গ্যাস-সংকট নিরসনে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে জ্বালানি-সংকট নিরসনে গ্যাস ওঠানোর জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। আর এসব পদক্ষেপের ফলে ২০০৯ সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত ২৭ কোটি ২০ লাখ ঘনফুট গ্যাসের উত্পাদন বেড়েছে।নতুন গ্যাসকূপ খনন করে গ্যাস উত্পাদন বাড়ানোর পাশাপাশি ৫০ কোটি ঘনফুটের সমপরিমাণ এলএনজি আমদানির প্রক্রিয়া চলছে। ২০১৩ সালের মধ্যে এ প্রক্রিয়া শেষ হবে।আজ বুধবার জাতীয় সংসদে জাতীয় পার্টির সাংসদ মুজিবুল হকের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে প্রশ্নোত্তর পর্ব টেবিলে উপস্থাপিত হওয়ায় কোনো সম্পূরক প্রশ্নের সুযোগ ছিল না। অধিবেশনের শেষ দিনে আজও প্রধান বিরোধী দল বিএনপি সংসদে যোগ দেয়নি।এ কে এম রহমতুল্লাহর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ২০০১ সালে জোট সরকার ক্ষমতায় আসার পর তাদের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন দ্রব্যমূল্য বৃদ্ধি জনজীবনকে বিপর্যস্ত করে তোলে। দেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের দারিদ্র্য-দুদর্শা ও দুর্গতি বেড়ে যায়, বেড়ে যায় বেকারত্ব এবং কমে যায় দেশি-বিদেশি বিনিয়োগ। ফলে দেশে এক ধরনের নৈরাজ্যের সৃষ্টি হয়।চারদলীয় জোট সরকারের সমালোচনা করে শেখ হাসিনা বলেন, জোট সরকারের সময় ভর্তিবাণিজ্য ও ভর্তি নিয়ে সহিংসতার ঘটনা ঘটেছিল। বর্তমান সরকার ভর্তিবাণিজ্য ও ভর্তি নিয়ে সহিংসতা বন্ধে ভর্তি প্রক্রিয়ায় তথ্যপ্রযুক্তির ব্যবহার শুরু করে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে এখন এ ধরনের অনাচার প্রায় বন্ধ হয়ে গেছে।শান্তি নিবাস ও পাবলিক বিশ্ববিদ্যালয়: সাংসদ মোয়াজ্জেম হোসেন রতনের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ছয়টি বিভাগে ছয়টি শান্তি নিবাস চালু করার জন্য সরকার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে, ফরিদপুর জেলায় ৫০ জন প্রবীণ ব্যক্তিকে নিয়ে শান্তি নিবাস আবার চালুর বিষয়টি প্রক্রিয়াধীন। অবশিষ্ট পাঁচটি শান্তি নিবাস চালু করার বিষয়ে কার্যক্রম চলছে।ইমাজ উদ্দিন প্রামাণিকের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশে পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের কার্যক্রম চলমান আছে এবং ভবিষ্যতে আরও পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপনের পরিকল্পনা সরকারের আছে।বরিশাল বিভাগীয় শহরে একটি, গোপালগঞ্জ ও রাঙামাটি জেলায় একটি করে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম চলছে।