গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, পুড়ে গেছে তিন গাড়ি
রাজধানীর উত্তরা থানার কসাইবাড়ী এলাকায় গতকাল বৃহস্পতিবার একটি ব্যক্তিগত গাড়ির (প্রাইভেট কার) গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ থেকে সৃষ্ট আগুনে ওই গাড়িসহ তিনটি গাড়ি পুড়ে গেছে। গাড়িগুলো একটি ওয়ার্কশপে ছিল। আগুন নেভাতে গিয়ে ওই ওয়ার্কশপের দুই শ্রমিক দগ্ধ হয়েছেন। তাঁদের মধ্যে জসিমউদ্দিনকে (৩০) উত্তরার বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, সকাল পৌনে ১০টার দিকে উত্তরার আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পেছনে কসাইবাড়ী এলাকায় খাজা অটোমোবাইল নামের ওয়ার্কশপে থাকা একটি গাড়ির গ্যাস সিলিন্ডার হঠাৎ বিস্ফোরিত হয়। বিস্ফোরণের পর গাড়িটিতে আগুন ধরে যায়। আগুন মুহূর্তের মধ্যে পাশে থাকা অপর দুটি গাড়িতেও ছড়িয়ে পড়ে। ওয়ার্কশপের শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন এবং তাঁদের মধ্যে দুজন অগ্নিদগ্ধ হন। আগুনে তিনটি গাড়িই পুড়ে যায়। একপর্যায়ে আগুন পাশের দুটি ওয়ার্কশপেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গীর তিনটি ও কুর্মিটোলা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় সোয়া ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।যোগাযোগ করা হলে টঙ্গী ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, ধারণা করা হচ্ছে, গ্যাসের অত্যধিক চাপে সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এ ছাড়া গাড়িটি সিএনজিতে রূপান্তরের ক্ষেত্রে ত্রুটি থাকলেও এমনটি হয়ে থাকতে পারে। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত গাড়ির বিমা করা থাকলেই কেবল বিষয়টি নিয়ে তদন্ত করা হয়। কিন্তু বিকেল পর্যন্ত ওই গাড়ির মালিক বিমা থাকার বিষয়ে তাঁকে নিশ্চিত করেননি।ঘটনা তদন্তকারী উত্তরা থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী প্রথম আলোকে জানান, আগুনে কসাইবাড়ী এলাকার হিমেল মার্কেটে টিনের ছাপরার তিনটি ওয়ার্কশপ ও তিনটি গাড়ি পুড়ে গেছে।মাইক্রোবাসে আগুন: দুপুরে আগারগাঁওসংলগ্ন তালতলায় আগুন লেগে একটি মাইক্রোবাস পুড়ে গেছে। শেরেবাংলা নগর থানা সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে তালতলা পেট্রলপাম্প থেকে জ্বালানি তেল ভরে বের হওয়ার সময় মাইক্রোবাসটির নিচে আগুন ধরে যায়। আশপাশের লোকজন আগুন লাগার বিষয়টি চালককে জানালে তিনি গাড়ি থামিয়ে দ্রুত নেমে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসার আগেই মাইক্রোবাসটি পুড়ে যায়।শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ হোসেন জানান, যান্ত্রিক ত্রুটির কারণে মাইক্রোবাসটিতে আগুন লাগে।