গ্যাসের জন্য গাড়ির দীর্ঘ লাইন, ছোটাছুটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত রাজধানীর সিএনজি স্টেশনগুলো গতকাল সোমবার বন্ধ ছিল। তবে প্রথম দিনে সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে স্টেশন কর্তৃপক্ষ ও গাড়ির মালিক বা চালক দুই পক্ষকেই বেশ বেগ পেতে হয়েছে। গতকাল সকাল থেকেই সিএনজি স্টেশনগুলোতে উপচে পড়া ভিড় ছিল। বেলা তিনটার পরও রাজধানীর তেজগাঁও, মহাখালী, আসাদগেট, মগবাজার, বাসাবো, গাবতলী ও যাত্রাবাড়ীতে প্রায় প্রতিটি বড় সিএনজি স্টেশনের সামনে শত শত গাড়ি গ্যাসের জন্য লাইন ধরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সিএনজিচালিত অসংখ্য গাড়ি গ্যাসের জন্য এক স্টেশন থেকে অন্য স্টেশনে ছোটাছুটি করেছে।বিদ্যুৎকেন্দ্রে গ্যাস সরবরাহ বাড়িয়ে বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং গৃহস্থালি পর্যায়ে গ্যাসের চাপ বাড়ানোর জন্য সরকার সিএনজি স্টেশনগুলো গতকাল থেকে প্রতিদিন ছয় ঘণ্টা করে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। সেই মোতাবেক স্টেশনগুলোতে এর আগেই চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে গাড়ি ঢোকা বা বের হওয়ার পথে নোটিশ টাঙানোর নির্দেশও দেওয়া হয়। সিএনজি স্টেশনগুলো সরকারি সিদ্ধান্তসংবলিত চিঠি আগেই ঝুলিয়ে রাখে। তার পরও তিনটার পর চালকদের অনেককেই গ্যাসের জন্য অনুনয়-বিনয় করতে দেখা গেছে। কেউ কেউ বিবাদেও লিপ্ত হয়েছেন। সিএনজি স্টেশনগুলো ছয় ঘণ্টা বন্ধ রাখার সিদ্ধান্তে নগরবাসীর কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। যেসব এলাকার মানুষ বাড়িতে রান্না করার জন্য পর্যাপ্ত গ্যাস পায় না, তারা সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। অন্যদিকে সিএনজিচালিত অটোরিকশা ও গাড়ির মালিক এবং চালকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। মোহাম্মদ শাহ আলম নামের একজন চালক বলেন, তিনি দেড় ঘণ্টা কারওয়ান বাজারে একটি স্টেশনে বসেছিলেন। বন্ধ হওয়ার সময় ঘনিয়ে আসায় তিনি ওই স্টেশন ছেড়ে মহাখালী এসেছেন। মহাখালীতে এসেও তিনি প্রয়োজনমাফিক গ্যাস পাননি। এমনিতে ৮০ টাকার গ্যাস ভরেন, কাল পেয়েছেন ৪৪ টাকার। তাঁর মতো আরও অনেকেই জানিয়েছেন গ্যাসের জন্য লম্বা গাড়ির সারি দেখে তাঁরা রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন। এ ছাড়াও অটোরিকশার চালকেরা বলেছেন, নতুন এই সিদ্ধান্তের কারণে তাঁদের ভাড়া আরও বাড়াবেন। ঝিগাতলা ট্যানারির মোড় থেকে আসা চালক মো. সোহরাব প্রথম আলোকে বলেন, এক নাগাড়ে ছয় ঘণ্টা গ্যাস বন্ধ থাকলে তাঁরা জমার টাকাও তুলতে পারবেন না। সরকার নতুন সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু সিএনজিচালিত অটোরিকশার মালিকেরা আগের মতোই ৭২০ টাকা জমা রাখছেন। মালিককে এই পরিমাণ টাকা দিতে হলে তাঁদের ভাড়া বাড়াতেই হবে। সিএনজি অটোরিকশার যাত্রী উম্মে সালমা বলেন, আমরা যারা প্রতিদিন অটোরিকশায় যাতায়াত করি, তাদের এমনিতেই বেশি ভাড়া গুনতে হয়। এখন পরিস্থিতি আরও জটিল হলো। অপরদিকে, গাড়িতে গ্যাস ভরতে আসা গুলশানের গৃহিণী শাহীন ইয়াসমীন প্রথম আলোকে বলেন, সরকার তো বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর জন্য এ পর্যন্ত বহু উদ্যোগই নিয়েছে। কোনো কাজ হয়নি। এ দফাতেও কোনো কাজ হবে বলে মনে হয় না। নগরের সাত রাস্তার মোড়ের সিএনজি স্টেশন আকিজ অটোমেটিভ লিমিটেডের সহকারী প্রকৌশলী মো. লাভলু হোসেন জানান, বেলা তিনটায় যখন তাঁদের স্টেশন বন্ধ করা হয়েছে, তখনো প্রায় ২০০ গাড়ি গ্যাস ভরার অপেক্ষায় ছিল। তার ওপর দুপুর বেলা গ্যাসের চাপ কম থাকায় তাঁরা অনেক গাড়ির চাহিদা পূরণ করতে পারেননি। তবে যেহেতু নিয়ম না মানলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করাসহ সরকারি চিঠিতে অন্যান্য শাস্তির উল্লেখ করা হয়েছে, তাই তিনটা বাজার ১০ মিনিট আগে থেকেই তাঁরা কাজ গুছিয়ে আনার চেষ্টা করেছেন।