গ্যাস-সংকটে চরম ভোগান্তি, সরবরাহ স্বাভাবিক হবে আজ
গ্যাসের সংকটে রাজধানী ঢাকা, চট্টগ্রামসহ বিভিন্ন এলাকার বাসিন্দাদের গতকাল রোববার চরম ভোগান্তি পোহাতে হয়েছে। বিবিয়ানা গ্যাসক্ষেত্রের পাইপে ত্রুটির কারণে কয়েক ঘণ্টা গ্যাস উৎপাদন ও সরবরাহ বন্ধ থাকায় এ সংকট সৃষ্টি হয়।এদিকে বিবিয়ানা গ্যাসক্ষেত্রে গতকাল দুপুর থেকেই পূর্ণক্ষমতায় উৎপাদন ও সরবরাহ শুরু হয়েছে। এতে বিকেল বা সন্ধ্যায় অনেক স্থানে গ্যাসের চাপ স্বাভাবিক হয়। তবে রাতেও কোথাও কোথাও গ্যাসের চাপ কম ছিল। আজ সোমবার এ অবস্থা কেটে গিয়ে সারা দেশে গ্যাস সরবরাহ আগের স্বাভাবিক আবস্থায় ফিরে আসবে।পেট্রোবাংলার সূত্র জানায়, চাপ কম থাকার কারণ হবিগঞ্জের মুচাই নামক স্থানের কমপ্রেশার স্টেশন চালু না হওয়া। বিবিয়ানা গ্যাসক্ষেত্রে উৎপাদন বন্ধ হওয়ার পর পাইপলাইন গ্যাসশূন্য হয়ে পড়ায় ওই স্টেশন বন্ধ করে দেওয়া হয়। এটি চালুর প্রক্রিয়া কিছুটা সময়সাপেক্ষ। এর একেকটি অংশ ভালোভাবে পরীক্ষা করে, একটি অংশের সঙ্গে অন্যান্য অংশের সমন্বয় (সিঙ্ক্রোনাইজেশন) করে চালু করতে হয়।বিবিয়ানা গ্যাসক্ষেত্র এবং ওই কমপ্রেশারটির পরিচালক, মার্কিন কোম্পানি শেভরনের নির্ভরযোগ্য সূত্র জানায়, কমপ্রেশার স্টেশন চালু করতে গতকাল সারা রাত লাগার কথা। আজ সকালে সেটি চালু হতে পারে। এটি চালু হলেই সারা দেশে গ্যাসের চাপ আগের অবস্থায় ফিরে যাবে।শেভরনের সূত্র জানায়, গত শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে বিবিয়ানা গ্যাসক্ষেত্রের ‘প্রসেস প্ল্যান্ট’র (মাটির নিচ থেকে উত্তোলিত গ্যাস থেকে ধুলা-বালি, পানি ও কনডেনসেট নামক তেল আলাদা করার যন্ত্র) ভেতরের অনেক পাইপের মধ্যে একটির ‘গ্যাসকেট’-এ ছিদ্র ধরা পড়ে। এরপর নিরাপত্তার কারণে ক্ষেত্রটি থেকে উৎপাদন ও সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে মেরামতকাজও শুরু হয়।সূত্র জানায়, শনিবার দিবাগত রাত তিনটার দিকে মেরামত পরীক্ষা করার জন্য প্রসেস প্ল্যান্টটি চালু করেও কিছু ত্রুটি দেখা যায়। আবার প্ল্যান্ট বন্ধ করে মেরামতের পর ভোর সাড়ে চারটায় চালু করা হয়। তখনো কিছু সমস্যা দেখা যাওয়ায় পুনরায় প্ল্যান্ট বন্ধ করে মেরামত করা হয়। পরে সকাল সোয়া ছয়টায় সমগ্র উৎপাদন ও সরবরাহব্যবস্থা ত্রুটিমুক্তভাবে চালু করা হয়।বিবিয়ানা ক্ষেত্র থেকে প্রতিদিন ৮৫ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন ও সরবরাহ করা হয়, যা বর্তমানে দেশে মোট সরবরাহ করা গ্যাসের প্রায় ৪০ শতাংশ। প্রায় ১২ ঘণ্টা এই ক্ষেত্রের গ্যাস সঞ্চালিত না হওয়ায় সারা দেশের সঞ্চালন ও বিতরণ পাইপলাইনে গ্যাসস্বল্পতা দেখা দেয়। কোথাও কোথাও পাইপলাইন গ্যাসশূন্য হয়ে পড়ে।এ কারণে রাজধানীর অনেক এলাকা, চট্টগ্রাম, সাভার, গাজীপুর, মির্জাপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, নরসিংদী, নারায়ণগঞ্জ এবং আরও অনেক স্থানে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। এসব এলাকার বাসিন্দাদের চরম দুর্ভোগে পড়তে হয়। বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁয় রান্নার জন্য বিকল্প ব্যবস্থা করতে হয়।গ্যাস সরবরাহ ও লাইনে গ্যাসের চাপ কমে যাওয়ায় কয়েকটি বিদ্যুৎকেন্দ্রও বন্ধ হয়ে যায়। কয়েকটি কেন্দ্রে গ্যাসস্বল্পতার কারণে উৎপাদন কমিয়ে দিতে হয়। ফলে শহরাঞ্চলে লোডশেডিং হয় এবং পানি উত্তোলনেও সমস্যা হয়। তিতাস গ্যাসের আওতাধীন জামালপুরের সরিষাবাড়ীর যমুনা সার কারখানা গ্যাসের নিম্নচাপের কারণে বন্ধ হয়ে যায়।সন্ধ্যায় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নওশাদ আহমেদ প্রথম আলোকে বলেন, সমগ্র বিতরণব্যবস্থার পাইপলাইনে গ্যাস এসেছে। তবে স্বাভাবিকের চেয়ে চাপ কিছু কম আছে। এ কারণে কোনো কোনো এলাকায় রান্নার চুলায় চাপ কম থাকতে পারে।চট্টগ্রাম অফিস জানায়, গতকাল সকাল আটটা থেকে চট্টগ্রাম নগরের বেশির ভাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। অনেকে কাঠ ও কেরোসিন তেলের চুলা জ্বালিয়ে রান্না করেন। খাবারের জন্য মানুষকে হোটেল-রেস্তোরাঁয় ভিড় করতে দেখা যায়। অনেক এলাকায় বিদ্যুৎ ও পানির সমস্যাও দেখা দেয়।