গ্যাস-সংযোগের প্রস্তাব পড়ে আছে মন্ত্রণালয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন গ্যাস-সংযোগ চালু করার বিষয়ে পেট্রোবাংলার একটি প্রস্তাব ১০ দিন ধরে জ্বালানি মন্ত্রণালয়ে পড়ে আছে। গত ২৭ ফেব্রুয়ারি ওই মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটির সভায় নতুন গ্যাস-সংযোগ চালু করার সুপারিশ করা হয়। এর পরিপ্রেক্ষিতে ওই দিনই পেট্রোবাংলা প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠায়।ওই প্রস্তাবে সব শ্রেণীর নতুন গ্রাহকের জন্য গ্যাস-সংযোগ চালু করতে তিনটি পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। এক, প্রথমে সীমিত পরিসরে সংযোগ চালু করা। অর্থাৎ, সরকার নতুন সংযোগ বন্ধ করার আগে যেসব গ্রাহক সংযোগের জন্য আবেদন করেছেন এবং যাঁদের নামে চাহিদাপত্র (ডিমান্ড নোট) ইস্যু করা হয়েছে, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে সংযোগ দেওয়া। দুই, সংযোগ বন্ধ থাকা অবস্থায় যাঁরা কোনো না-কোনোভাবে সংযোগ পেয়েছেন, নিয়মিত বিলও দিয়ে যাচ্ছেন কিন্তু গ্রাহক সংকেত নম্বর নেই—এই গ্রাহকদের নির্দিষ্ট পরিমাণে জরিমানা করে সংযোগ বৈধ করে দেওয়া। এই গ্রাহকেরা বিল দিলেও তা সরকারি কোষাগারে জমা হচ্ছে না।তিন, যাঁদের সংযোগ সম্পূর্ণ অবৈধ, গ্যাস আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁদের সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া।পেট্রোবংলার সূত্র জানায়, সরকারের শীর্ষ নীতিনির্ধারণী পর্যায় থেকে সবুজ সংকেত পেয়েই প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। মন্ত্রণালয়ের কাজ হচ্ছে প্রধানমন্ত্রীর অনুমোদনের জন্য প্রস্তাবটি পাঠানো।মন্ত্রণালয় সূত্র বলছে, তারা এখন পর্যন্ত প্রস্তাবটি পাঠায়নি। এটি পাঠানোর আগে তারা শীর্ষ নীতিনির্ধারণী পর্যায়ের আগ্রহ কতটা, তা বুঝতে চায়। তেমন আগ্রহের কথা জানা গেলে শিগগিরই প্রস্তাবটি পাঠানো হবে।সরকার ২০০৯ সালের ২১ জুলাই থেকে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের এবং ২০১০ সালের ১৩ জুলাই থেকে আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ করে দেয়। তখন বলা হয়েছিল, গ্যাসের উৎপাদন দৈনিক ২২০ কোটি ঘনফুটে (দুই হাজার ২০০ মিলিয়ন) উন্নীত না হওয়া পর্যন্ত নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকবে। বর্তমানে দেশে গ্যাসের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ২২৬ কোটি ঘনফুট ছাড়িয়েছে।সরকারিভাবে বন্ধ থাকা সত্ত্বেও এই সময়ের মধ্যে নতুন সংযোগ-প্রত্যাশীদের প্রায় ৬০ শতাংশ বাঁকা পথে সংযোগ নিয়ে নিয়েছেন। তাঁদের অধিকাংশই নিয়মিত বিলও দিচ্ছেন। কিন্তু সরকারি কোষাগারে সেই অর্থ জমা হচ্ছে না। বর্তমানে এ ধরনের বিল বাবদ জমা হওয়া টাকা ৫০০ কোটি ছাড়িয়ে গেছে বলে সরকারি সূত্রগুলো জানায়।এ অবস্থায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির গত ৬ জানুয়ারি অনুষ্ঠিত সভায় গ্যাস-সংযোগ চালু করার সুপারিশ করা হয়েছিল। কিন্তু মন্ত্রণালয় তা নিয়ে একেবারেই মাথা ঘামায়নি। এর আগেও সংসদীয় কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া নতুন গ্যাস-সংযোগ দেওয়ার বিষয়ে তাঁর নেতৃত্বাধীন সংসদীয় কমিটির একটি পর্যবেক্ষণ তুলে ধরেছিলেন। তাতেও নতুন সংযোগ দেওয়া শুরু করার কথা বলা হয়।অপর দিকে সরকার গুরুত্বপূর্ণ ও জরুরি ক্ষেত্রে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের নতুন সংযোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার দিয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে রেখেছে। ওই কমিটির সিদ্ধান্ত অনুযায়ী কিছু শিল্পপ্রতিষ্ঠানে নতুন সংযোগ দেওয়াও হয়েছে। আরও কিছু প্রতিষ্ঠানকে সংযোগ দেওয়ার জন্য বাছাই করে রাখা হয়েছে।বর্তমান পরিস্থিতিতে জ্বালানি নিয়ে মানুষ এক বৈষম্যমূলক পরিস্থিতির মধ্যে পড়েছে। যাঁরা পাইপলাইনের গ্যাস ব্যবহার করছেন, তাঁরা দুই চুলার জন্য মাসে দিচ্ছেন ৪৫০ টাকা। আর যাঁরা গ্যাস-সংযোগ পাননি, তাঁদের প্রতি মাসে জ্বালানির জন্য ব্যয় করতে হচ্ছে চার হাজার টাকা। এ ধরনের বৈষম্যে জনপ্রতিনিধিরাও সমালোচনার মধ্যে পড়েছেন।