গ্যাসের দাবিতে দুই ঘণ্টা ঢাকা-নারায়ণগঞ্জ সড়ক অবরোধ
গ্যাস সংকট সমাধানের দাবিতে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার বাসিন্দারা আজ রোববার ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী রাস্তায় টায়ার জ্বালিয়ে অগ্নিসংযোগ ও বিক্ষোভ করে। এর ফলে সকাল নয়টা থেকে বেলা ১১টা পর্যন্ত এ সড়কে যান চলাচল বন্ধ থাকে। দুর্ভোগে পড়ে যাত্রীরা।এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে শহরের মাসদাইর, উত্তর মাসদাইর, কাশিপুর, বাড়ৈভোগ, ভোলাইলসহ আশপাশের এলাকায় গ্যাস সংকট চলছে। বারবার অভিযোগ করা সত্ত্বেও তিতাস গ্যাস অফিস কোনো কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। সিলিন্ডার গ্যাস ও কেরোসিনের স্টোভ দিয়ে রান্না কাজ করতে হচ্ছে। বিল দিয়ে গ্যাস না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করে তারা। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জীবন কান্তি সরকার জানান, সকাল নয়টার দিকে বৃহত্তর মাসদাইর এলাকাবাসী মাসদাইর কবরস্থান এলাকায় ঢাকা-নারায়ণগঞ্জ (পুরাতন) সড়ক অবরোধ করে। এ সময় তারা রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করে, টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। গৃহবধূ ও নারীশ্রমিকেরা বিক্ষোভে যোগ দিয়ে ঝাড়ু মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার অনুরোধ জানালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড নারায়ণগঞ্জ অফিসের মহাব্যবস্থাপক (জিএম) মজিবুল হক জানান, গ্যাস সংকট সমাধানের জন্য নতুন পাইপ লাইন স্থাপন করতে টেন্ডার ও ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। কিন্তু পৌরসভা থেকে রাস্তা কাটার অনুমোদন না দেওয়ায় কাজ শুরু করা যাচ্ছে না। পৌরসভা রাস্তা কাটার অনুমোদন দিলেই নতুন পাইপ লাইন বসানোর কাজ শুরু হবে।