গ্যাসসংকটে অচল কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যান্ত্রিক উপায়ে কাপড়ে রং করা হচ্ছে। মেশিন থেকে কাপড় বের হওয়ার গতি কম। গ্যাসের সরবরাহ কম থাকায় এমনটা হচ্ছে বলে জানালেন একজন কারিগর। একপর্যায়ে মেশিনটা বন্ধ হয়ে গেল। গ্যাসের অভাব থাকায় একই কারখানার আরেকটা মেশিন বন্ধ রাখা হয়েছে। শ্যামপুর-কদমতলী শিল্প এলাকার থ্রি স্টার নামের একটি ডায়িং কারখানায় ঘুরে এমন দৃশ্য চোখে পড়ল।শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় গ্যাসের চরম সংকট দেখা দিয়েছে। এ কারণে শিল্পমালিকেরা একে একে কারখানা বন্ধ করে দিতে বাধ্য হচ্ছেন। কারণ, গ্যাসের অভাবে উৎ পাদন কমে গেছে। যাঁরা কারখানা সচল রেখেছেন, তাঁদের আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে। তাই গ্যাসের সংকট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন একাধিক কারখানার মালিকেরা।কারখানার মালিকেরা জানান, সকাল আটটা থেকে বেলা তিনটা পর্যন্ত গ্যাসের চাপ কম থাকে। সন্ধ্যা থেকে রাত ১২টা পর্যন্ত গ্যাস থাকে না। সব মিলিয়ে কারখানা সচল রাখা যায় খুবই কম সময়। এ কারণে বিভিন্ন মিল-কারখানা বন্ধ হওয়ার পথে। কিছু কিছু কারখানা বন্ধও হয়ে গেছে। এর মধ্যে আছে ভূঁইয়া গার্মেন্টস ও চাঁদপুর টেক্সটাইল।কদমতলী স্টিলের পরিচালক জানালেন, গত দুই বছরের মধ্যে ১০ থেকে ১২টি কারখানা দেউলিয়া হয়ে বন্ধ হয়ে গেছে। এর অন্যতম প্রধান কারণ গ্যাসের তীব্র সংকট। ছোট ছোট কারখানা গ্যাসের সংকটে উৎ পাদন কমে যাওয়ার চাপ সামলাতে পারে না। তবে বড় কারখানাগুলো বিকল্প কোনো উপায়ে যন্ত্রপাতি সচল রাখে। ছোট আকারের কারখানার মালিকদের পক্ষে ব্যয়বহুলভাবে কারখানা চালানো সম্ভব নয়। কাউসার টেক্সটাইলের ম্যানেজার মতিউর রহমানও একই কথা জানালেন। তিনি বলেন, গ্যাসের চাপ কম থাকার কারণে মেশিন আস্তে আস্তে চলতে চলতে বন্ধ হয়ে যায়। একবার বন্ধ হলে আর চালু করা যায় না।থ্রি স্টার ডায়িংয়ের ম্যানেজার জানান, তাঁর একটি মেশিন বন্ধ রাখতে হয়েছে। যেখানে গ্যাসের মিটার ১৫ পাউন্ডে থাকার কথা, সেখানে চার-পাঁচ পাউন্ডে থাকে। শীতের সময় আরও কমে যায়। এই সমস্যা প্রায় দেড় বছর ধরে। এ কারণে বসিয়ে বসিয়ে কর্মীদের বেতন দিতে হয়। তাতে উৎ পাদন খরচ অনেক বেড়ে যায়। উৎ পাদন প্রায় তিন ভাগের এক ভাগ কমে গেছে।এশিয়া মোল্ডিং প্রাইভেট লিমিটেডের সুপারভাইজার মোহাম্মদ নাছিম বলেন, ‘গ্যাসের অভাবে আমাদের উৎ পাদন প্রতিদিন এক হাজার কেজির মতো কমে গেছে। গ্যাসের এই সমস্যা আমাদের এখন সয়েই গেছে। আমরা জানি, এখন এটা নির্দিষ্ট পরিমাণে উৎ পাদন হচ্ছে। এই পরিমাণই হবে। সবাই তাকিয়ে আছি সবার দিকে—সবার ঠিক হলে আমাদেরও ঠিক হবে এই চিন্তায়। কিন্তু কেউ উদ্যোগী হয়ে কিছু করে না। এ ছাড়া গ্যাসের পরিমাণ কম হলেও বিল কম হয় না। প্রতি মাসে ঠিকই প্রচুর পরিমাণে বিল আসে।’গ্যাসের সংকটের কারণে শ্যামপুর-কদমতলী শিল্প এলাকা থেকে শিল্পকারখানা কমে যাচ্ছে। এ নিয়ে কথা হয় শ্যামপুর-কদমতলী শিল্প সমিতির সভাপতি সাংসদ সনজিদা খানমের সঙ্গে। তিনি বললেন, ‘আমরা বিষয়টি নিয়ে আলাপ-আলোচনা করছি। আমার কাছে লিখিত আকারে অভিযোগ এলে আমরা অবশ্যই উদ্যোগ নেব।’ একই কথা বললেন সমিতির সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি জানান, শিল্পমালিকদের উচিত সমস্যার কথা জানিয়ে সমিতিতে লিখিত আবেদন করা। তাহলে ব্যবস্থা নিতে সুবিধা হবে।শ্যামপুর-কদমতলী শিল্প এলাকায় গ্যাসের সংকট কমাতে কী করা হচ্ছে, জানতে চাইলে তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন) শাহিনুর আলম জানান, আশুগঞ্জ থেকে এখন গ্যাসের সরবরাহ কম। এ ছাড়া নতুন করে যমুনা সার কারখানা চালু হয়েছে। ওখানে অনেক গ্যাস সরবরাহ করতে হচ্ছে। এসব কিছু মিলিয়ে নগরের বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ কম। তাই আপাতত গ্যাসের সংকট থেকে মুক্তির কোনো আশার কথা শোনাতে পারলেন না তিনি।