গ্যাসের আশায় রাত জাগা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘কয়েক দিন আগেও বিকেলের পর থেকে ভোররাত পর্যন্ত গ্যাস থাকত। কিন্তু এখন গভীর রাত ছাড়া চুলা ভালোভাবে জ্বলে না। তখন রান্না হয়। রাত একটায়ও শিশুদের ঘুম থেকে উঠিয়ে ভাত খাওয়াতে হচ্ছে। এমন শীতে এই কষ্ট কেন?’এই প্রশ্ন পুরান ঢাকার রাজার দেউড়ির গৃহিণী অনামিকা ঘোষের। একই প্রশ্ন রাজধানীর আরও অনেক এলাকার মানুষের। তবে সব এলাকার গ্যাস না থাকার চিত্র এক নয়। কোথাও থাকে কেবল গভীর রাতে, কোথাও বিকেলের পর থেকে ভোর পর্যন্ত। আবার কোথাও কোথাও দিনে দুই থেকে ছয় ঘণ্টা চুলায় আঁচ একেবারে থাকে না বা কম থাকে, যা গ্রাহকদের দৈনন্দিন জীবনে ভোগান্তি সৃষ্টি করেছে।তিতাস গ্যাস সঞ্চালন ও বিতরণ কোম্পানির দায়িত্বশীল সূত্র বলেছে, সঞ্চালন লাইন না বাড়ালে এবং গ্যাসের অবৈধ সংযোগ না কমালে লাইনে স্বল্প চাপ ও চুলায় স্বল্প আঁচের সমস্যা কমবে না। বরং দিনে দিনে বাড়বে।সমস্যা যে বাড়ছে, তার বড় উদাহরণ রাজধানীর উত্তর প্রান্তের দক্ষিণখান এলাকা। এ এলাকার কয়েকজন বাসিন্দা জানান, আগে রাতে গ্যাস থাকলেও এখন মাঝে মাঝে রাতেও চুলা ভালোভাবে জ্বলে না। কোনো কোনো রাতে চুলা জ্বলেই না। গ্যাসের আশায় অনেকে সারা রাতও জেগে থাকেন। এঁদেরই একজন দক্ষিণখানের ১ নম্বর ওয়ার্ডের ৪ নম্বর লেনের ৫৭ নম্বর বাড়ির বাসিন্দা স্কুলশিক্ষিকা রওশন আরা। তিনি জানান, তাঁদের বাড়ির বাসিন্দারা দিনে রান্না ও পানি গরম করেন উঠানে লাকড়ির চুলায়। রাতে গ্যাসের চুলায় রান্নার জন্য আঁচের অপেক্ষায় থাকেন। গভীর রাতে গ্যাস এলে রান্না হয়। যে রাতে আঁচ বেশি না হয়, সে রাতে তাঁদের না খেয়েও ঘুমাতে হয়। অথচ মাস শেষে পুরো বিলই দিতে হয়।তিতাস সূত্র জানায়, ওই এলাকায় আবাসিক ও অনাবাসিক গ্যাসের অনেক অবৈধ সংযোগ রয়েছে। শীতের তীব্রতার পাশাপাশি অবৈধ সংযোগও সেখানে গ্যাস সমস্যার একটি বড় কারণ।রাজধানীর অন্য প্রান্তের তাঁতীবাজার, পানিটোলা, ঝুলনবাড়ী, শাঁখারীবাজারসহ আশপাশের এলাকার কয়েকজন গ্রাহক ক্ষোভের সঙ্গে বলেন, পত্রিকায় ‘গ্যাস নাই’ খবর প্রকাশের পর সমস্যা আরও বেড়েছে।বাসাবো কদমতলার বাসিন্দা মাহবুবুল হক গত মঙ্গলবার বলেন, প্রতিবছরই এই সময়ে তাঁদের এলাকায় গ্যাসের সমস্যা হয়। কিন্তু এবারের সমস্যা অতীতের বছরগুলোকে ছাড়িয়ে গেছে। কাঁঠালবাগানের বাসিন্দা দীপিকা সিংহ বলেন, ‘প্রায় সারা দিনই চুলায় আঁচ না থাকায় শুয়ে-বসে থাকি। বিকেলে রান্নার প্রস্তুতি নিই।’ বৃহত্তর মিরপুর, মোহাম্মদপুরের অনেক এলাকা, যাত্রাবাড়ী, দনিয়াসহ অনেক জায়গায় এখন গ্যাসের একই সমস্যা।তিতাস গ্যাস কোম্পানির পরিচালক (অপারেশন) খালিদ হাসান প্রথম আলোকে বলেন, শীত বাড়ায় গ্যাসের চাহিদা কিছু বেড়েছে। ঢাকায় ২২০ মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে ১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে। নতুন সঞ্চালন ও বিতরণ লাইন হলে আরও গ্যাস সরবরাহ করা সম্ভব হবে।তিতাসের মহাব্যবস্থাপক শাহিনূর আলম বলেন, যত দ্রুত সঞ্চালন লাইন বসানো যাবে, তত দ্রুত গ্যাসের সমস্যা কমে আসবে।