ঢাকার রাজাবাজারের একটি পরিবারকে কয়েক দিন ধরে সকালে চায়ের পানি গরম করতে হচ্ছে বিদ্যুৎ-চালিত রাইস কুকারে। কারণ, চুলায় গ্যাস থাকে না। দুপুর কিংবা রাতের খাবারও গ্যাসের চুলায় রান্না করতে পারছে না পরিবারটি।নয়াপল্টনের একটি পরিবারের চুলা জ্বলে টিমটিম করে। তা-ও দুপুর গড়িয়ে যাওয়ার পর। তখন চুলায় সামান্য কিছু ভাজাভাজি করা হয়। রাইস কুকারে হয় ভাত। মাছ-মাংস হোটেল থেকে কিনে এনে খাওয়ার পর্ব সারা হচ্ছে।দনিয়ায় চুলায় গ্যাস আসে দুপুরের পর। এমন অবস্থা চলছে ঢাকার বেশ কিছু এলাকায়। এই সংকট কেবল ঢাকার এসব এলাকার আবাসিক গ্রাহকের নয়, দেশের যেসব এলাকায় পাইপলাইনে গ্যাস সরবরাহের ব্যবস্থা আছে, সংকট কম-বেশি তার সবখানেই। এই সমস্যা চলছে শিল্প-বাণিজ্য, সার কারখানা, বিদ্যুৎকেন্দ্রেও। তবে গ্যাস-সংকটের কারণে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন আবাসিক গ্রাহকেরা।গ্যাস-সংকটের কারণে অনেক সময় আশপাশের হোটেল-রেস্তোরাঁয়ও সময়মতো খাবার পাওয়া যায় না। অনেক হোটেল অবশ্য এখন এলপি গ্যাস ব্যবহার করছে।সরকারি সূত্রগুলো জানায়, গ্যাসের চাহিদার তুলনায় উৎপাদনের ঘাটতি অনেক দিনের। তীব্র শীত শুরু হওয়ায় গ্যাসের চাহিদা আরও বেড়েছে। সর্বোপরি সার ও বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাস সরবরাহ বাড়াতে হচ্ছে। এ ছাড়া শীতে গ্যাসের পাইপলাইনে কনডেনসেট (গ্যাসের সঙ্গে থাকা তরল জ্বালানি) জমেও সরবরাহ কিছুটা বিঘ্নিত হয়। এসব মিলে সংকট তীব্র হয়েছে।ঢাকার কামরাঙ্গীরচর থেকে উত্তরা, বছিলা থেকে মাদারটেক পর্যন্ত কম-বেশি গ্যাস-সংকট ছড়িয়ে পড়েছে। ঢাকা ও এর আশপাশের শিল্পকারখানা-বাণিজ্যিক প্রতিষ্ঠানও গ্যাস-সংকটে আক্রান্ত। জানতে চাইলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক আবদুল আজিজ খান প্রথম আলোকে বলেন, চাহিদার তুলনায় সরবরাহ আগে থেকেই কম ছিল। সার কারখানায় সরবরাহ শুরু করার পর সংকট আরও একটু বেড়েছিল। এরপর চাঁদপুর বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ শুরু করায় পুরো বিতরণব্যবস্থাই সংকটে পড়ে। এখন শীতের কারণে আরও ১০ থেকে ১২ শতাংশ চাহিদা বেড়েছে।তিতাস গ্যাস সূত্র জানায়, তাদের কোম্পানির আওতাধীন এলাকায় গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ১৭০ কোটি ঘনফুট। বিপরীতে সরবরাহ ১৫০ কোটি ঘনফুটের মতো। এই ২০ কোটি ঘনফুট ঘাটতি অনেক দিন ধরেই চলছে। এখন শীতের কারণে চাহিদা বেড়েছে আরও প্রায় ২০ কোটি ঘনফুট। ফলে ঘাটতি হয়েছে প্রায় ৪০ কোটি ঘনফুট।সূত্রগুলো জানায়, শীতের প্রকোপ যত বাড়ে, পানির তাপমাত্রাও তত কমে। এ কারণে গ্রীষ্মকালে ভাত রান্না করতে যত সময় লাগে, এখন লাগছে তার চেয়ে বেশি। শীতে গোসলের পাশাপাশি খাওয়ার পানিও গরম করতে হয়। শিল্পে বয়লারের তাপমাত্রা নির্ধারিত পর্যায়ে ওঠাতেও সময় বেশি লাগছে। অর্থাৎ, গ্যাসের ব্যবহার বেশি হচ্ছে।এ ছাড়া গ্যাসের পাইপলাইন যেখানে মাটির ওপরে, সেখানে কনডেনসেট জমে সরবরাহ কিছুটা হলেও শীতকালে বিঘ্নিত হয়। তাই শীত কমলে সংকটও কমবে।বর্তমানে দেশে গ্যাসের দৈনিক চাহিদা প্রায় ২৯০ কোটি ঘনফুট। উৎপাদিত হচ্ছে ২২০ কোটি ঘনফুটের কিছু বেশি। বর্তমান সরকারের আমলে গ্যাসের উৎপাদন বেড়েছে প্রায় ৫০ কোটি ঘনফুট। কিন্তু আগের ঘাটতি, ক্রমাগত চাহিদা বৃদ্ধি এবং সব ক্ষেত্রে ব্যাপক অপচয়ের কারণে চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য আনা যাচ্ছে না।