গ্রন্থমেলায় চোরের উত্পাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অরণী পড়ে সপ্তম শ্রেণীতে ভিকারুননিসা নূন স্কুলে। আদৃতা ভর্তি হওয়ার জন্য কোচিং করছে। আর অরিত্র বাড়িতে মায়ের কাছে পড়ে। খুশিতে ডগমগ তারা। তিনজনের হাতে তিনটি প্যাকেট। তাতে নতুন বই। অরণী কিনেছে মুহম্মদ জাফর ইকবালের টুকুনজিল আর ইমদাদুল হক মিলনের ক্লাসের সবচেয়ে দুষ্টু ছেলেটি। ছোট দুই ভাইবোনের প্যাকেটে আছে বন্দে আলী মিয়ার ঝিনুকপরি ও শিয়ালপণ্ডিতের গল্প। বাবা-মায়ের সঙ্গে তারা গতকাল মঙ্গলবার বিকেলে এসেছিল বাংলা একাডেমীর গ্রন্থমেলায়। তাদের বাবা সাজ্জাদুল ইসলাম নৌপরিবহন মন্ত্রণালয়ের কর্মকর্তা। বললেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নিয়মিতই মেলায় আসতাম। এখন তো আর হয়ে ওঠে না। ছুটির দিনে খুব ভিড় থাকে। বাচ্চাদের নিয়ে চলাফেরা করা যায় না। আজ আবহাওয়া বেশ চমত্কার মনে হলো। শীতও নেই, বসন্তের প্রভাব পড়ে গেছে। তাই সবাই মিলে মেলায় চলে এলাম। আরও একদিন আসব। তবে তা ২১ ফেব্রুয়ারির পরে। তখন আমি আমার পছন্দের বই কিনব।’ বইমেলার পরিবেশ এখন এমনই। বিকেলে অনেকেই ছেলেপুলে নিয়ে মেলায় আসছেন তাদের পছন্দের বই কিনে দিতে।পথের মেলায় চুরি: চোরের উত্পাত শুরু হয়েছে মেলায়। পথের মেলায় দ্বিতীয় দফায় চুরি হয়েছে গত সোমবার রাতে। চোরেরা অন্তত ১০টি স্টলের পেছনের দিকের দেয়াল কেটে বই নিয়ে গেছে। গতকাল স্টলের মালিকেরা একাডেমীতে চুরির অভিযোগ করেছেন। এই স্টলগুলো হলো স্পন্দন, মুক্তিযুদ্ধ প্রজন্ম, সালমা বুক ডিপো, শামিম পাবলিশার্স, পদাতিক নাট্য সংসদ, জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোট, বিশ্ব কবিতা উত্সব, ইসকন, মেলা ও কাব্য মালঞ্চ। কত টাকার বই চুরি গেছে সেই হিসাব হয়নি। তবে জয়বাংলা সাংস্কৃতিক ঐক্যজোটের সম্পাদক শেখ আবদুল কাদের জানালেন, তাঁদের প্রায় ৩০ হাজার টাকার বই চুরি গেছে। এর আগে ৫ ফেব্রুয়ারি রাতেও পাঁচটি দোকানে চুরি হয়েছিল।লেখক, প্রকাশক, পাঠকের প্রতিবাদ: সন্ধ্যায় মেলায় উপস্থিত লেখক, প্রকাশক ও পাঠকেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের হামলার ঘটনায় তাত্ক্ষণিক প্রতিবাদ সভার আয়োজন করেন। বর্ধমান হাউসে তথ্যকেন্দ্রের সামনের এই প্রতিবাদ সভায় অধ্যাপক আবদুল মান্নান চৌধুরী, প্রত্যয় জসীম, আসলাম সানীসহ অনেকে বক্তব্য দেন। তাঁরা এ ঘটনার নিন্দা ও দোষী ব্যক্তিদের শাস্তি এবং জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার দাবি করেন।