নতুন সঞ্চালন লাইন বসাতে হবে: সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকায় গ্যাস আসে আশুগঞ্জ থেকে নরসিংদী-মনোহরদী সঞ্চালন লাইন হয়ে। এসব লাইনে ক্ষমতার চেয়ে বেশি গ্যাস সঞ্চালন করা হচ্ছে। এতে যেকোনো সময় বিপদ হতে পারে। তাই বাড়তি ক্ষমতার আলাদা লাইন বসাতে হবে। আপাতত লাইন বসানো না গেলে বিকল্প হিসেবে আগের লাইনে কম্প্রেশার লাগিয়ে ঘন গ্যাস দিতে হবে। এতে সমস্যা কিছু কমবে।জানা যায়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের (জিটিসিএল) মাধ্যমে এ ধরনের কম্প্রেশার বসানোর জন্য কয়েক বছর আগে এ বাবদ পাঁচ কোটি ২০ লাখ মার্কিন ডলার ব্যয়সাপেক্ষ একটি প্রকল্প নেওয়া হয়েছিল। কিন্তু তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে নতুন প্রকল্প নিয়ে তুরস্কের একটি কোম্পানিকে কাজ দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১০ কোটি ডলার, যা আগের তুলনায় প্রায় দ্বিগুণ। তবে একটি মামলার কারণে এই কাজ পিছিয়ে পড়েছে।নতুন সংযোগ চালুর তাগিদ: গ্যাসের সমস্যা কমাতে গত বছরের এপ্রিল থেকে রাজধানী ও এর আশপাশে আবাসিক, বাণিজ্যিক ও শিল্পপ্রতিষ্ঠানে নতুন সংযোগ বন্ধ রাখা হয়েছে। ফলে সংযোগ না পেয়ে চরম সমস্যায় আছেন আবেদনকারীরা। আবাসন কোম্পানিগুলোর সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) নতুন সংযোগ দিতে তিতাসসহ সরকারের কাছে আবেদন জানিয়েছে। সংগঠনটি বলেছে, নতুন সংযোগ বন্ধ থাকায় তাদের প্রকল্প ক্ষতিগ্রস্ত হচ্ছে। সাধারণ আবেদনকারীরাও সংযোগ চেয়ে তিতাসের বিভিন্ন কার্যালয়ে নিয়মিত ধর্না দিচ্ছেন।তিতাস সূত্র জানায়, এ অবস্থায় করণীয় জানতে তাঁরা জ্বালানি মন্ত্রণালয়ে সর্বশেষ গত সপ্তাহে চিঠি পাঠিয়েছেন।এর আগেই প্রধানত শিল্পপ্রতিষ্ঠানে নতুন সংযোগের বিষয়সহ আনুষঙ্গিক কিছু সিদ্ধান্ত নিতে জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহীকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়। কমিটি সংযোগের জন্য আবেদনকারী ১৫৩টি শিল্পপ্রতিষ্ঠানকে ক, খ ও গ শ্রেণীতে ভাগ করে। ‘ক’ শ্রেণীর আবেদনকারীদের মিটার সংযোগ ছাড়া সব কাজ প্রায় শেষ। ‘খ’ শ্রেণীর আবেদনকারীদের লাইন টানার কাজ হয়েছে এবং ‘গ’ শ্রেণীর আবেদনকারীদের আবেদনের বিপরীতে প্রাথমিক কাজ হয়েছে। ‘ক’ শ্রেণী দ্রুত মিটার সংযোগ পেতে পারে বলে কমিটি সূত্র জানায়।অবৈধ সংযোগ: তিতাস সূত্র জানায়, শিল্প, বাণিজ্যিক ও আবাসিক মিলিয়ে তাদের বৈধ গ্রাহক রয়েছে সাড়ে ১৫ লাখ। এর মধ্যে ঢাকায় রয়েছে প্রায় সাড়ে ১০ লাখ। বৈধ সংযোগ দেওয়া বন্ধ থাকলেও অনেক এলাকায় তিতাসের একশ্রেণীর অসাধু লোকের সাহায্যে অবৈধ সংযোগ নেওয়া হচ্ছে। বিষয়টি জানার পর তিতাস এসব অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গত রোববার থেকে অভিযান শুরু করেছে। প্রথম দুই দিনে ১৫৭টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।সূত্র জানায়, সাত হাজার ৭০০ রাইজার রয়েছে; এগুলোর কিছু থেকে অবৈধ সংযোগ নেওয়া হয়েছে। এসব পর্যায়ক্রমে চিহ্নিত করে সংযোগ বিচ্ছিন্ন করা হবে।