গ্যাসের দাম বাড়ার পর...
সংকুচিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানো হয় ১২ মে। এর সঙ্গে সঙ্গে বেড়ে যায় নগর-বাসের ভাড়া। এ জন্য ১৯ মে থেকে বাসের ভাড়া বাড়ায় যোগাযোগ মন্ত্রণালয়। কিন্তু নগরের বাসমালিকেরা এই ভাড়ার হারকে তোয়াক্কা করছেন না। সব বাসেই বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে যাত্রীদের কাছ থেকে। এদিকে গ্যাসের দাম বাড়ায় সিএনজিচালিত অটোরিকশাচালকেরাও ভাড়া বাড়ানোর আবদার করছেন। অথচ গত জানুয়ারি মাসেই বেড়েছে অটোরিকশার ভাড়া। যানবাহনের ভাড়া বাড়ানোর ফলে নাগরিক জীবনে নেতিবাচক প্রভাব পড়েছে। যাত্রীদের সঙ্গে টিকিট বিক্রেতা কিংবা কন্ডাক্টরদের হল্লা লেগেই থাকছে। এসব নিয়ে লিখেছেন আল-আমিন হক।কাগুজে বাঘ...গত বৃহস্পতিবার কারওয়ান বাজারে উইনার বাসের কাউন্টারের সামনে দাঁড়িয়ে ছিলেন মুজিবুর রহমান। যাবেন মহাখালী। তিনি জানান, আগে কাউন্টার বাসে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকা ছিল। তা মানতেন না পরিবহন ব্যবসায়ীরা। এখন কাউন্টার বাসের সর্বনিম্ন ভাড়া সাত টাকা করা হয়েছে। এখন এটাও মানছে না বাসমালিকেরা। বাস কাউন্টারগুলোয় ১০-১২ টাকার নিচে কোনো টিকিট মিলছে না। বাসভাড়া বাড়ানো প্রসঙ্গে মুজিবুর রহমান বলেন, ‘বাসমালিকেরা তো আর সরকারের ঘোষণার জন্য অপেক্ষা করেন না। তাঁরা আগেই ভাড়া বাড়িয়ে বসে আছেন।এভাবেই ভাড়া দিতে হচ্ছে। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত কাগুজে বাঘ হয়ে থাকছে।’বিপাকে বাস-কর্মীজিগাতলায় মালঞ্চ বাসের টিকিট বিক্রি করেন হামিদুল মিয়া। সব সময় যাত্রীদের সঙ্গে তর্কাতর্কি করতে হচ্ছে তাঁকে। তিরিক্ষি মেজাজ নিয়ে তিনি বলেন, ‘আমরা আছি বিপদে। মালিকদের কথা মানতে হয়, আবার যাত্রীদের মেজাজি কথাও শুনতে হয়, আমরা আছি ফাটা বাঁশের চিপায়।’একাধিক বাস-কর্মী জানালেন, বাসভাড়া বাড়লে তাঁদের কোনো লাভ নেই। কিন্তু যাত্রীরা সব রাগ ঢালে তাঁদের ওপর। অনেকে তেড়ে এসে মেরেও বসছে। কিন্তু ভাড়া কম রাখার ক্ষমতা তাঁদের হাতে নেই।যাত্রীদের স্বার্থ কে দেখবে?ঢাকা সিটি কলেজের সামনে মিডওয়ে বাসের টিকিট কাটছিলেন একটি বেসরকারি সংস্থার কর্মকর্তা নাজিম রহমান। ‘বাসাবো থেকে মোহাম্মদপুর আসার টিকিটের দাম ১৮ থেকে দুই টাকা বাড়িয়ে ২০ টাকা করা হয়েছে। অথচ এখানে বাড়ানো হয়েছে চার টাকা। একই দূরত্বে দুই রকম ভাড়া হয় কীভাবে?’ এমন প্রশ্নে টিকিট বিক্রেতার একটাই কথা, ‘মালিকরে ফোন করেন।’ নাজিম রহমান একটু রেগে গিয়ে বললেন, ‘দেশটা কি বাসমালিকের নাকি?’