গ্যাস-সংকটের কারণ, উৎপাদন বাড়ানোর কাজে ধীরগতি
ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলমান গ্যাস-সংকট দীর্ঘায়িত হওয়ার কারণ বিদ্যমান গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন বাড়ানোর পরিকল্পনা বাস্তবায়নে ধীরগতি। বর্তমানে চাহিদা ও সরবরাহের মধ্যে ব্যবধান প্রায় ৫০ কোটি ঘনফুট।সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সূত্র জানায়, দেশে বর্তমানে গ্যাসের প্রকৃত চাহিদা দৈনিক প্রায় ২৫০ কোটি ঘনফুট। এর উৎপাদনক্ষমতা সর্বোচ্চ প্রায় ২১০ কোটি ঘনফুট। কিন্তু সঞ্চালন ও বিতরণব্যবস্থার সীমাবদ্ধতার কারণে উত্তোলন করা হচ্ছে ২০০ কোটি ঘনফুটেরও কম। অথচ কম খরচে বর্তমানে উৎপাদনরত কূপগুলো থেকে উত্পাদন বাড়িয়ে, বিদ্যমান ক্ষেত্রগুলোতে মূল্যায়ন ও উৎপাদন কূপ বাড়িয়ে এবং সাময়িক বন্ধ কূপগুলোকে উৎপাদনে এনে এ ঘাটতি পূরণ করা সম্ভব। সঞ্চালন ও বিতরণ লাইনের সীমাবদ্ধতা কাটিয়ে ওঠাও বেশি সময় কিংবা ব্যয়সাপেক্ষ নয়।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, এ কাজগুলো পর্যায়ক্রমে করা হচ্ছে। তিতাস গ্যাসক্ষেত্রের ১৪ নম্বর কূপে উৎপাদন বাড়ানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী আরও কিছু কাজ শুরু করা হয়েছে। এর প্রতিটি কাজের জন্যই সময় দরকার। অথচ বাড়তি গ্যাস দরকার এখনই। কিন্তু চট করে তো গ্যাস উত্তোলন বাড়ানো সম্ভব নয়।তবে পেট্রোবাংলার সাবেক পরিচালক মকবুল-ই-ইলাহী বলেন, তিতাস ও হবিগঞ্জের মতো সমৃদ্ধ গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন বাড়াতে বেশি সময় লাগে না। এ জন্য সম্ভাব্য ব্যয়ও পেট্রোবাংলার সাধ্যের মধ্যেই। বিদেশি কোম্পানিগুলো বাঙ্গুরার মতো ক্ষুদ্র গ্যাসক্ষেত্রের একটি কূপ থেকে দৈনিক পাঁচ কোটি ঘনফুট এবং বিবিয়ানা ক্ষেত্রের একটি কূপ থেকে দৈনিক ১২ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলে। সেখানে আমাদের ওই সব ক্ষেত্র থেকে কেন তিন-চার কোটি ঘনফুট তুলতে হবে। তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে সরকারকে গ্যাস উত্তোলন বাড়ানোর সার্বিক উদ্যোগ নিতে হবে। সংকট নিরসনে রেশনিং কোনো সমাধান নয়।উৎপাদনরত কূপ: জানা যায়, দেশে কর্মরত বিদেশি কোম্পানিগুলোর পরিচালিত ক্ষেত্রের প্রতিটি কূপ থেকে দৈনিক পাঁচ থেকে ১০ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়। আর পেট্রোবাংলার অধীন কোম্পানিগুলোর প্রতিটি কূপ থেকে দৈনিক গ্যাস তোলা হয় তিন থেকে পাঁচ কোটি ঘনফুট। পেট্রোবাংলার সূত্র জানায়, একটি বিশেষজ্ঞ দলের মাধ্যমে এর কারণ খুঁজে দেখে দেশীয় কোম্পানিগুলোর প্রতিটি কূপ থেকে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া দরকার। এ জন্য সর্বোচ্চ ছয় সপ্তাহ সময় এবং এক লাখ মার্কিন ডলার ব্যয় হতে পারে। তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্রের বিদ্যমান ১৩টি কূপ থেকে উত্পাদন বাড়ানো যেতে পারে দৈনিক প্রায় ২০ কোটি ঘনফুট। এ জন্য তিন কোটি ডলারের মতো ব্যয় হতে পারে।সূত্র জানায়, সামগ্রিক বিবেচনায় এই সময় ও ব্যয় বেশি নয় এবং পেট্রোবাংলাই এ ব্যয় বহন করতে পারে। এটা করা হলে স্বল্প সময়ে গ্যাস উত্তোলন অনেকটা বাড়ানো সম্ভব।