গ্যেটে ইনস্টিটিউটে সুবর্ণজয়ন্তীর আয়োজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৬১ সালের কথা। বাংলা ও জার্মান ভাষার শিল্প, সাহিত্য, সংস্কৃতি বিনিময়ের লক্ষ্যে কাজ শুরু করে জার্মান একটি প্রতিষ্ঠান। এর নাম গ্যেটে ইনস্টিটিউট। ১০ বছরে পা দিতেই ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় বন্ধ হয়ে যায় এর কার্যক্রম। ১৯৭৪ সালে আবার স্বাধীন বাংলাদেশে যাত্রা শুরু করে গ্যেটে ইনস্টিটিউট। এবার নাম বদলে হয়ে যায় গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ। তবু ১৯৬১ সালকেই এর জন্মবর্ষ ধরা হয়। এ বছরের ২০ ডিসেম্বর প্রতিষ্ঠার ৫০ বছর পূর্ণ হবে এর। সুবর্ণজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ। ধানমন্ডির ৯ নম্বর সড়কে এই ইনস্টিটিউটে ৮ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত সপ্তাহব্যাপী এ আয়োজনে থাকছে আলোকচিত্র, নাটক ও পুরোনো ব্যবহার্য জিনিসপত্রের প্রদর্শনী, কনসার্ট, কুইজ শো, র‌্যাফল ড্র, পুরোনো বই বিক্রয় প্রভৃতি।গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশের পরিচালক জুডিথ মেয়ারশবেয়ারগার এ সম্পর্কে বলেন, ‘বাংলাদেশ এ বছর তার স্বাধীনতার গৌরবময় ৪০ বছর পালন করছে। আবার কিছুদিন আগে বাঙালিরা পালন করল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবার্ষিকী। ঠিক এ রকম একটি মুহূর্তে গ্যেটে ইনস্টিটিউট বাংলাদেশ প্রতিষ্ঠার ৫০ বছর, অর্থাৎ সুবর্ণজয়ন্তী পালন করতে যাচ্ছে। ব্যাপারটিতে আমরা অনেক আনন্দিত। আমরা এই ৫০ বছরে চেয়েছি বাংলা ও জার্মান সংস্কৃতির বিনিময় ঘটিয়ে দুই দেশের সংস্কৃতির উন্নয়ন করতে। আমরা মনে করি, এ ব্যাপারে আমরা অনেকটাই সফল।’৮ থেকে ১৩ অক্টোবর জার্মান আলোকচিত্রীদের ছবি নিয়ে ‘জার্মানিতে একদিন’ শিরোনামে আলোকচিত্র প্রদর্শনী হবে গ্যেটে ইনস্টিটিউটে। একই সময়ে গ্যেটে ইনস্টিটিউটে বাংলাদেশের বিভিন্ন সময়ের ব্যবহার্য জিনিসপত্র ও আলোকচিত্র প্রদর্শিত হবে। ৮ অক্টোবর বেলা দুইটা থেকে রাত নয়টা পর্যন্ত হয়েছে কুইজ শো ও র‌্যাফল ড্রর আয়োজন।এ ছাড়া বিক্রয় করা হয়েছে পুরোনো বই। কুইজ ও র‌্যাফল ড্রর বিজয়ীদের পুরস্কার দিয়েছে ইনস্টিটিউট কর্তৃপক্ষ। আবার এই দিন আসা দর্শনার্থীদের জন্য বিভিন্ন প্রকারের জার্মান খাবার প্রদর্শন করা হয়।আজ সন্ধ্যায় ইনস্টিটিউটের বার্লিন হলে সেন্টার ফর এশিয়ান থিয়েটারের উদ্যোগে প্রদর্শিত হবে নাটক মেটামরফসিস। ১৩ অক্টোবর সন্ধ্যা সাতটায় ইনস্টিটিউটের বার্লিন হলে জার্মানির বিখ্যাত সংগীতজ্ঞ ও সংগীত-সাংবাদিক জেন্স ফ্রিবি এবং ব্যান্ড ব্ল্যাককে নিয়ে অনুষ্ঠিত হবে কনসার্ট। ১২ অক্টোবর বিকেল তিনটায় অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল মিলনায়তনে বাংলাদেশে অবস্থানরত জার্মান শিক্ষক ও ছাত্রছাত্রীদের নিয়ে নাচ, গান ও উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে। আয়োজনগুলো দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।জার্মানের শিল্প-সংস্কৃতির অতীত-বর্তমানের অনেকটাই জানা যাবে সপ্তাহব্যাপী এ আয়োজনে। যে কেউ যেতে পারেন অনুষ্ঠানে।