গ্যাসের ঘাটতি বেড়েছে, নতুন প্রাপ্তি কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে তেল-গ্যাসের অনুসন্ধান বাড়ানো হয়েছে। গ্যাসের উৎপাদনও বাড়ছে। তবে তা চাহিদা অনুযায়ী না হওয়ায় ঘাটতি বেড়েছে। বিদ্যুৎ ও সার উৎপাদন, শিল্প, আবাসন, সিএনজি স্টেশন প্রভৃতি ক্ষেত্রে গ্যাসের ঘাটতি চলছে।সরকারি হিসাব অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের সময় দেশে গ্যাসের দৈনিক চাহিদা ছিল ২০০ কোটি ঘনফুট। তখন দৈনিক উৎপাদন ছিল ১৭৫ কোটি ঘনফুটের মতো। চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি ছিল ২৫ কোটি ঘনফুট।বর্তমানে গ্যাসের চাহিদা ২৫০ কোটি ঘনফুট ছাড়িয়েছে। উত্তোলন ও সরবরাহ হচ্ছে ২০০ থেকে ২১০ কোটি ঘনফুটের মধ্যে। দৈনিক ঘাটতি ৪০ থেকে ৫০ কোটি ঘনফুট।প্রায় দেড় বছর ধরে গ্যাসের নতুন সংযোগ দেওয়া বন্ধ রেখেছে সরকার। বন্ধ করার সময় বলা হয়েছিল, দৈনিক উত্তোলন ২২০ কোটি ঘনফুট না হওয়া পর্যন্ত নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকবে। এ কারণে শিল্প, বাণিজ্য ও শহরাঞ্চলে আবাসিক গ্রাহকেরা সংকটে পড়েছেন। কারণ, গ্যাস-সংযোগ বন্ধ রাখা হলেও বিকল্প জ্বালানির (এলপি গ্যাস প্রভৃতি) প্রাপ্যতা নিশ্চিত করার কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।নতুন সংযোগ দেওয়া বন্ধ থাকলেও চাহিদা বাড়ার কারণ সম্পর্কে সরকারি সূত্রগুলো জানায়, এ সময় অনেক নতুন শিল্পকারখানা হয়েছে। প্রায় ২৫ হাজার আবাসিক ফ্ল্যাট নির্মিত হয়েছে। এর প্রায় সবগুলোরই গ্যাস-সংযোগ পাওয়ার অনুমোদন ছিল। কিন্তু উৎপাদন ঘাটতির কারণে সংযোগ বন্ধ রাখা হলেও এগুলোর চাহিদা হিসেবে নেওয়া হয়েছে।গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি পূরণ কবে নাগাদ হতে পারে, জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান অধ্যাপক হোসেন মনসুর প্রথম আলোকে বলেন, ২০১২ সালের মধ্যে (আর বছর খানেক) গ্যাসের চাহিদা ও সরবরাহের মধ্যে সামঞ্জস্য আনা সম্ভব হবে।পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের আগের প্রায় আট-নয় বছর এই খাতের উন্নয়নে কোনো কিছুই না করায় সংকট সৃষ্টি হয়। গ্যাস উত্তোলন বাড়ানো অনেক সময়সাপেক্ষ কাজ। বর্তমান সরকারের সময় এই কাজ পরিকল্পিতভাবে শুরু হওয়ায় গত দুই বছরে প্রায় ৩৫ কোটি ঘনফুট গ্যাসের উৎপাদন বেড়েছে। আর এক বছরের মধ্যে চাহিদা অনুযায়ী উত্তোলন করা সম্ভব হবে। নতুন প্রাপ্তি কম: গত তিন বছরে গ্যাসের উত্তোলনক্ষমতা যেটুকু বেড়েছে তার প্রায় পুরোটাই বাড়িয়েছে বাপেক্স। নতুন কয়েকটি কূপ খনন এবং কয়েকটি পুরোনো কূপ সংস্কারের (ওয়ার্কওভার) মাধ্যমে বাপেক্স এই কাজটি করেছে। তাদের গ্যাস উত্তোলন বাড়ানোর কার্যক্রম অব্যাহত আছে।উৎপাদন অংশীদারি চুক্তির (পিএসসি) অধীনে দুটি বিদেশি কোম্পানি, অস্ট্রেলীয় স্যান্তোস ও মার্কিন শেভরন নতুন নতুন কূপ খনন করছে। কিন্তু প্রত্যাশার তুলনায় প্রাপ্তি হতাশাব্যঞ্জক। সমুদ্রবক্ষের ১৬ নম্বর ব্লকে স্যান্তোস দুটি নতুন কূপ করে একটিতেও গ্যাস পায়নি। এর মধ্যে তাদের প্রথম কূপ ‘দক্ষিণ সাঙ্গু ৪’-এ গ্যাস না পেয়ে গত ৯ নভেম্বর খননকাজ পরিত্যক্ত ঘোষণা করে। এরপর সাঙ্গু-১১ কূপের খননকাজ শুরু করে। কিন্তু সেটিতেও তারা বাণিজ্যিক ভিত্তিতে উত্তোলনযোগ্য গ্যাস পায়নি বলে পেট্রোবাংলার চেয়ারম্যান প্রথম আলোকে বলেছেন। স্যান্তোস এখন ‘উত্তর-পূর্ব সাঙ্গু-১’ নামে আরেকটি নতুন কূপ খনন করবে।একইভাবে শেভরন পটুয়াখালীর চর কাজলে একটি অনুসন্ধান কূপ খনন করে কোনো গ্যাস না পেয়ে পিএসসি অনুযায়ী ওই জায়গা সরকারের কাছে ফিরিয়ে দিয়েছে (রেলিংকুইসড)। মৌলভীবাজার গ্যাসক্ষেত্রের দুটি নতুন কূপেও শেভরনের প্রাপ্তি হতাশাব্যঞ্জক। পেট্রোবাংলার চেয়ারম্যান বলেন, শেভরন তাঁদের চিঠি দিয়ে জানিয়েছে যে ওই দুটি কূপ থেকে তারা মাত্র তিন কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করতে পারে। শেভরন মৌলভীবাজার ক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর পর থেকেই বিপুল পরিমাণ গ্যাস পাওয়ার সম্ভাবনার কথা বলে আসছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা নূরজাহান চা-বাগানের কূপটি থেকে দৈনিক এক কোটি এবং জাগছড়া চা-বাগানের কূপটি থেকে দৈনিক দুই কোটি ঘনফুট গ্যাস সরবরাহের আশ্বাস দিয়েছে। অথচ শেভরনের পরিচালিত যেকোনো ক্ষেত্রের একেকটি কূপ থেকে দৈনিক ছয় কোটি ঘনফুট কিংবা তার চেয়েও বেশি গ্যাস তোলা হয়। শেভরন এখন বিবিয়ানা ক্ষেত্রে নতুন কূপ খননের প্রক্রিয়া শুরু করেছে।দ্রুত নতুন কূপ খনন করে গ্যাস উত্তোলন বাড়ানোর লক্ষ্যে রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ‘গ্যাজপ্রম’-এর সঙ্গে সরকার চুক্তি করতে যাচ্ছে। এই চুক্তির অধীনে গ্যাজপ্রম রাষ্ট্রীয় ক্ষেত্রগুলোতে ১০টি নতুন কূপ খনন করবে। পেট্রোবাংলার চেয়ারম্যান বলেছেন, আগামী মাসের মাঝামাঝি গ্যাজপ্রমের সঙ্গে চুক্তি হবে। এরপরই তারা কাজ শুরু করবে।সরবরাহে সীমাবদ্ধতা: দীর্ঘদিন ধরে দেশে চাহিদার তুলনায় গ্যাসের সরবরাহ-সংকট চলেছে। অন্যদিকে, সিলেট অঞ্চলে এখনো প্রায় ১০ কোটি (১০০ মিলিয়ন) ঘনফুট গ্যাস উদ্বৃত্ত। কারণ লাইনের সীমাবদ্ধতার কারণে ওই অঞ্চলে উৎপাদিত সব গ্যাস জাতীয় গ্রিডে আনা যাচ্ছে না। যে গ্যাস জাতীয় গ্রিডে আনা যায়, তাও সারা দেশে সঠিক চাপে বিতরণ করা যাচ্ছে না গ্রিডে কমপ্রেশার না থাকায়। এখন মুচাইয়ে একটি কমপ্রেশার বসানোর কাজ চলছে। গ্যাসের চাপ ঠিক রাখার জন্য আরও অন্তত দুটি কমপ্রেশার বসাতে হবে।মন্ত্রণালয় সূত্র জানায়, হবিগঞ্জের বিবিয়ানা থেকে টাঙ্গাইলের ধনুয়া পর্যন্ত ১৯০ কিলোমিটার দীর্ঘ একটি লাইন স্থাপনের কাজ ২০১২ সালের মধ্যে শেষ করার পদক্ষেপ নেওয়া হয়েছে। নর্থ-সাউথ পাইপলাইনের সমান্তরাল আরেকটি লাইন বসানোর কাজও শুরু করা হয়েছে। এই কাজও ২০১২ সালের মধ্যে শেষ হবে বলে সরকারের আশা।