গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থলভাগের ২২ নম্বর ব্লকভুক্ত সেমুতাং গ্যাসক্ষেত্রের ৫ নম্বর কূপ সংস্কার (ওয়ার্কওভার) করে গ্যাস সরবরাহের জন্য প্রস্তুত করেছে বাপেক্স। গত বৃহস্পতিবার দুপুর থেকে কূপটি দৈনিক এক কোটি ৬০ লাখ থেকে এক কোটি ৮০ লাখ ঘনফুট গ্যাস উত্তোলনে সমর্থ হয়েছে।তবে পার্বত্য জেলা খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় অবস্থিত এই ক্ষেত্রে প্রক্রিয়াকরণ প্ল্যান্ট স্থাপন এবং সেখান থেকে চট্টগ্রাম পর্যন্ত পাইপলাইন তৈরি না হওয়া পর্যন্ত এই গ্যাস সরবরাহ করা যাবে না।বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মর্তুজা আহমেদ ফারুক প্রথম আলোকে বলেন, প্রক্রিয়াকরণ প্ল্যান্ট ও পাইপলাইন তৈরির প্রক্রিয়া চলছে। আগামী সেপ্টেম্বর মাসের মধ্যে এ কাজ শেষ হবে। তখন সেমুতাংয়ের গ্যাস চট্টগ্রামে সরবরাহ করা যাবে। তিনি বলেন, ৫ নম্বর কূপ থেকে দৈনিক দুই কোটি ঘনফুট বা তারও বেশি গ্যাস উত্তোলন করার চেষ্টা তাঁরা করবেন।প্রায় ১৪ বছর বন্ধ থাকার পর ৫ নম্বর কূপটিতে সংস্কার কর্মসূচি নেওয়া হয় চট্টগ্রামে গ্যাস সরবরাহ বাড়ানোর জন্য। এ ছাড়া ওই ক্ষেত্রে আরেকটি (ছয় নম্বর) নতুন কূপও খনন করা হবে।সেমুতাং গ্যাসক্ষেত্রটি আবিষ্কৃত হয় ১৯৬৯ সালে। ক্ষেত্রটির উত্তোলনযোগ্য মজুদ নির্ধারণ করা হয় ১৫০ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান অয়েল অ্যান্ড গ্যাস ডেভেলপমেন্ট করপোরেশন (ওজিডিসি) ১৯৬৯-৭০ সালে সেখানে প্রথম কূপটি খনন করে। সেটিতে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য গ্যাসও পাওয়া গিয়েছিল। এরপর তারা ২, ৩ ও ৪ নম্বর কূপ খনন করে। কিন্তু সেগুলোতে খুব অল্প গ্যাস পাওয়া যায়, যার উত্তোলন বাণিজ্যিকভাবে লাভজনক ছিল না।এ অবস্থায় দীর্ঘদিন ক্ষেত্রটি পড়ে থাকার পর ১৯৯৭ সালে ব্রিটিশ কোম্পানি কেয়ার্ন এনার্জি পিএলসি সেখানে ৫ নম্বর কূপটি খনন করে। সেটিতে উত্তোলনযোগ্য গ্যাস পাওয়া গিয়েছিল। কিন্তু তখনই সমুদ্রবক্ষের সাঙ্গু ক্ষেত্রটি আবিষ্কৃত হওয়ায় কেয়ার্ন এই কূপটি থেকে গ্যাস উত্তোলনে আগ্রহ হারায়। দীর্ঘদিন তারা কাজটি ফেলে রাখায় চুক্তি অনুযায়ী ক্ষেত্রটির মালিকানা সরকার নিয়ে বাপেক্সের কাছে অর্পণ করে।কয়েক বছর ধরে চট্টগ্রামে গ্যাস-সংকট বাড়তে থাকলে সরকার সেমুতাং ক্ষেত্রের পড়ে থাকা ৫ নম্বর কূপটি সংস্কারের সিদ্ধান্ত নেয়। এই কাজের জন্য ২০০৮ সালের ২২ মে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৬৫ কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করে। কিন্তু এই প্রকল্প বাস্তবায়নের জন্য বাপেক্সের প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি ছিল না। ফলে অন্যান্য কাজের মধ্যে সময় ও লোকবল বের করে গত এপ্রিল মাসের শেষ দিক থেকে বাপেক্স কূপটি সংস্কারের কাজ শুরু করে।চট্টগ্রাম অঞ্চলে এখন চাহিদার তুলনায় গ্যাসের দৈনিক সরবরাহ ঘাটতি প্রায় ২০ কোটি ঘনফুট। সারা দেশে ঘাটতি ৫০ কোটি ঘনফুটেরও বেশি।