দেশে গ্যাসের যথেষ্ট মজুদ আছে। পরবর্তী অনুসন্ধানে এই মজুদের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিষয়টিও নিশ্চিত। বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলো থেকে অল্প সময় ও স্বল্প ব্যয়ে উৎপাদন বাড়ানোও সম্ভব। কিন্তু এ কাজের জন্য কার্যকর পদক্ষেপ না থাকায় বর্তমান গ্যাস সংকট দীর্ঘায়িত হচ্ছে। এই অভিমত গ্যাস খাতের বিশেষজ্ঞদের।এই খাতের বিদ্যমান অবস্থাকে ‘শোচনীয়’ হিসেবে অভিহিত করে বিশেষজ্ঞরা প্রথম আলোকে বলেন, সরকার ‘ফাস্ট ট্রাক’ কর্মসূচি নামে দুই বছরের মধ্যে অন্তত ২০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন বাড়ানোর যে কার্যক্রম হাতে নিয়েছিল, তা এখনো শুরুই হয়নি। অথচ এক বছরের বেশি সময় চলে গেছে। অবস্থা এখন এমন দাঁড়িয়েছে যে আগামী বছর গ্যাসের ঘাটতি ও সংকট আরও বাড়বে। কারণ, প্রতিবছর ৮ থেকে ১০ শতাংশ হারে চাহিদা বাড়ে। কিন্তু সেই হারে উৎপাদন বাড়ার লক্ষণ নেই।জাতীয় সংসদের অনুমিত হিসাব-সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম প্রতিবেদনেও বলা হয়েছে, পেট্রোবাংলার বর্তমান পরিকল্পনা দিয়ে গ্যাস সংকটের সমাধান সম্ভব হবে না। ফলে এই খাতের উন্নয়নে সরকারের নির্বাচনী অঙ্গীকার পূরণ না হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়েছে। এই কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গ্যাস সংকট নিরসন করতে হলে সরকারকে যুদ্ধকালীন পরিস্থিতির মতো (ওয়ার ফুটিং) কাজ করতে হবে। চেয়ারে হেলান দেওয়ারও সময় নেই।’সরকারি হিসাবে দেশে এখন গ্যাসের চাহিদা দৈনিক ২৩০ কোটি ঘনফুট। কিন্তু প্রকৃত চাহিদা প্রায় ২৫০ কোটি ঘনফুট। বর্তমানে উৎপাদিত হচ্ছে ১৯০ থেকে ২০০ কোটি ঘনফুট। অথচ উৎপাদনরত কূপগুলো থেকে উৎপাদন বাড়িয়ে, বিদ্যমান ক্ষেত্রগুলোতে মূল্যায়ন ও নতুন উৎপাদন কূপ খনন করে এবং সাময়িক বন্ধ কূপগুলো উৎপাদনে এনে এই ঘাটতি পূরণ করা সম্ভব। সঞ্চালন ও বিতরণ লাইনের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাও বেশি সময় কিংবা ব্যয়সাপেক্ষ নয়।এ সম্পর্কে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, প্রতিটি কাজের জন্যই সময় দরকার। অথচ বাড়তি গ্যাস দরকার এখনই। কিন্তু চট করে তো গ্যাস উত্তোলন বাড়ানো সম্ভব নয়। পর্যায়ক্রমে কাজগুলো করা হচ্ছে। তিতাস গ্যাসক্ষেত্রের ১৪ নম্বর কূপে উৎপাদন বাড়ানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আরও কিছু কাজ শুরু করা হয়েছে। আগামী জুন-জুলাই মাসে বাপেক্সের একটি নতুন রিগ আসছে। তখন কাজের গতি আরও বাড়ানোর পরিকল্পনাও তৈরি আছে। দীর্ঘদিন গ্যাস উত্তোলন বাড়ানোর কাজ অবহেলিত হওয়ায় বর্তমান সংকট সৃষ্টি হয়েছে।পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল-ই-ইলাহী বলেন, তিতাস ও হবিগঞ্জের মতো সমৃদ্ধ গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়াতে বেশি সময় লাগে না। এ জন্য সম্ভাব্য ব্যয়ও পেট্রোবাংলার সাধ্যের মধ্যে। বিদেশি কোম্পানিগুলো একেকটি কূপ থেকে দৈনিক ১০ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলে। সেখানে আমরা তুলি তিন-চার কোটি ঘনফুট। তিতাস-১১ ও হবিগঞ্জ-৬ নম্বর ক্ষেত্রের ‘টিউবিং’ পরিবর্তন করেই উৎপাদন বাড়ানো যায়। এভাবে বিদ্যমান উৎপাদন কূপগুলো থেকে উৎপাদন বাড়ানো খুব কঠিন বা সময়সাপেক্ষ নয়।বাপেক্সের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও ‘সার্ক রিজিওনাল এনার্জি স্টাডি’র বাংলাদেশের জাতীয় পরামর্শক জামালউদ্দিন বলেন, প্রতিবছর গ্যাসের চাহিদা বাড়ে ৮ থেকে ১০ শতাংশ। এর সঙ্গে সামঞ্জস্য রেখে উৎপাদন বাড়ানো যায়নি দীর্ঘদিন। ফলে এখন অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে যে, অতি জরুরি ভিত্তিতে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) এবং কয়লা আমদানির পদক্ষেপ নেওয়া দরকার।