গ্যাস সংকটে ঢাকা
দৃশ্য ১: সকাল ১০টা। হাতিরপুলের একটি বাসা। মিটমিট করে জ্বলছে গ্যাসের চুলা। গৃহকর্ত্রী সাজিয়া ডালসহ প্রেসারকুকারটি চুলায় দিলেন। এক মাস ধরে এ বাসায় গ্যাস সংকট চলছে। তাই ভাবলেন, রান্না হতে তো বেশ সময় লাগবে। ব্যস্ত হয়ে পড়লেন সাংসারের অন্য কাজে। কিছুক্ষণ পর পোড়া গন্ধ নাকে এল। গিয়ে দেখলেন, যা হওয়ার হয়ে গেছে। ডাল তো পুড়েছেই, সঙ্গে প্রেসারকুকারের হাতলও। বুঝতে পারলেন আসল ঘটনা। হঠাত্ করে গ্যাসের চাপ বেড়ে যাওয়ায় এমনটি হয়েছে। ঠিক কোন সময় পুরোপুরি গ্যাস পাওয়া যাবে তা বোঝা যাচ্ছে না। পরিস্থিতি এমন যে, সারাক্ষণ চুলার সামনে বসে থাকা দরকার। সব কাজ ফেলে তা কি সম্ভব?দৃশ্য ২ : ঠিক উল্টো ঘটনা ঘটেছে ধানমন্ডির একটি ফ্ল্যাটে। চুলায় ভাত উঠিয়ে গৃহকর্তা বসেন কম্পিউটারের সামনে। বেমালুম ভুলে গেলেন ভাতের কথা। ঘণ্টা দুয়েক পর হুঁশ হলো। রান্নাঘরে গিয়ে তো অবাক। ভাত পুড়ে যায়নি। মৃদুভাবে গ্যাস আসায় ভাত হতে এত দেরি হয়েছে।গ্যাস সংকটের কারণে রাজধানীবাসীকে এমন বিপাকে পড়তে হচ্ছে। বিশেষ করে মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলীর আদাবর ও বাসাবোতে। অভিজাত এলাকা গুলশান-বনানীতেও এ সংকট দেখা দিয়েছে। শুধু বাসাবাড়িতে নয়, হল-হোস্টেলেও এ সমস্যা দেখা দিয়েছে।প্রায় ১৫ দিন বন্ধ ছিল ঢাকা কলেজের ক্যান্টিনের খাবার রান্না। চরম বিপাকে পড়েছিল ছাত্ররা। নিজেরা রান্না করে খাবে, তারও কোনো উপায় নেই। কেননা, সারা দিন গ্যাস আসত না। ঢাকা কলেজের ছাত্র রাজু জানান, পাঁচ দিন ধরে স্বাভাবিকভাবে গ্যাস এলেও কখন যে বন্ধ হবে কে জানে। অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছি।কর্মজীবী নারী জাহানী ইসরাত। থাকেন শ্যামলীর আদাবরে। তিনি জানান, প্রয়োজনের সময় গ্যাস থাকে না। সকাল ৯টার মধ্যে অফিসে যেতে হয়। ভোরে উঠে পরিবারের সবার জন্য রান্না করতে হয়। অফিস থেকে ফেরার পর গ্যাস পাই না। এ এলাকায় সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত গ্যাস থাকে না। ঘুম থেকে উঠতে দেরি হলে সেদিন বাইরের খাবার খেতে হয়। কিন্তু এভাবে কতদিন?এমন দুর্বিষহ জীবনযাপনের কথা স্বীকার করলেন মোহাম্মদপুর এলাকার বাসিন্দা পারভীন আখতার। ‘বাসায় কয়েকজন আত্মীয়কে দাওয়াত করেছিলাম। সকালের নাশতা, দুপুরের খাবার এমনকি বিকালের চা পর্যন্ত করে রেখেছি। গ্যাসের সংকটের কারণে এত ঝামেলায় পড়তে হচ্ছে।’এমন সংকটাপন্ন অবস্থায় পড়েছেন গুলশান-বনানী এলাকার বাসিন্দারাও। ‘শীতের সময়টাতে গরম পানি বেশি প্রয়োজন। গ্যাস না হলেই চলে না। সকালে সবার তাড়া থাকে। গোসল ও খাওয়ায় গরম পানি লাগে। অন্যদিকে, সারা দিনের রান্নাও তখন সেরে ফেলতে হয়। গ্যাস সংকটের কারণে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। কোন দিকে যাব, কোন কাজটা আগে করব বুঝে উঠতে পারি না। ছোটাছুটি করে কাজ করার কারণে গৃহপরিচারিকার মেজাজও ভালো থাকে না। পরিবারে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে,’ বললেন বনানীর বাসিন্দা ইয়াসমিন।গ্যাস সংকটের কারণ কী, কবে দূর হবে এমন সংকটময় পরিস্থিতি—এটাই এখন সবার প্রশ্ন। এ বিষয়ে কথা হয় তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) খালিদ হাসানের সঙ্গে। তিনি জানান, সারা বছরই চাহিদার তুলনায় ঘাটতি থাকে। শীতকালে এ চাহিদা আরও বেড়ে যায়। ফলে এ সংকট দেখা দিয়েছে। এ সমস্যা সমাধানের জন্য গ্যাসের উত্পাদন বাড়াতে হবে। পাশাপাশি ট্রান্সমিশন ক্ষমতা ও পাইপলাইন বাড়াতে হবে, তবেই গ্যাসের চাপ বৃদ্ধি পাবে। সে লক্ষ্যে এলেঙ্গা, আশুগঞ্জ ও বিবিয়ানার মুচাইয়ে কম্প্রেসার বসানো হবে। তাহলে এ সংকট আর থাকবে না। আশা করছি, দ্রুত এ সমস্যা সমাধান হবে। এ ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন জনসচেতনতা। সবাইকে গ্যাস ব্যবহারে মিতব্যয়ী হতে হবে। এর মূল্য বুঝতে হবে। অযথা চুলা জ্বালিয়ে রাখা উচিত নয়। কাজ শেষ হলেই চুলা নিভিয়ে ফেলুন। এটি জাতীয় সম্পদ। তাই একে রক্ষার দায়িত্ব সবার।