গ্যাস-সংকটে ভয়াবহ সময় অতিক্রম করছে বস্ত্র খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তীব্র গ্যাস-সংকট নিয়ে বস্ত্র খাতের উৎপাদক ও রপ্তানিকারকদের তিনটি সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তারা এই সংকট নিরসনে অবিলম্বে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।গতকাল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন (বিটিএমএ), বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) নেতারা এক যৌথ বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেছেন।বিকেএমইএ কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে বিটিএমএর সভাপতি আবদুল হাই সরকার, বিজিএমইএর সভাপতি আব্দুস সালাম মুর্শেদী ও বিকেএমইএর সভাপতি ফজলুল হক এক যৌথ বিবৃতিতে বলেন, সাম্প্রতিককালে গ্যাসের তীব্র সংকট এবং এর সরবরাহের অপ্রতুলতায় বাংলাদেশের বৃহত্তম রপ্তানি খাত বস্ত্র ও তৈরি পোশাকশিল্প এক ভয়াবহ সময় অতিক্রান্ত করছে।বিবৃতিতে বলা হয়, ‘ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, আশুলিয়া ও সাভারের বেশ কিছু অঞ্চলে গ্যাস-সংকটের তীব্রতার কারণে রপ্তানিমুখী অনেক প্রতিষ্ঠানের স্বাভাবিক উত্পাদন কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এর কারণে বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।’যৌথ বিবৃতিতে বস্ত্র ও পোশাক খাতের নেতারা আরও বলেন, তৈরি পোশাক খাতের প্রয়োজনীয় ৯০ শতাংশ সুতা এবং নিট-শিল্পের ৯৭ শতাংশ কাপড়ই স্থানীয় কারখানাগুলোতে উৎপাদিত হয়। এসব কারখানায় উত্পাদনপ্রক্রিয়া সম্পন্ন করতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের প্রয়োজন হয়। কোনো কারণে এই প্রক্রিয়ায় বাধা পড়লে সুতা ও কাপড়ের গুণগত মান ধরে রাখা সম্ভব হয় না। নেতারা উদ্বেগ প্রকাশ করে বলেন, অপ্রতুল গ্যাস সরবরাহ ও সংকটের কারণে কারখানাগুলোতে সুতা ও কাপড় উৎপাদন প্রায় অর্ধেকে নেমে এসেছে এবং বেশ কিছু শিল্প-প্রতিষ্ঠান কয়েক দিন ধরে কার্যত বন্ধ রয়েছে, যা এই খাতকে বড় ধরনের হুমকির মুখে ঠেলে দিয়েছে।যৌথ বিবৃতিতে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, চলমান এ সংকটের দ্রুত সমাধান করা না গেলে আরও কয়েক শ কারখানা শিগগিরই নিশ্চিতভাবে বন্ধ হয়ে এই খাতকে ধ্বংসের সম্মুখীন করবে। ফলে এই খাতের লাখ লাখ শ্রমিক বেকার হয়ে পড়বে।যৌথ বিবৃতিতে বলা হয়, যত দ্রুত সম্ভব গ্যাসের ব্যবস্থাপনাগত মানের উন্নতি ঘটাতে না পারলে, চলমান বৈশ্বিক মন্দাবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের রপ্তানি খাতগুলোর প্রচেষ্টা ভীষণভাবে ব্যাহত হবে। তাই শ্রমঘন রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ বাড়ানোই হবে এ সময়ের প্রেক্ষাপটে বাস্তবসম্মত পদক্ষেপ।বিবৃতিতে জানানো হয়, গ্যাস-সংকট নিয়ে বেশ কিছুদিন ধরে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, অধিদপ্তর, পেট্রোবাংলা এবং তিতাস গ্যাসের সঙ্গে দফায় দফায় আলোচনা করা হলেও সংকট উত্তরণে কার্যকর কোনো পদক্ষেপ এখনো নেওয়া হয়নি। এর ফলে রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানগুলোর বিরাট অঙ্কের বিনিয়োগ অনিশ্চিত ভবিষ্যতের মুখে পড়েছে।এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে রপ্তানিমুখী শিল্প-প্রতিষ্ঠানগুলোর উৎপাদন কার্যক্রম যাতে ব্যাহত না হয়, তা নিশ্চিত করার জন্য বিবৃতির মাধ্যমে নেতারা সরকারের কাছে জোর দাবি জানান।