গ্রন্থমেলায় পান্থজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবাই যেন প্রতীক্ষায় ছিল—কবে একুশ আসবে, কবে তারা প্রাণের মেলায় মিলিত হতে পারবে। কারণ, একুশ যে বাঙালির নিজের পরিচয়কে আরেকটু শাণিয়ে নেওয়ার দিন, নিজের কাছে ফিরে আসার দিন, শেকড়ে নতুন করে প্রোথিত হওয়ার দিন। বিকেলে বইমেলা প্রাঙ্গণের ভিড় দেখে রবীন্দ্রনাথের কবিতার বাণী মনে পড়ছিল বারবার, ‘তিল ঠাঁই আর নাহি রে...’। তবে মানুষের এ ভিড় কেবল মেলার মাঠেই নয়, সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, দোয়েল চত্বর, শিশু একাডেমী পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেখান থেকে পান্থজনরা আবার ঘুরে ফিরে আসছে মেলায়। অমর একুশে বইমেলায় একুশে ফেব্রুয়ারি দিনটি থাকে অন্য রকম। প্রভাতফেরিতে অংশ নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর অনেকেই চলে আসে মেলায়। কাল সারা দিন আকাশের মন ভার ছিল; বৃষ্টির আশঙ্কা কিংবা হিমেল হাওয়ায়ও ব্যতিক্রম ঘটেনি এর। দিনমান উচ্চারিত হয়েছিল শ্রদ্ধা ও ভালোবাসা, দ্রোহ ও শোকের গাঢ় পঙিক্তমালা। যেদিকে দুই চোখ যায়, মানুষ আর মানুষ। মেলায় ঢোকার জন্য সারিতে দাঁড়িয়ে থাকতে হয়েছে দীর্ঘক্ষণ। তবু কারও মুখে নেই বিরক্তির ছাপ। উৎ সাহ-উদ্দীপনায় ভরা চোখ, মাথায় বাংলাদেশের পতাকা, তরুণ-তরুণীরা পিছিয়ে থাকবে কেন? কেউ কেউ পরেছে ভাষাশহীদদের সম্মানে ‘অ আ ক খ’ বর্ণমালাখচিত পোশাক।সরকারি ছুটির দিন ও একুশে ফেব্রুয়ারি উপলক্ষে গতকাল মেলার ফটক সকাল আটটায় খুলে দেওয়া হয়। সকাল থেকেই ছিল বইপ্রেমীদের ভিড়। শহীদ মিনারে ফুল দিয়ে অনেকেই সোজা চলে এসেছিল মেলায়। এ সময় কাউকে কাউকে কিছু কিছু বই কিনতে দেখা গেলেও উল্লেখ করার মতো বেচাকেনা শুরু হয় দুপুরের পর, বিকেলে।দুপুরে ভিড় একটু কমলেও বিকেলে আবার বেড়ে যায়। গতকাল বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত মানুষের পদচারণে বইমেলা ছিল মুখর, প্রাণোচ্ছল। বিকেলে মেলা প্রাঙ্গণে প্রবেশের লাইন শাহবাগ মোড় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে গলদঘর্ম হতে হয়। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শৃঙ্খলা আর ধরে রাখা যায়নি। মেলার দুই প্রবেশপথে হইচই আর পুলিশের বাঁশির শব্দ আগতদের আতঙ্কিত করে তোলে। ভিড়ের কারণে মেয়েদের বিব্রত করার মতো দু-একটি অপ্রীতিকর ঘটনা ঘটলেও সব মিলিয়ে মেলার পরিবেশ ভালোই ছিল।