মোড়ক উন্মোচন: নজরুল মঞ্চে এদিন ১৮টি বইয়ের মোড়ক উন্মোচন হয়েছে। এর মধ্যে কয়েকটি হলো সামিনা লুত্ফা নিত্রার খনা, এ এস এম ইউনুসের কামরাঙ্গী চরের ইতিহাস, জেসমিন আমিনের স্বপ্নের রঙ ইত্যাদি।নতুন বই: ১০৮টি নতুন বই গতকাল জমা পড়েছে তথ্যকেন্দ্রে। উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে ছিল পার্ল থেকে সিরাজুল ইসলাম চৌধুরীর আত্মজীবনী দুই যাত্রায় এক যাত্রী, শব্দশিল্প থেকে নির্মলেন্দু গুণের কাব্য শিয়রে বাংলাদেশ, সূচীপত্র থেকে আবদুল মান্নান সৈয়দের প্রবন্ধ সম্পাদকের কলাম, ঐতিহ্য থেকে আবদুশ শাকুরের উপন্যাস উত্তর-দক্ষিণ সংলাপ ও নির্বাচিত কড়চা, প্রশান্ত মৃধা সম্পাদিত অগ্রন্থিত কায়েস আহমেদ, ইত্যাদি থেকে রফিকুর রশীদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ কিশোর ইতিহাস, হায়াত্ মামুদের প্রবন্ধ মৃত্যুচিন্তা রবীন্দ্রনাথ ও অন্যান্য জটিলতা, প্যাপিরাস থেকে মাসুম রেজার নাটক মীনকন্যাদ্বয়, মাওলা ব্রাদার্স থেকে মোনাজাতউদ্দিন রচনা সমগ্র-১, মুনতাসীর মামুনের প্রবন্ধ দুঃসময়ের দিনগুলি, জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে আবুল হোসেনের ধর্মবিষয়ক গ্রন্থ ধর্মে মঙ্গল ছায়া, সাহিত্য প্রকাশ থেকে ফারুক চৌধুরীর পরিবেশবিষয়ক বিপন্ন পৃথিবী, মিজান পাবলিশার্স থেকে প্রত্যয় জসীমের বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক উপন্যাস মহানায়ক, প্রথমা থেকে এসেছে শাহীন আখতারের উপন্যাস সখী রঙ্গমালা। এ ছাড়া অনন্যা থেকে এসেছে ইকবাল হাসানের ভিন্নধর্মী রচনা চোখ ভেসে যায় জলে এবং দি রয়েল পাবলিশার্স থেকে তাঁর কবিতা ও সৈয়দ ইকবালের চিত্রকর্ম মিলিয়ে যুগলবন্দী, নান্দনিক থেকে এসেছে খোন্দকার আশরাফ হোসেনের কাব্য আয়(না) দেখে অন্ধ মানুষ, মুক্তচিন্তা থেকে এসেছে বাংলাদেশের নদনদীর পরিচিতি ও গতিপ্রকৃতি নিয়ে কবি সমুদ্র গুপ্তের বই বহে নিরবধি: নদী অববাহিকায় বাংলাদেশ, ভজন সরকারের প্রবন্ধ বিভক্তির সাতকাহন, অবসর থেকে এসেছে সাদ কামালী সম্পাদিত জ্যোতিপ্রকাশ দত্ত: আধুনিক ছোট গল্পের কবি, সিতারা ফেরদৌসের রান্নার বই ঢাকাই রান্না, সময় থেকে জাহানারা পারভীনের কবিতার বই জলবৈঠক ইত্যাদি।ভাষাশহীদ শফিউর: মেলার মূল মঞ্চে গতকাল ছিল ‘ভাষাশহীদ শফিউর রহমান’ শীর্ষক আলোচনা। মূল প্রবন্ধ পড়েন শফিকুর রহমান চৌধুরী। সভাপতিত্ব করেন বিচারপতি কাজী এবাদুল হক। আলোচনা করেন রওশন আরা বাচ্চু ও জিনাত হুদা অহিদ। শেষে মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটক প্রাগৈতিহাসিক নাগরিক নাট্যাঙ্গন মঞ্চস্থ করে। এবার শুরু থেকেই জমে উঠেছিল মেলা। এই ধারা অব্যাহত থাকবে শেষাবধি।