গ্যাসের অবৈধ সংযোগ বৈধ করার সুপারিশ
সারা দেশের গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করে তা বৈধ করার সুপারিশ করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে কমিটি গ্যাসের অবৈধ সংযোগ দেওয়ার সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাঁদের আইনের আওতায় আনার সুপারিশ করেছে। এ ছাড়াও সংসদীয় কমিটি এ দফায় বাড়ানোর পর বর্তমান সরকারের মেয়াদে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম আর না বাড়ানোর পক্ষে মত দিয়েছে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়া সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।সুবিদ আলী ভূঁইয়া বলেন, সরকার এখন পর্যন্ত মোট ছয়বার জ্বালানি তেলের দাম বাড়িয়েছে। আরও একবার বাড়ানোর বিষয়টি প্রক্রিয়াধীন। এ দফায় বাড়ানোর পর আর যাতে বিদ্যুৎ ও জ্বালানির দাম আর না বাড়ে, কমিটি সেজন্য সুপারিশ করেছে। তাঁর মতে, বিশ্ববাজারে জ্বালানির দাম স্থিতিশীল। এ অবস্থায় দাম বাড়ানো হলে জনগণের ওপর ভয়াবহ প্রভাব পড়বে। সুবিদ আলী বলেন, যাঁরা অবৈধ গ্যাসসংযোগ নিয়েছেন, মানবিক কারণে তাঁদের বিরুদ্ধে দণ্ডমূলক ব্যবস্থা নেওয়া যাবে না। সে জন্য কমিটি অবৈধ সংযোগ বৈধ করার সুপারিশ করেছে। বৈঠকে গ্যাসের সুষম ব্যবহার নিশ্চিত করার জন্য দ্রুত নীতিমালা প্রণয়নের সুপারিশ করা হয়েছে বলেও তিনি জানান। সংসদ সচিবালয় সূত্র জানায়, বৈঠকে পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর জানিয়েছেন, বর্তমানে ঢাকায় এক লাখের বেশি গ্যাসের অবৈধ সংযোগ রয়েছে।সুবিদ আলীর ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আবদুল মতিন খসরু, ইসরাফিল আলম ও শেখ ফজলে নূর অংশ নেন। এ ছাড়া জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মেছবাহউদ্দিন, বিদ্যুৎ বিভাগের সচিব মনোয়ার ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।