গ্যাসের চুলার আগুনে আহত ৫
রাজধানীর পূর্ব রামপুরার একটি বাসায় গ্যাসের চুলার আগুনে পুড়ে একই পরিবারের পাঁচজন গুরুতর আহত হয়েছেন।আহত ব্যক্তিরা হলেন:গীতা রানী (৫০), তাঁর মেয়ের জামাই পিংকন বণিক (৩৫), মেয়ে পিংকি বণিক (৩০) ও তাঁর দুই ছেলে পিকু (৩) ও দেড় বছরের পিনান। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিত্সা দেওয়া হচ্ছে। গীতা রানীর অবস্থা আশঙ্কাজনক।ওই পরিবারের ঘনিষ্ঠস্বজন তপন বণিক প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সোয়া ছয়টার দিকে পূর্ব রামপুরার ৮৪/ ৯ নম্বর বাড়ির ছয় তলার একটি ফ্ল্যাটে এই দুর্ঘটনা ঘটে। এ সময় গীতা রানী রান্নাঘরে গ্যাসের চুলা জ্বালাতে গেলে বিকট শব্দে আগুন লেগে পুরো ফ্ল্যাটে ছড়িয়ে পড়ে। পারিবারিক সূত্রের বরাত দিয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের কর্মকর্তা নজরুল ইসলাম প্রথম আলো ডটকমকে জানান, রাতে চুলা জ্বালানোর সময় গ্যাস না থাকায় চাবিটি খোলা রাখা ছিল। পরে গ্যাস আসার পর জানালা বন্ধ থাকায় তা ফ্ল্যাটের বিভিন্ন ঘরে ছড়িয়ে পড়ে। ভোরে চুলা জ্বালাতে গেলে গ্যাস ভরা ফ্ল্যাটে আগুন ধরে যায়। তবে আধা ঘণ্টার মধ্যে আগুন নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা।