গ্যাস-সংযোগের জন্য প্রতীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে বাসাবাড়িতে গ্যাস-সংযোগ ও চুলা বাড়ানোর জন্য ১৫ হাজার গ্রাহকের আবেদন জমা আছে। সেই সঙ্গে পড়ে আছে তাঁদের প্রায় সাড়ে আট কোটি টাকা। ২০০৭ সালের শেষের দিক থেকে গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত এসব আবেদন জমা পড়ে। সরকার ২০০৯ সালের অক্টোবরে সিলেট ছাড়া সারা দেশে আনুষ্ঠানিকভাবে গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেয়।জানা গেছে, জমা পড়া ১৫ হাজারের মধ্যে ১২ হাজার নতুন সংযোগের এবং তিন হাজার চুলার সংখ্যা বাড়ানোর আবেদন। নতুন সংযোগের আবেদনকারীরা সাত কোটি ৩০ লাখ টাকা এবং চুলা বাড়ানোর আবেদনকারীরা এক কোটি ২০ লাখ টাকা জমা দেন কর্ণফুলী গ্যাস ডিস্টিবিউশন কোম্পানিতে (কেজিডিসিএল)। কিন্তু সরকার বাসাবাড়িতে গ্যাস-সংযোগ বন্ধের সিদ্ধান্ত নেওয়ায় বিপাকে পড়েন এসব গ্রাহক। তাঁদের জমা টাকা কবে ফেরত দেওয়া হবে বা আদৌ দেওয়া হবে কি না, কিছুই বুঝতে পারছেন না তাঁরা।কেজিডিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সানোয়ার হোসেন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘আবাসিক গ্যাস-সংযোগ সম্পর্কে সরকার যেভাবে সিদ্ধান্ত দেবে আমরা সেভাবে কাজ করব। তার আগ পর্যন্ত কোনো সিদ্ধান্ত দিতে পারছি না।’তবে নাম প্রকাশে অনিচ্ছুক কেজিডিসিএলের শীর্ষস্থানীয় একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যাঁরা আবেদন করে ইতিমধ্যে চাহিদাপত্র জমা দিয়েছেন, তাঁদের ব্যাপারে সরকারি সিদ্ধান্ত কিছুটা শিথিল হতে পারে। বিষয়টি তাঁরা আন্তরিকতার সঙ্গে বিবেচনার চেষ্টা করছেন।জানা গেছে, ২০১০ সালের এপ্রিলে পেট্রোবাংলার অঙ্গপ্রতিষ্ঠান বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড (বিজিএসএল) ভেঙে কেজিডিসিএল করা হয়। ওই বছরের ৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেজিডিসিএলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এর পাঁচ দিন পর ১৩ সেপ্টেম্বর পেট্রোবাংলা এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে বাসাবাড়িতে গ্যাস-সংযোগ বন্ধ রাখার নির্দেশ দেয়। ফলে দ্রুত সংযোগ পাওয়ার জন্য চট্টগ্রামের মানুষ কর্ণফুলী গ্যাস কোম্পানি গঠনের আন্দোলন করলেও এর সুফল তারা পায়নি। চট্টগ্রাম গ্রাহক পরিষদের সাংগঠনিক সম্পাদক আবুল বশর বলেন, সরকার চট্টগ্রামে গ্যাস-সংযোগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেও সিলেটে তা অব্যাহত রেখেছে। একই মন্ত্রণালয়ের অধীনে দ্বৈতনীতি দুর্ভাগ্যজনক। অবিলম্বে সরকার চট্টগ্রামে আবাসিক সংযোগ শুরু না করলে রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করে আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।নগরের সাগরিকা রোডের বাসিন্দা সাবের আহমদ প্রথম আলোকে বলেন, ‘পৈতৃক বাড়িতে গ্যাসের সংযোগ নিতে ২০০৮ সালের শুরুতে আবেদন করি (ক্রমিক নম্বর ৫২১৩১)। একটি চুলার জন্য ৬২ হাজার টাকা জমাও দিয়েছি। এর পর থেকে গ্যাস কর্তৃপক্ষ টালবাহানা শুরু করে। তারা কখনো আশ্বাস দেয়, কখনো ধমক দেয়। এ অবস্থায় বাধ্য হয়ে লাকড়ির চুলা ব্যবহার করছি।’পূর্ব ষোলশহর ওমর আলী মাতবর সড়কের আবুল মাসুম বলেন, ‘২০০৮ সালে গ্যাস-সংযোগের জন্য আবেদন করি। চাহিদাপত্র অনুযায়ী ১১ হাজার টাকা পরিশোধও করি। কিন্তু তিন বছরের প্রতীক্ষার পরও গ্যাস-সংযোগ পাইনি। এখন একতলা বাড়িতে কাঠের চুলায় রান্নাবান্নার কাজ চলছে।’ পশ্চিম বাকলিয়া শাহ আমানত আবাসিক এলাকার আজিজুল হক চৌধুরী বলেন, ‘প্রায় দুই বছর আগে গ্যাসের চুলার জন্য আবেদন করেছিলাম (ক্রমিক নম্বর ৪২৪৩৮)। রাস্তা কাটার জন্য সিটি করপোরেশন থেকে অনুমতিও নিয়েছিলাম। এ জন্য গ্যাস কর্তৃপক্ষ ও সিটি করপোরেশনকে অর্থ পরিশোধ করতে হয়েছে। কিন্তু গ্যাসের সংযোগ আর পাইনি। সংযোগ যে পাব, সেই বিশ্বাসও যেন হারিয়ে ফেলছি।’ কেজিডিসিএল ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি ইকরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রধানমন্ত্রী উদ্বোধন করার পাঁচ দিন পর কেজিডিসিএলের সব ধরনের সংযোগ বন্ধ করা চট্টগ্রামের জন্য নেতিবাচক সিদ্ধান্ত। চট্টগ্রামের মানুষ দ্রুত সংযোগ পেতে আলাদা গ্যাস কোম্পানি করার আন্দোলন করেছিল। নাম প্রকাশে অনিচ্ছুক কেজিডিসিএলের একজন কর্মকর্তা বলেন, গ্রাহকদের কাছ থেকে টাকা জমা নেওয়ার অর্থ তাকে গ্যাস-সংযোগ দেওয়ার সম্মতি দেওয়া। সংযোগ দিতে গ্যাস কোম্পানিগুলো রাজি থাকলেও সরকারি সিদ্ধান্তের কারণে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না।