গ্যাস আছে: দেশে গ্যাসের সীমিত মজুদের কারণে ২০১১ সাল থেকে ব্যবহার কমানোর যে হিসাব আগে করা হয়েছিল, তা বদলে গেছে। কারণ, ইতিমধ্যে আমেরিকান কোম্পানি শেভরন পরিচালিত বিবিয়ানা ক্ষেত্র পুনর্মূল্যায়নে প্রমাণিত মজুদ বেড়েছে দুই ট্রিলিয়ন ঘনফুটেরও (টিসিএফ) বেশি। গত বুধবার এক অনুষ্ঠানে শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট স্টিভ উইলসন বলেছেন, তাঁদের পরিচালিত মৌলভীবাজার ও জালালাবাদ ক্ষেত্রেও গ্যাসের প্রমাণিত মজুদ উল্লেখযোগ্য পরিমাণে বাড়বে বলে প্রাথমিক তথ্যে তাঁরা নিশ্চিত হয়েছেন। এ ছাড়া দেশের দক্ষিণাঞ্চলে ৭ নম্বর ব্লকেও আগামী বছর পরীক্ষামূলক কূপ খনন করা হচ্ছে। সেখানেও বাণিজ্যিক ভিত্তিতে গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।তিতাস, রশীদপুর, হবিগঞ্জসহ দেশীয় ক্ষেত্রগুলোতেও গ্যাসের প্রমাণিত মজুদ বাড়বে বলে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় নিশ্চিত হয়েছে পেট্রোবাংলা। এ ব্যাপারে একেবারে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য ত্রিমাত্রিক জরিপ পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারি ও বিদেশি কোম্পানি পরিচালিত ক্ষেত্রগুলোতে এসব জরিপ সম্পন্ন হলে দেশের গ্যাস মজুদ বর্তমান প্রায় সাত টিসিএফের সঙ্গে আরও প্রায় সাত টিসিএফ যুক্ত হতে পারে বলে সূত্রগুলো জানায়। এ ছাড়া দেশের স্থলভাগে ও সমুদ্রবক্ষে আরও গ্যাস অনুসন্ধান বাকি রয়েছে। ‘ফাস্ট ট্রাক’ কর্মসূচি: বর্তমান সরকার জরুরি ভিত্তিতে অন্তত ২০ কোটি ঘনফুট গ্যাসের উৎপাদন বাড়াতে এই কর্মসূচি নিয়েছিল। এর অধীনে প্রথমে আটটি নতুন কূপ খনন, একটি পুরোনো কূপে সংস্কার (ওয়ার্কওভার) এবং কয়েকটি স্থানে অনুসন্ধানের পরিকল্পনা ছিল। কিন্তু এখন পর্যন্ত এ কাজের জন্য দরপত্র প্রক্রিয়াই শুরু করা হয়নি। গত জানুয়ারি মাসে এই প্রক্রিয়া শুরু করতে পারলেও আগামী বছর ফেব্রুয়ারি-মার্চ মাস নাগাদ গ্যাস পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন আর সম্ভব নয়।মূল্যায়ন ও উন্নয়ন কূপ: বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলোর পুনর্মূল্যায়ন ও উৎপাদন বাড়াতে পেট্রোবাংলার অধীন কোম্পানিগুলো এবং নাইকো-বাপেক্স যৌথ উদ্যোগের অধীনে মূল্যায়ন ও উন্নয়ন কূপ খনন ত্বরান্বিত করে একদিকে গ্যাসের প্রমাণিত মজুদ বাড়ানো এবং একই সঙ্গে ২০ থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস উৎপাদনও বাড়ানো সম্ভব। সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (এসজিএফসিএল) ও বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সাতটি কূপ এই কোম্পানি দুটি নিজস্ব খরচেই খনন করতে সক্ষম। রাষ্ট্রীয় অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের তিনটি কূপ খননের জন্য সরকারের অর্থসহায়তা লাগবে। বাপেক্স-নাইকোর যৌথ উদ্যোগের চারটি কূপ খননের অর্থ চুক্তি অনুযায়ী নাইকোই দেবে। অবশ্য এ জন্য নাইকোর কাছ থেকে ইতিপূর্বে নেওয়া গ্যাসের দাম পরিশোধের ব্যাপারে আদালতের যে নিষেধাজ্ঞা আছে, তা প্রত্যাহার হতে হবে। এসব কাজের পরিকল্পনা অনেক আগে করা হলেও বাস্তবায়ন প্রয়োজন অনুযায়ী গতিশীল নয়। সাময়িকভাবে বন্ধ কূপ: পেট্রোবাংলার অধীন তিনটি কোম্পানির মোট ১২টি কূপ থেকে দীর্ঘদিন ধরে গ্যাস উত্তোলন সাময়িকভাবে বন্ধ আছে। এর মধ্যে এসজিএফসিএলের চারটি, বিজিএফসিএলের পাঁচটি ও বাপেক্সের তিনটি কূপ রয়েছে। কারিগরি সমস্যা, উত্তোলিত গ্যাস থেকে পানি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকা, যে স্তর থেকে গ্যাস তোলা হচ্ছিল সেই স্তরের গ্যাস শেষ হয়ে যাওয়া প্রভৃতি কারণে এই কূপগুলো বন্ধ রয়েছে। পেট্রোবাংলা সূত্রের দাবি, এই কূপগুলো থেকে কম সময়ে ও স্বল্প ব্যয়ে উৎপাদন শুরু করে দৈনিক সর্বনিম্ন ১৫ থেকে ২৫ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলা সম্ভব। দরকার শুধু বিষয়টির প্রতি সরকারের উচ্চপর্যায়ের নজর। উপরিউক্ত কার্যক্রম এক বছরের মধ্যে সম্পন্ন করা যায়। এর ফলে যে পরিমাণ গ্যাস উৎপাদন বাড়বে, তা দিয়ে বর্তমান ঘাটতি ও আগামী এক বছরের চাহিদার প্রবৃদ্ধিও পূরণ করা সম্ভব।