২২৭৩টি নতুন বই: বাংলা একাডেমীর দেওয়া তথ্যে জানা গেছে, এবারের মেলায় গতকাল পর্যন্ত মোট দুই হাজার ২৭৩টি নতুন বই এসেছে। বরাবরের মতো এবারও একুশের দিনে নতুন অনেক বই এসেছে মেলায়, ২২৫টি।এ তালিকায় রয়েছে মিজান পাবলিশার্স থেকে রফিক আজাদের সেরা পাঁচ, দিলারা হাফিজের নির্বাচিত কবিতা। প্রগতি পাবলিশার্স থেকে সাজ্জাদ কবীরের ফলাফল শূন্য। সাহিত্য প্রকাশ থেকে বিপ্রদাশ বড়ুয়ার ভূস্বর্গ ভ্রমণ বাংলাদেশ, অপূর্ব শর্মার অভিজাত গণতন্ত্রী আব্দুর রশিদ চৌধুরী, সৈয়দ সিদ্দিক হোসেনের মালদ্বীপের ডায়েরী, অপূর্ব শর্মার মুজিপথের অভিযাত্রী আমীনূর রশীদ চৌধূরী। আফসার ব্রাদার্স থেকে বদরুদ্দীন উমরের বাংলাদেশে শিক্ষা ও সংস্কৃতি। সাহস প্রকাশনা থেকে মাশুক চৌধুরীর নদীর নাম দঃসময়। নবযুগ প্রকাশনী থেকে সন্জীদা খাতুনের রবীন্দ্রসংগীত: মননে লালনে। শিরীন পাবলিকেশন্স থেকে এম রহমত উল্লাহর পলাশী থেকে পঁচাত্তর। অনিন্দ্য প্রকাশ থেকে আনজীর লিটনের বাবা বাড়ি ফেরেনি। জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে অধ্যাপক ডা. শরফুদ্দিন আহমেদের শিশুদের চোখের অসুখ। মাওলা ব্রাদার্স থেকে বেবী মওদুদের রোকেয়া চিরন্তনী প্রতিকৃতি। মুক্তচিন্তা প্রকাশনী থেকে সাঈদ বাহাদুরের তোমার সঙ্গে যাবো। ন্যাশনাল পাবলিশার্স থেকে আনু মাহমুদের গণতন্ত্রের নতুন অধ্যায় জ্যোতি বসু। মিজান পাবলিশার্স থেকে সেলিনা হোসেনের সাতটি উপন্যাস, খিলখিল কাজীর কাজী নজরুল ইসলামের কবিতাসমগ্র, প্রফেসর জসীম উদ্দিন আহমদের গ্রীণ হাউজ প্রতিক্রিয়া বিশ্ব ও বাংলাদেশ পরিপ্রেক্ষিত। জাতীয় গ্রন্থকেন্দ্র থেকে মোহাম্মদ যায়েদ হোসেনের সবুজ নরকে। মিজান পাবলিকেশন্স থেকে সাইফুল বারীর একটি অনুভূতির উপস্থাপনা। সিঁড়ি প্রকাশন থেকে সাহারে বানু মালিকের অনুক্ষণ আকর্ষণ, ফজল মোবারকের মান্নান সৈয়দ এক বাঁক ফেরা নদী। সময় প্রকাশন থেকে লুৎ ফর রহমান রিটনের হারাধনের ত্রিশটি ছেলে। সূচীপত্র থেকে সঞ্জীব দ্রংয়ের কোচপানা রাঙামাটি পার্বত্য চট্টগ্রাম আদিবাসী সংস্কৃতি ও সৌন্দর্যের কথা, হাসনাত আব্দুল হাইয়ের সড়ক নভেল। জনতা প্রকাশ থেকে রফিকুজ্জামান হুমায়ুনের একাত্তরের মুক্তিযুদ্ধ। আগামী প্রকাশনী থেকে রুদ্রাক্ষ রহমানের পরীর ডানায় স্বপ্ন নামে, ফরহাদ মজহারের বাণিজ্য ও বাংলাদেশের জনগণ। জাগৃতি প্রকাশনী থেকে আসজাদুল কিবরিয়ার অর্থনীতির বিক্ষেপ। নিমফিয়া পাবলিকেশন্স থেকে মুহম্মদ হাবিবুর রহমানের যা চেয়েছি যা পেয়েছি। র্যা মন পাবলিশার্স থেকে এনামুল হকের বঙ্গে সুফী প্রভাব। জনান্তিক থেকে মো. আনিসুর রহমানের ভলিবল খেলার আইনকানুন। অ্যাডর্ন পাবলিকেশন্স থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বুড়ো আংলা। হাক্কানী পাবলিশার্স থেকে আইয়ুব হোসেনের মূলধারার চিকিৎ সা। পাঞ্জেরী পাবলিকেশন্স থেকে সেলিনা হোসেনের কুড়কুড়ির মুক্তিযুদ্ধ। কলি প্রকাশনী থেকে তপন বাগচীর কিছু স্মৃতি কিছু ধৃতি। ঐতিহ্য থেকে নেসার আহমেদের মুক্তিযুদ্ধ ও চারু মজুমদার। সাহস পাবলিকেশন্স থেকে বেগম মুশতারী শফীর নারী, বলো আমরাও মানুষ। অবসর থেকে অনুপম হীরা মণ্ডলের লোকক্রীড়ার অন্তপাঠ। সন্দেশ প্রকাশন থেকে পাপিয়া মুখার্জির কাগজের ফুল। শ্রাবণ প্রকাশনী থেকে মোহাম্মদ শামসুজ্জামানের খাম্বিবি’র গন্ধ, রবীন আহসানের ধস নামে নদীর বাঁকে। পাঠসূএ থেকে দেবব্রত মুখার্জীর আজিজ স্যার নিরুদ্দেশ, শুদ্ধস্বর থেকে বেলাল চৌধুরীর সাত সাগরের ফেনায় ফেনায় মিশে, ফারুক ওয়াসিফের ইতিহাসের করুণ কঠিন ছায়াপাতের দিনে। ভাষাচিত্র থেকে সুব্রত অগাস্টিন গোমেজের হাওয়া হরিণের চাঁদমারি।মেলামঞ্চে কবিদের মেলা: গতকালের মেলায় মানুষের বাঁধভাঙা জোয়ারের পাশাপাশি ছিল অসংখ্য কবির সরব উপস্থিতি। একাডেমীর মূল মঞ্চে সকাল সাড়ে আটটা থেকে কবিরা একের পর এক কবিতা আবৃত্তি করেন। সব মিলিয়ে দুই বাংলার ১৫০ জন কবি পাঠ করেন তাঁদের আবেগঝরা কবিতা। স্বাগত ভাষণ দেন বাংলা একাডেমীর সচিব মো. আলতাফ হোসেন। সভাপতিত্ব করেন কবি হাবীবুল্লাহ সিরাজী।বিকেলে গ্রন্থমেলার মূল মঞ্চে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে ‘বাংলা ভাষা: আজকের ভাবনা’ শীর্ষক অমর একুশে বক্তব্য দেন অধ্যাপক গোলাম মুরশিদ। স্বাগত ভাষণ দেন একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক কবীর চৌধুরী।সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানে আবৃত্তি পরিবেশন করেন শিল্পী কাজী আবু জাফর সিদ্দিকী, লায়লা আফরোজ এবং ভাস্বর বন্দ্যোপাধ্যায়ের পরিচালনায় আবৃত্তি সংগঠন ‘কথা’। দেশ ও ভাষার গান পরিবেশন করেন শিল্পী আবদুল জব্বার, শাহীন সামাদ, কল্যাণী ঘোষ, ফকির আলমগীর, মলয় কুমার গাঙ্গুলি, ডালিয়া নওশিন, বুলবুল মহলানবীশ, শিবু রায়, রাজিয়া সুলতানা, ফকির শাহাবুদ্দিন, আশরাফ উদাস, অনামিকা ত্রিপুরা, বিমান চন্দ্র বিশ্বাস, মেহেদী হাসান প্রমুখ।