গ্যাসের অবৈধ সংযোগ তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ
একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে অবৈধ গ্যাস-সংযোগের অভিযোগ তদন্ত করতে এবং এর সঙ্গে জড়িত কর্মকর্তা-কর্মচারীদের খুঁজে বের করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আজ বৃহস্পতিবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফ সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ এক রিট আবেদনের শুনানি নিয়ে রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, অর্থসচিব ও পেট্রোবাংলার চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে এই প্রতিবেদন দিতে বলা হয়েছে।অপর নির্দেশনায় গ্যাস-সংযোগ না দিতে সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত নতুন করে কোনো গ্যাস-সংযোগ না দিতে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। তিতাস ও বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের দুই সপ্তাহের মধ্যে এ-সংক্রান্ত অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।গত ১ সেপ্টেম্বর ‘গ্যাস-সংযোগ বন্ধ করে দুর্নীতির ক্ষেত্র তৈরি’ এবং ৭ সেপ্টেম্বর ‘চট্টগ্রামে নতুন গ্যাস-সংযোগ দেওয়া হয়েছে ৩০ হাজার!’ শিরোনামে প্রথম আলোতে দুটি প্রতিবেদন ছাপা হয়। প্রতিবেদন দুটি যুক্ত করে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে রিটটি করা হয় আজ। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইসরাত জাহান। অপর নির্দেশনায় ২০১০ সালের ১৩ জুলাইয়ের আগে গ্যাসের মোট ব্যবহার; গ্যাস-সংযোগের সংখ্যা এবং বর্তমানে গ্যাসের ব্যবহারের পরিমাণ ও সংখ্যা চার সপ্তাহের মধ্যে দাখিল করতে বলেছেন আদালত। গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, বাখরাবাদ গ্যাসের ব্যবস্থাপনা পরিচালককে চার সপ্তাহের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আর রুলে বিভিন্ন এলাকায় গ্রাহক পর্যায়ে গ্যাসের অবৈধ সংযোগ বন্ধে কেন অবিলম্বে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। অর্থসচিব, বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, পেট্রোবাংলার চেয়ারম্যান, গ্যাস ট্রান্সমিশন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, তিতাস গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক, বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির পরিচালক ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হয়েছে।সরকার ২০০৯ সালের ২১ জুলাই শিল্প ও বাণিজ্যিক এবং ২০১০ সালের ১৩ জুলাই আবাসিক খাতে নতুন গ্যাস-সংযোগ দেওয়া বন্ধ ঘোষণা করে। পরে মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, ছয় সদস্যবিশিষ্ট বিশেষজ্ঞ কমিটি গঠন করতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদ্যুত্, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয় ও পেট্রোবাংলার উচ্চপদস্থ কর্মকর্তাদের সমন্বয়ে কমিটি গঠন করতে বলা হয়েছে।