গ্যাস সংযোগের দাবিতে সালদা গ্যাসক্ষেত্রে অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালদা গ্যাসক্ষেত্র থেকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহর ও আশপাশের এলাকায় গ্যাস সংযোগসহ পাঁচদফা দাবিতে আজ রোববার সকাল থেকে অবস্থান ধর্মঘট চলছে। সর্বদলীয় গ্যাস সংযোগ বাস্তবায়ন কমিটির উদ্যোগে এলাকাবাসী এ অবস্থান কর্মসূচি পালন করছেন।গতকাল এলাকাবাসীর দাবির বিষয়ে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিনের সঙ্গে সর্বদলীয় কমিটির নেতাদের একটি বৈঠক হয়। বৈঠকটি ব্যর্থ হওয়ায় আজ সালদা গ্যাসক্ষেত্র এলাকায় দুই দিনের অর্ধদিবস ধর্মঘট কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।গ্যাস বাস্তবায়ন কমিটির সদস্য সচিব উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মনিরুল হক প্রথম আলো অনলাইনকে বলেন, ‘জ্বালানি সচিবের সঙ্গে বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আমাদের এই অবস্থান ধর্মঘট কর্মসূচি শুরু হয়েছে। কর্মসূচি সকাল আটটা থেকে চলবে বেলা দুইটা পর্যন্ত।’ তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত গ্যাস সংযোগ চোখে না দেখব, ততক্ষণ আমাদের আন্দোলন চলবে। আগামী ৩০ নভেম্বর সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।’ মেজবাহ উদ্দিন সাংবাদিকদের জানান, সালদা গ্যাসক্ষেত্রের তৃতীয় কূপ থেকে আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে জাতীয় গ্রিডে ১৫ থেকে ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস স্থানান্তর করা হবে। সালদা গ্যাসক্ষেত্রের চতুর্থ কূপে শিগগির খননের কাজ শুরু হবে। এরপর গ্যাস উত্তোলনে গেলে জরিপ করে পর্যাপ্ত গ্যাস পাওয়া গেলে কসবা এলাকায় সংযোগের বিষয়ে পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, ‘সারা দেশে এখন গ্যাস-সংকট চলছে। চট্টগ্রামে গ্যাসের অভাবে সার কারখানা বন্ধ রয়েছে। সালদা ক্ষেত্র থেকে শিগগির গ্যাস উত্তোলন করে চট্টগ্রামে সরবরাহ করা হবে।’