গ্রন্থমেলার তিন দফায় ৫৫৬টি স্টল বরাদ্দ
রোববার দুপুর পৌনে দুইটা। বাংলা একাডেমীর একজন কর্মকর্তার কক্ষে বেশ জটলা। হইচই শোনা যাচ্ছিল বাইরে থেকে। সেই জটলার মধ্যমণি সুভাষ সিংহ রায়। সাবেক এই ছাত্রনেতা এবারের অমর একুশে গ্রন্থমেলা পরিচালনা কমিটির সদস্য। দেখা গেল, তাঁকে ঘিরে ধরেছেন অনেকে। অমর একুশে গ্রন্থমেলায় স্টল বরাদ্দ পাওয়ার আবেদন নিয়ে এসেছেন সাবেক এই ছাত্রনেতার কাছে। তিনি নিজে কাউকে কাউকে স্টল বরাদ্দের আশ্বাস দিচ্ছিলেন, কাউকে আবার মহাপরিচালক বা মেলা কমিটির সদস্যসচিবের কাছে আবেদন করার পরামর্শ দিচ্ছিলেন।এবারের অমর একুশে গ্রন্থমেলায় স্টল বরাদ্দ, স্টলের সাজসজ্জা সমাপ্ত করার সময় নির্ধারণ নিয়ে বেশ তালগোল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ‘চূড়ান্ত বরাদ্দ’ ঘোষণা দেওয়ার পরও কয়েক দফায় তা বদল করা হয়েছে। চূড়ান্ত বরাদ্দ ঘোষণায় প্রথমবার ৪২৪টি স্টল ছিল। এরপর দ্বিতীয়বার সংখ্যা বাড়িয়ে করা হয় ৫২২টি। তৃতীয় দফায় আরও ৩৪টি স্টল বাড়িয়ে গতকাল সর্বশেষ চূড়ান্ত বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে ৫৫৬টি। আর নতুন করে স্টল বরাদ্দ দেওয়া হবে না বলে একাডেমী সূত্রে বলা হয়েছে।এদিকে নীতিমালা অনুযায়ী, পূর্বঘোষণা ছিল যে ৩০ জানুয়ারি বিকেলের মধ্যে স্টল নির্মাণ ও সাজসজ্জার কাজ শেষ করতে হবে। যারা তা পারবে না, তাদের বরাদ্দ বাতিল করে সেই স্টল অন্যদের দেওয়া হবে, কিন্তু বাস্তবে তা হয়নি। মেলা চত্বর ঘুরে দেখা গেল, নির্ধারিত সময়ের মধ্যে অনেক স্টলের কাজ সমাপ্ত হয়নি। তাই মেলা কমিটি নীতিমালার কড়াকড়ি শিথিল করে সাজসজ্জার সময় বাড়িয়ে দিয়েছে। আজ সোমবার বিকেলের মধ্যে কাজ সম্পন্ন করতে হবে।গতকাল সারা দিনই একাডেমীর প্রশাসনিক ভবনে স্টল বরাদ্দ পাওয়ার প্রত্যাশীদের ভিড় দেখা গেছে। তাঁদের বেশির ভাগই ছিলেন ক্ষমতাসীন দলের সমর্থক বিভিন্ন সংগঠন বা সংস্থার প্রতিনিধি। রাজনৈতিক বিবেচনায় এবার আওয়ামী শিল্পীগোষ্ঠী, বঙ্গবন্ধু প্রচার কেন্দ্র, জয় বাংলা সাংস্কৃতিক জোট, বঙ্গবন্ধু প্রকাশনা সংস্থা, বঙ্গবন্ধু রিসার্চ সেন্টারসহ বেশ কিছু প্রতিষ্ঠান দুই ইউনিটের স্টল পেয়েছে। সুভাষ সিংহ রায় বলেন, ‘কিছু প্রতিষ্ঠানের দাবি থাকে স্টল বরাদ্দের ব্যাপারে, কিন্তু আমরা কাউকে বিশেষ সুযোগ-সুবিধা দিইনি। প্রকৃত প্রকাশকেরা স্টল বরাদ্দ নিয়ে ঝামেলায় পড়েন না। তাঁরা নীতিমালা অনুসারেই স্টল পান। সংগঠন বাদ দিয়ে শুধু প্রকাশকদের স্টল বরাদ্দ দিলে অনেক সুন্দরভাবে মেলার আয়োজন করা যেত।’