মূল্যায়ন ও উন্নয়ন কূপ: পেট্রোবাংলা সূত্র জানায়, সব গ্যাসক্ষেত্রের পুনর্মূল্যায়ন এবং উত্পাদন বাড়ানোর জন্য পেট্রোবাংলার অধীন কোম্পানিগুলো ও নাইকো-বাপেক্সের যৌথ উদ্যোগের অধীনে মূল্যায়ন ও উন্নয়ন কূপ খনন জরুরি হয়ে পড়েছে। এ কার্যক্রমের মাধ্যমে একদিকে যেমন দেশে গ্যাসের প্রমাণিত মজুদ বাড়বে, তেমনি ২০ থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস উত্পাদনও বাড়বে। এ কাজের জন্য প্রায় ১৫ কোটি ডলার প্রয়োজন। এর মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেড (এসজিএফসিএল) ও বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের (বিজিএফসিএল) সাতটি কূপ এই কোম্পানি দুটি নিজস্ব খরচেই খনন করতে সক্ষম। রাষ্ট্রীয় অনুসন্ধান ও উত্তোলন কোম্পানি বাপেক্সের তিনটি কূপ খননের জন্য সরকারের অর্থসহায়তা লাগবে। বাপেক্স-নাইকোর যৌথ উদ্যোগের চারটি কূপ খননের অর্থ চুক্তি অনুযায়ী নাইকোই দেবে। অবশ্য এ জন্য নাইকোর কাছ থেকে এর আগে নেওয়া গ্যাসের দাম পরিশোধের ব্যাপারে আদালতের যে নিষেধাজ্ঞা রয়েছে, তা প্রত্যাহার হতে হবে।এসব কাজের পরিকল্পনা অনেক আগে করা হলেও বাস্তবায়নের প্রক্রিয়া প্রয়োজন অনুযায়ী গতিশীল নয়। এগুলোর বাস্তবায়নের প্রক্রিয়া গতিশীল করেও অপেক্ষাকৃত কম সময়ে ও কম ব্যয়ে গ্যাসের উত্পাদন বাড়ানো সম্ভব।সাময়িকভাবে বন্ধ কূপ: পেট্রোবাংলার অধীন তিনটি কোম্পানির মোট ১২টি কূপ থেকে দীর্ঘ দিন ধরে গ্যাস উত্তোলন সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এগুলোর মধ্যে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানির চারটি, বিজিএফসিএলের পাঁচটি এবং বাপেক্সের তিনটি কূপ রয়েছে। কারিগরি সমস্যা, উত্তোলিত গ্যাস থেকে পানি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা না থাকা, যে স্তর থেকে গ্যাস তোলা হচ্ছিল সেই স্তরের গ্যাস শেষ হয়ে যাওয়া প্রভৃতি কারণে এ কূপগুলো বন্ধ রয়েছে।পেট্রোবাংলা সূত্রের দাবি, কূপগুলো থেকে কম সময়ে ও স্বল্প ব্যয়ে উত্পাদন শুরু করে দৈনিক সর্বনিম্ন ১৫ থেকে ২৫ কোটি ঘনফুট পর্যন্ত গ্যাস তোলা সম্ভব। দরকার শুধু বিষয়টির প্রতি সরকারের উচ্চপর্যায়ের নজর। উপরিউক্ত কার্যক্রম এক বছরের মধ্যে সম্পন্ন করা যায়। এর ফলে যে পরিমাণ গ্যাসের উত্পাদন বাড়বে, তা দিয়ে বর্তমান ঘাটতি ও আগামী এক বছরের চাহিদার প্রবৃদ্ধিও পূরণ করা সম্ভব।এসব বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, যেসব কাজের পরিকল্পনা করা রয়েছে, সেগুলো করা হচ্ছে। এগুলো এমনিতেই সময়সাপেক্ষ কাজ। এর ওপর নানা সীমাবদ্ধতার কারণেও বিলম্ব হয়। যেমন, আমাদের একমাত্র রিগ এখন কাজ করছে হরিপুর গ্যাসক্ষেত্রে। সেখানে ৭ নম্বর কূপের কাজ শেষ হলে এক কোটি ঘনফুট পর্যন্ত উত্পাদন বাড়তে পারে। এরপর রিগটি যাবে সেমুতাং ক্ষেত্রে। সেখানে কাজ শেষে যাবে সালদা নদী গ্যাসক্ষেত্রে। এরপর মেঘনায়। তিনি বলেন, নতুন যে দুটি রিগ কেনা হচ্ছে তার একটি আগামী এপ্রিল-মে মাসে পাওয়া যাবে। সেটি লাগানো হবে নতুন কোনো ক্ষেত্রে অনুসন্ধানের কাজে। দ্বিতীয়টি আসার পর কাজের গতি বাড়ানো যাবে।প্রসঙ্গত, সরকার স্থলভাগে নতুন যে পাঁচটি স্থানে গ্যাস অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে, সেগুলো হলো কুমিল্লার শ্রীকাইল ও সুন্দলপুর, গাজীপুরের কাপাসিয়া, পাবনার মোবারকপুর ও নেত্রকোনা। চলতি বছরের শেষ ভাগে এগুলোর অন্তত একটিতে অনুসন্ধান শুরু করবে বাপেক্স।ttpa