তবে শ্যামলীর বাসিন্দা ফজলে আজিম জানালেন, বনানীতে বেঙ্গল পরিবহনের কাউন্টারে টিকিট বিক্রেতার কথামতো তাঁদের অভিযোগ নম্বরে ফোন করেছিলেন। কিন্তু সেই নম্বরটি বন্ধ পাওয়া গেছে। ফোন বন্ধ পেয়ে যাত্রীরা টিকিট বিক্রেতার সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়েন। কারণ, সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া আদায় করা হলে তা মেনে নেওয়া যায় না। বাসের ভাড়া বাড়ানোর আগে সরকারের উচিত ছিল যাত্রীদের কথা চিন্তা করা। অথচ যেভাবে সরকার বাসের ভাড়া বাড়িয়েছে, তাতে শুধু পরিবহন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা হয়েছে। যাত্রীদের স্বার্থ দেখার কেউ নেই। নইলে সর্বনিম্ন ভাড়া পাঁচ টাকার জায়গায় সাত টাকা হতো না বলে জানান ফজলে আজিম।ভাড়া নির্ধারণের বৈঠকে যাত্রীপক্ষের কোনো প্রতিনিধি ছিল কি না, তা নিয়ে অনেকেই সন্দিহান। এ নিয়ে বেসরকারি চাকুরে আমিনুর রহমানের মন্তব্য, ‘ভাড়া যেভাবে বাড়ানো হয়েছে, তাতে দেখা যাচ্ছে বাসমালিকেরাই সব সুবিধা পেয়েছেন। ভাড়া বাড়ানোর মিটিংয়ে যাত্রীদের পক্ষে কথা বলার কি কেউ ছিল না?’সিএনজিচালিত অটোরিকশায় কারওয়ান বাজার থেকে বাড্ডা যাবেন মিজানুর রহমান। চালক তাঁর কাছ থেকে মিটারের ভাড়ার চেয়ে ২০ টাকা বেশি দাবি করলেন। মিজানুর রহমান জানালেন, মাস কয়েক আগেই সিএনজিচালিত অটোরিকশার ভাড়া বাড়ানো হয়েছে। এখন আবার সিএনজির দাম বাড়ায় অটোরিকশাচালকেরা বেশি ভাড়া নিচ্ছেন। আগে ভাড়া না বাড়িয়ে এখন বাড়ালেই ভালো হতো। সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়হীনতার কারণেই এটা হচ্ছে।কাউন্টারে ‘পেপার-কাটিং’!বাসভাড়া বাড়ানো হলো কেন? যাত্রীদের এ প্রশ্নের উত্তর দিতে দিতে ক্লান্ত বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা। তাই মোহাম্মদপুরের একটি টিকিট কাউন্টারের সামনে পত্রিকায় প্রকাশিত সিএনজির দাম বাড়ানোর প্রতিবেদনের ‘কাটিং’ ঝুলিয়ে রাখা হয়েছে। এক যাত্রী এসে টিকিট বিক্রেতার দিকে প্রশ্ন ছুড়লেন, ‘চার টাকা বেশি নিচ্ছেন কেন?’ এমন প্রশ্নে বিক্রেতা আঙুল উঁচিয়ে দেখিয়ে দিচ্ছেন সেই ‘কাটিং’।একজন যাত্রী বললেন ‘পত্রিকায় তো এ সংবাদও এসেছে যে সরকার নির্ধারিত ভাড়া আদায় করতে হবে। আপনারা তো সারা বছর সেই নির্দেশ অমান্য করছেন। তার কী হবে? খালি, নিজের বেলায় ষোলআনা।’‘হাঁইট্যাই যামু’‘শংকর থাইক্যা সাইন্সল্যাব ১২ টাকা! বাসে যামু না, হাঁইট্যাই যামু।’ বলেই হাঁটা শুরু করলেন মমিনুর রহমান। কিন্তু ঠা-ঠা রোদ্দুরে হেঁটে যাওয়া চাট্টিখানি কথা নয়, তাই আবার ফিরে এসে ১২ টাকা দিয়েই টিকিট কেটে চড়ে বসলেন মৈত্রী বাসে। এ রকম নিরুপায় হয়েই বাসে চড়তে হচ্ছে যাত্রীদের।অনেক যাত্রী ভাড়া বাড়ানোর বিরুদ্ধে প্রতিবাদ করে টিকিট কাউন্টার-কর্মীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ছেন। প্রায়ই তা হাতাহাতিতে রূপ নিচ্ছে। কলেজ গেটের একটি কাউন্টারে টিকিট বিক্রেতার সঙ্গে তর্ক করেছেন বাংলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী লাবিব কবির। তাই তাঁর মনটা একটু খারাপ। লাবিবের ভাষ্য, ‘বাড়ি থেকে যে টাকা দেয় তা দিয়ে চলা মুশকিল। আবার বাসের ভাড়া বৃদ্ধি। এভাবে কি চলা সম্ভব?’