বিগত কয়েক বছরের তুলনায় এবার সবচেয়ে বেশি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। একাডেমীর উপপরিচালক মুর্শিদ উদ্দিন আহমেদ জানান, সর্বশেষ চূড়ান্ত বরাদ্দ দেওয়া ৫৫৬টি স্টলের মধ্যে ২২৭টি প্রকাশনা সংস্থা পেয়েছে ৩৬০টি, ৬৬টি সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পেয়েছে ৮৮টি, ১৬টি শিশুতোষ বইয়ের প্রকাশকেরা পেয়েছেন ২২টি স্টল। এ ছাড়া বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি উন্নয়ন সংস্থা ও গণমাধ্যম পেয়েছে ৮৬টি স্টল। গত বছর মেলায় স্টল ছিল ৫২২টি, এর আগের দুই বছর ছিল যথাক্রমে ৪৩৬ ও ৩৬২টি।বেলা দুইটা ৪০ মিনিটে একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান মেলা পরিচালনা কমিটির কয়েকজন সদস্যকে নিয়ে মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন। মেলার পরিধি না বাড়লেও স্টলের সংখ্যা বাড়ানোর কারণ জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘নানা মহল থেকে আমাদের কাছে চাপ আসে। একপর্যায়ে আমাদের কিছুই করার থাকে না। না চাইলেও আমাদের বরাদ্দ দিতে হয়।’ তিনি অবশ্য বিষয়টিকে ইতিবাচক হিসেবেই দেখতে বলেছেন। কারণ এই প্রাণের মেলার প্রতি সবারই গভীর আগ্রহ থাকে। এতে যদি ভালো বই প্রকাশের সংখ্যা বাড়ে, তাতে বাংলা ভাষা ও সাহিত্যই লাভবান হবে।বইয়ের দাম বাড়ার আশঙ্কা: প্রকাশকেরা বলেছেন, গত তিন মাসে কাগজের দাম বেড়েছে, তাই এবার বইয়ের দাম কিছুটা বাড়তে পারে। নয়াবাজারের প্রভিন্সিয়াল পেপার স্টোরের ব্যবস্থাপক শওকত উল্লাহ জানান, গত বছরের শেষের দিকে আন্তর্জাতিক বাজারে কাগজের দাম কিছুটা বেড়েছে। তা ছাড়া এখন চাহিদাও বাড়তি। প্রকাশকেরা জানান, এবার তাঁরা প্রতি ফর্মা অর্থাৎ ১৬ পৃষ্ঠার জন্য ১৫ থেকে ২২ টাকা মূল্য ধরেছেন। কিছু কিছু লেখকের বইয়ের ক্ষেত্রে এর ব্যতিক্রমও ঘটতে পারে। তবে এবারের মেলায় বাংলা একাডেমী নিজস্ব বই ৩০ শতাংশ এবং অন্যান্য সংস্থা ২৫ শতাংশ হারে কমিশন দেবে।নিরাপত্তাব্যবস্থা: মেলায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানান একাডেমীর মহাপরিচালক। পুলিশ, র্যাব ছাড়াও সাদা পোশাকে পুলিশের টহল থাকবে। নিরাপত্তার জন্য থাকবে সিসিটিভি। এ ছাড়া ধুলোবালুর ওড়াউড়ি বন্ধে প্রয়োজনীয় পানি সরবরাহ করবে ওয়াসা। গতবারের মতো এবারও মেলায় শাহবাগের দিকের প্রবেশপথ করা হয়েছে আণবিক শক্তি কমিশনের সামনে এবং দোয়েল চত্বরের দিকের প্রবেশপথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খাদ্য ও পুষ্টিবিজ্ঞান ইনস্টিটিউটের সামনে।