গ্যাস-সংযোগে অপেক্ষমাণ গ্রাহকদের অগ্রাধিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক গ্রাহকদের নতুন গ্যাস-সংযোগের ক্ষেত্রে আগে সংযোগ পাবেন অপেক্ষমাণ বৈধ গ্রাহকেরা। ২০১০ সালের ১৩ জুলাই সংযোগ বন্ধের আগেই যাঁদের নামে চাহিদাপত্র তৈরি হয়েছিল এবং বন্ধ হওয়ার পারও যাঁরা কোনোভাবে সংযোগ নেওয়ার চেষ্টা করেননি, তাঁরাই এই শ্রেণীর মধ্যে পড়বেন। যেসব গ্রাহক সংযোগ বন্ধ থাকাকালে কোনো না কোনোভাবে সংযোগ নিয়েছেন এবং নিয়মিত বিল পরিশোধ করেছেন, তাঁদের সংযোগ বৈধ করার প্রক্রিয়া শুরু করা হবে এরপর। এই প্রক্রিয়ায় গ্রাহককে সংশ্লিষ্ট বিপণন কোম্পানির আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক বরাবর ৩০ মের মধ্যে আবেদন করতে হবে।ওই আবেদনে গ্রাহকের নাম, ঠিকানা, জাতীয় পরিচয়পত্রের নম্বর, টেলিফোন নম্বর, গ্যাস-সংযোগস্থলের (বাড়ির) ঠিকানা, সংযোগ পাওয়া বা চুলার সংখ্যা বৃদ্ধির তারিখ, চাহিদাপত্রের অর্থ জমাদানের তারিখ (প্রযোজ্য ক্ষেত্রে), গ্রাহক সংকেত নম্বর (যদি থাকে), মোট চুলার সংখ্যা, বৈধ ও অবৈধ চুলার সংখ্যা, অন্যান্য গ্যাস সরঞ্জামের বর্ণনা (যদি থাকে), অবৈধ চুলার বিপরীতে বিল পরিশোধ করে থাকলে সংশ্লিষ্ট ব্যাংক ও শাখার নাম এবং প্রদত্ত বিলের কপি সংযুক্ত করতে হবে।এসব আবেদন পাওয়ার পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সংশ্লিষ্ট গ্রাহককে আইন অনুযায়ী জরিমানা করা হবে। এরপর তাঁদের সংযোগ বৈধ করা হবে।এ ছাড়া একেবারে নতুন সংযোগের বিষয়ে সভায় বলা হয়েছে, যেখানে বিতরণ লাইন বিদ্যমান আছে, সেখানে নতুন সংযোগ নেওয়া বা চুলার সংখ্যা বাড়ানোর জন্য সংযোগপ্রত্যাশীদের প্রচলিত নিয়মানুযায়ী সংশ্লিষ্ট বিতরণ কোম্পানির আঞ্চলিক বিক্রয় কার্যালয়ে আবেদন করতে হবে। গত সোমবার দুপুরে পেট্রোবাংলায় অনুষ্ঠিত এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুরের সভাপতিত্বে সভায় বিপণন কোম্পানিগুলোর ব্যবস্থাপনা পরিচালকেরা উপস্থিত ছিলেন।মন্ত্রণালয় কমিটি করেছে: দীর্ঘ প্রায় তিন বছর পর ৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবাসিক গ্রাহকদের জন্য নতুন গ্যাস-সংযোগ চালুর নির্দেশ দেন। এর পরদিনই মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ গ্যাস-সংযোগের কার্যক্রম পরিবীক্ষণ করার জন্য জ্বালানি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) গোলাম মোস্তফাকে আহ্বায়ক করে নয় সদস্যের একটি কমিটি গঠন করে। কাল বৃহস্পতিবার তিতাস গ্যাস কোম্পানির সভাকক্ষে ওই কমিটির প্রথম বৈঠক ডাকা হয়েছে। এ বৈঠকের ব্যাপারে পেট্রোবাংলা এবং বিপণন কোম্পানিগুলোর প্রধানদের অবহিত করা হয়নি বলে জানা গেছে। তা ছাড়া এই কমিটির ব্যাপারে পেট্রোবাংলা কিছুটা বিরক্ত। কারণ, বিপণন কোম্পানিগুলো সঠিকভাবে সংযোগ দিচ্ছে কি না, তা দেখার জন্য তো পেট্রোবাংলাই রয়েছে। সে ক্ষেত্রে এ ধরনের কমিটি অপ্রয়োজনীয় বলে পেট্রোবাংলা মনে করে।