জাতীয় গ্রিডে গ্যাসের চাপ ঠিক রাখার জন্য এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) অর্থায়নে দুটি কমপ্রেশার বসানোর কাজ প্রক্রিয়াধীন। এ ছাড়া, সম্প্রতি রাশিয়ার কাছেও দুটি কমপ্রেশার বসানোর কাজে সহায়তার আশ্বাস পাওয়া গেছে।অনুসন্ধান কার্যক্রম: একাধিক ভূতাত্ত্বিক জরিপ অনুযায়ী, দেশে তেল-গ্যাস পাওয়ার সম্ভাবনা বিপুল। তবে প্রকৃত অবস্থা কী, তা জানতে প্রায় ১০ বছর পর একাধিক সম্ভাবনাময় নতুন ক্ষেত্রে গত বছর থেকে অনুসন্ধান শুরু করা হয়েছে। এর নেতৃত্ব দিচ্ছে রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্স।বাপেক্সের ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ দল গত বছর তিনটি ক্ষেত্রের (রশিদপুর, কৈলাসটিলা ও সিলেট বা হরিপুর) ৭৫০ বর্গকিলোমিটার এলাকায় কাজ শেষ করেছে। এর মধ্যে রশিদপুরে অত্যন্ত আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। সেখানে বিদ্যমান গ্যাসের পরিমাণ সম্পর্কে আগে যা জানা ছিল, তার চেয়ে গ্যাস অনেক বেশি বলে জরিপে প্রমাণ পাওয়া গেছে। অন্য দুটি ক্ষেত্রের ফলও আগামী মে-জুন মাসের মধ্যে পাওয়া যাবে।বাপেক্সের ওই দলটি এখন জপির চালাচ্ছে দেশের সবেচেয়ে বড় গ্যাসক্ষেত্র তিতাসে। গত শুক্রবার সেখানে আনুষ্ঠানিক কাজের উদ্বোধন করেছেন জ্বালানিসচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন। ওই দিন অপরাহ্নে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নের ধরন্তী গ্রামের একটি মাঠের ১৫ মিটার গভীরে প্রথম ডিনামাইটটির বিস্ফোরণের মাধ্যমে এই কাজ শুরু করা হয়। জরিপ দলের প্রধান (পার্টি চিফ) মেহেরুল হাসান প্রথম আলোকে বলেন, তিতাসের ৩৩৫ বর্গকিলোমিটার এলাকায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যে তাঁরা জরিপ শেষ করবেন। এরপর যাবেন বাখরাবাদ ক্ষেত্রে।শুধু জরিপ নয়, বাপেক্স নতুন নতুন অনুসন্ধান ও উত্তোলনকূপ খননের কার্যক্রমও চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে নোয়াখালীর সুন্দলপুর ভূকাঠামোয়, কুমিল্লার সালদা নদী ও খাগড়াছড়ির সেমুতাং ক্ষেত্রে কূপ খনন করে গ্যাস পেয়েছে। এরপর তারা নতুন ও বিপুল সম্ভাবনাময় সুনেত্র, কাপাসিয়া, কামতা প্রভৃতি ক্ষেত্রে কূপ খনন করবে।একনজরে গ্যাস খাতের তিন বছরের চিত্র বিষয় জানুয়ারি ২০০৯ ডিসেম্বর ২০১১ গ্যাসক্ষেত্রের সংখ্যা ২৩ ২৩ উৎপাদনরত গ্যাসক্ষেত্র ১৬ ১৯ মোট মজুদ (নিশ্চিত ও সম্ভাব্য) ২০.৬০৫ টিসিএফ ২০.৭০০ টিসিএফ এ পর্যন্ত ব্যবহূত গ্যাসের পরিমাণ ৮.০৫০ টিসিএফ ৯.৪৪০ টিসিএফ অবশিষ্ট মজুদ ১২.৫৫৫ টিসিএফ ১১.২৬ টিসিএফ দৈনিক উত্তোলনক্ষমতা ১৭৫ কোটি ঘনফুট ২৪০ কোটি ঘনফুট সরকারি ক্ষেত্রগুলোর দৈনিক ক্ষমতা প্রায় ৭৫ কোটি ঘনফুট প্রায় ১১০ কোটি ঘনফুট বিদেশি কোম্পানির দৈনিক ক্ষমতা প্রায় ১০০ কোটি ঘনফুট প্রায় ১৩০ কোটি ঘনফুট দৈনিক চাহিদা ২০০ কোটি ঘনফুট ২৫০ কোটি ঘনফুট দৈনিক ঘাটতি ২৫ কোটি ঘনফুট ৫০ কোটি ঘনফুট তিন বছরে উৎপাদনক্ষমতা বৃদ্ধি ৬৫ কোটি ঘনফুট (সঞ্চালনে সীমাবদ্ধতায় পূর্ণ ক্ষমতার উৎপাদন ব্যাহত)।