গ্যাসের সংকটে বস্ত্রখাতের তিন সংগঠনের উদ্বেগ
চলমান গ্যাসসংকট নিয়ে দেশের বস্ত্রখাতের উত্পাদক ও রপ্তানিকারকদের তিনটি সংগঠন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।আজ মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) কার্যালয়ে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), বাংলাদেশ বস্ত্র কারখানা সমিতির (বিটিএমএ) ও নেতারা এক যৌথ বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করেছেন।বৈঠকে নেতারা বলেন, সাম্প্রতিকালে গ্যাসের তীব্র সংকট ও সরবরাহের অপ্রতুলতার কারণে বাংলাদেশের বৃহত্তম রপ্তানিখাত বস্ত্র ও তৈরি পোশাকশিল্প এক ভয়াবহ সময় অতিক্রম করছে। বিশেষ করে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, গাজীপুর, আশুলিয়া ও সাভারের বেশকিছু অঞ্চলে গ্যাসসংকটের তীব্রতার কারণে অনেক রপ্তানিমুখী প্রতিষ্ঠানের স্বাভাবিক উত্পাদন কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। এ কারণে বস্ত্র ও তৈরি পোশাকশিল্পের অস্তিত্ব হুমকির মুখে পড়েছে।বৈঠক শেষে বিটিএমএর সভাপতি আবদুল হাই সরকার, বিজিএমইএর সভাপতি আবুস সালাম মোর্শেদী ও বিকেএমইএর সভাপতি ফজলুল হক এক যৌথ বিবৃতি দেন। বিবৃতিতে তাঁরা বলেন, যত দ্রুত সম্ভব গ্যাস ব্যবস্থাপনাগত মানের উন্নতি ঘটাতে না পারলে, চলমান বৈশ্বিক মন্দাবস্থা থেকে উত্তরণে বাংলাদেশের রপ্তানি খাতগুলোর প্রচেষ্টা মারাত্মকভাবে ব্যাহত হবে। তাই শ্রমঘন রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানে অগ্রাধিকার ভিত্তিতে গ্যাস সরবরাহ বৃদ্ধি করাই হবে এ সময়ের প্রেক্ষাপটে বাস্তবসম্মত পদক্ষেপ।নেতারা এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার মাধ্যমে রপ্তানিমুখী শিল্পপ্রতিষ্ঠানগুলোর উত্পাদন কার্যক্রম যাতে ব্যাহত না হয়, সে বিষয়টি নিশ্চিত করার জন্য সরকারের কাছে জোর দাবি জানিয়েছেন।