্তৃপক্ষ আট কোটি টাকারও বেশি জমা নিয়েছে। রিহ্যাব চট্টগ্রাম চ্যাপ্টারের লিয়াজোঁ কমিটির আহ্বায়ক এস এম আবু সুফিয়ান প্রথম আলোকে বলেন, অনেক ফ্ল্যাট গত তিন বছরেও মালিককে বুঝিয়ে দেওয়া যায়নি। গ্যাস-সংযোগ না পাওয়ায় চট্টগ্রামের আবাসন খাতে রীতিমতো বিপর্যয় নেমে এসেছে। চট্টগ্রামের সাগরিকায় স্থাপিত ‘পলি এক্স লেবিনেইড লিমিটেড’-এর ব্যবস্থাপনা পরিচালক নাদের খান বলেন, সরকারের আশ্বাস পেয়ে ২০০৫ সালে এই শিল্পে তিনি ১০ কোটি টাকা বিনিয়োগ করেন। কিন্তু গ্যাস না পাওয়ায় শিল্প চালুই করা যায়নি। এখন তিনি আশায় আছেন সরকারি কোম্পানির পরিবর্তে বিদেশি কোম্পানির (স্যান্তোস) কাছ থেকে সরাসরি গ্যাস কেনার।বড় শিল্প গ্রুপ পিএইচপির ব্যবস্থাপনা পরিচালক মো. ইকবাল হোসেন চৌধুরী বলেন, ‘স্যান্তোসের সরবরাহ করা গ্যাস ফার্নেস তেলের তুলনায় সস্তা হয় কি না, সেটা হিসাব করে দেখব। সস্তা হলে স্যান্তোসের কাছ থেকেই সরাসরি গ্যাস নেব, দাম বেশি হলেও।’৪৭টি সিএনজি স্টেশন: ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ৪৭টি নতুন সিএনজি স্টেশন স্থাপনের অনুমোদন দিয়েছিল কর্তৃপক্ষ। কিন্তু গ্যাস-সংযোগ পায়নি একটিও। এর একটি স্টেশনের উদ্যোক্তা আবদুল্লাহ আল মামুন প্রথম আলোকে বলেন, সরকারের ১২টি প্রতিষ্ঠান থেকে অনাপত্তি সনদ নিয়ে একেকজন উদ্যোক্তা কয়েক কোটি টাকার যন্ত্রপাতি এনে ফেলে রাখতে বাধ্য হচ্ছেন। পাশাপাশি ব্যাংকঋণের সুদ গুনতে হচ্ছে। পুরো বিষয়টি জানিয়ে তাঁরা প্রধানমন্ত্রীর কাছে পর্যন্ত স্মারকলিপি দিয়েছেন।ঢাকাসহ দেশের অন্যান্য স্থানেও বেশ কিছু শিল্প ও আবাসিক প্রকল্প কর্তৃপক্ষের পূর্বানুমোদন নিয়ে স্থাপিত হয়েছে, কিন্তু গ্যাস-সংযোগ পাচ্ছে না। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে জ্বালানিসচিব বলেন, যাঁরা পূর্বানুমোদন নিয়েছেন, তাঁদের তো গ্যাস দিতেই হবে। উৎপাদন বাড়লেই তাঁরা, বিশেষ করে শিল্প-গ্রাহকেরা অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ পাবেন।