গ্রন্থানুরাগীর সমাগম বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় এখন শীত বেশ দুর্বল। লোকে তাকে খুব একটা পাত্তা দিচ্ছে না। অনেকেই চলাফেরা করছে তেমন কোনো শীতবস্ত্র ছাড়াই। এটাই হয়তো নিয়তি যে প্রতাপ-প্রতিপত্তি কমে গেলে গুরুত্বও কমে যায়। তা-ই হয়েছে শীতের ক্ষেত্রে। তার এখন চলে যাওয়ার সময়। রোদে হাওয়ায় বসন্তের আভাস। হালকা ধরনের পোশাক পরেই বিকেলে লোকজন বের হচ্ছে ঘর থেকে। তাদের অনেকেই এসেছিল বাংলা একাডেমী চত্বরে অমর একুশে গ্রন্থমেলায়। লোকসমাগম বাড়ছে মেলায়।গতকাল বুধবার মেলার দ্বিতীয় দিনে গ্রন্থানুরাগীর সমাগমের সঙ্গে সঙ্গে কেনাকাটাও শুরু হয়েছে। মেলা মাঠের আবর্জনা, জঞ্জাল সরানোর বিষয়ে একাডেমী কর্তৃপক্ষ যেমন বলেছিল প্রথম দিনে, দ্বিতীয় দিনে দেখা গেল, কথা তারা রেখেছে। নির্মাণসামগ্রীর জঞ্জাল সরানো হয়েছে। দুপুরেই পানি ছিটিয়ে আর্দ্র করে রাখা হয়েছিল মাঠ। তাই বিকেলে যখন বেড়ানোর মনোভাব নিয়ে দলে দলে নারী-পুরুষ, শিশু-কিশোর মেলা মাঠে ঘুরেছিল, ধুলো তাদের তেমন পীড়িত করেনি।ঠোকাঠুকি চলছেইউদ্বোধনের আগেই স্টলের নির্মাণকাজ শেষ করার জন্য কড়া নির্দেশ দিয়েছিল একাডেমী কর্তৃপক্ষ। কিন্তু বাস্তবে মেলার দ্বিতীয় দিনেও দেখা গেল হাতুড়ি-পেরেকের ঠোকাঠুকি চলছেই। বহেড়াতলায় ছোট পত্রিকা চত্বরের অনেক স্টলেরই নির্মাণকাজ শেষ হয়নি। পথের দুই পাশে যেসব স্টল বসানো হয়েছে, অনেকগুলোতেই চলছিল সাজানো-গোছানোর পালা। স্টলের চূড়ান্ত বরাদ্দ দিতে এবার কিছুটা বিলম্ব হয়েছে বলে কর্তৃপক্ষও সাজসজ্জার ক্ষেত্রে কিছুটা নমনীয়তা দেখিয়েছে। তবে আজ বৃহস্পতিবার মেলার তৃতীয় দিনেও যারা স্টলের কাজ শেষ করতে পারবে না, তাদের আর ছাড় দেবে না কর্তৃপক্ষ, বরাদ্দ বাতিল করে অন্যকে দেওয়া হবে।সব বই বই নয়নিত্যনতুন বই আসছে মেলায়। এই মেলাকে কেন্দ্র করেই বিকশিত হয়েছে আমাদের প্রকাশনাশিল্প। বছরে যত সৃজনশীল ও মননশীল বই প্রকাশিত হয়, তার প্রায় পুরোটাই প্রকাশিত হয় অমর একুশে গ্রন্থমেলায়। কিন্তু বইয়ের মান নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। যাঁরা এসব বই ছাপিয়ে মেলায় আনছেন, খোদ সেই প্রকাশকেরাও মান নিয়ে সন্তুষ্ট নন। ‘সব বই বই নয়। সুন্দর ঝকঝকে ছাপা। শক্ত বাঁধাই, ভালো কাগজ, আকর্ষণীয় প্রচ্ছদ—সবই ঠিক আছে, কিন্তু লেখাটি মানসম্মত নয়। ফলে শুধু শুধু কাগজ নষ্ট। মেলায় যে ধরনের বই এখন প্রকাশিত হচ্ছে, তার শতকরা ৭৫ থেকে ৮০ ভাগই এ ধরনের বই, যেগুলো প্রকাশিত না হলেও কিছু যায়-আসে না। বরং প্রকাশিত না হওয়াই ভালো।’ কথাগুলো বললেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশ সমিতির নির্বাহী পরিচালক ও আগামী প্রকাশনীর প্রকাশক ওসমান গনি। তিনি বললেন, ‘আমাদের সমিতির সদস্যসংখ্যা এক শরও কম। অথচ মেলায় এবার অংশ নিচ্ছেন পৌনে তিন শ প্রকাশক। মেলার সময় এত প্রকাশক কোথা থেকে আসেন, আমরা জানি না। মৌলিক গ্রন্থ রচনারও পরিমাণ কমে গেছে। বেশির ভাই এখন সম্পাদিত গ্রন্থ। এখান থেকে সেখান থেকে কিছু লেখা একত্র করে ফেললেই একটি বই হয়ে যাচ্ছে। প্রচ্ছদে সম্পাদকের নাম থাকছে বড় আকারে। মেলায় এত বেশি যেনতেন প্রকারের বই আসছে আর তার প্রচার হচ্ছে যে, ভালো বই ক্রেতাদের দৃষ্টির আড়ালে পড়ে যায়।’আগামী থেকে এবার নতুন ও নতুন সংস্করণ মিলিয়ে উল্লেখযোগ্য যে বইগুলো এসেছে, তার মধ্যে আছে: বদিউল আলম মজুমদারের প্রবন্ধগ্রন্থ গণতান্ত্রিক উত্তরণ, স্থানীয় শাসন ও দারিদ্র্য দূরীকরণ, আহমদ শরীফের বাঙালীর চিন্তাচেতনার বিবর্তনধারা, মুনতাসীর মামুনের একাত্তরের বিজয়গাথা ইত্যাদি।নতুন বইমেলার তথ্যকেন্দ্র চালু হয়েছে গতকাল থেকে। দ্বিতীয় দিনে এখানে নতুন প্রকাশিত বইয়ের নাম জমা পড়েছে ২৯টি। নতুন বইগুলোর মধ্যে প্রথমা প্রকাশনের মুক্তিযুদ্ধবিষয়ক বই কর্নেল শওকত আলীর সত্য মামলা আগরতলা বইটির প্রতি ক্রেতাদের আগ্রহ ছিল, বিক্রিও হয়েছে ভালো। মুহম্মদ জাফর ইকবালের বৈজ্ঞানিক কল্পকাহিনি প্রডিজিও চলছে। প্রথমার অন্য বইয়ের মধ্যে আছে মীজানুর রহমানের প্রবন্ধগ্রন্থ ঢাকা পুরাণ, নজরুল ইসলামের বাংলাদেশের গ্রাম: অতীত ও ভবিষ্যৎ। এ ছাড়া নতুন আসা অন্য বইয়ের মধ্যে আছে নিমফিয়া পাবলিকেশন থেকে প্রকাশিত সৈয়দ মনজুরুল ইসলামের গল্পগ্রন্থ সুখদুঃখের গল্প, ইত্যাদি থেকে হাসান আজিজুল হকের আত্মজৈবনিক রচনা উঁকি দিয়ে দিগন্ত। মিজান পাবলিশার্স থেকে আনিসুল হকের উপন্যাস মোটকু মামার গোয়েন্দা অভিযান, ইত্যাদি থেকে আতাউর রহমানের রম্যরচনা ষষ্ঠী তৎপুরুষ প্রভৃতি।আলোচনামেলামঞ্চের নিয়মিত আলোচনা শুরু হয়েছে। এবারের আলোচনার মূল প্রতিপাদ্য রবীন্দ্রনাথ ঠাকুর। সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে এই আয়োজন। গতকাল মুক্তিসংগ্রাম, সংস্কৃতি ও রবীন্দ্রনাথবিষয়ক মূল বক্তৃতা করেন সন্জীদা খাতুন। সভাপতিত্ব করেন মুস্তাফা নূরউল ইসলাম, আলোচনা করেন আবুল মোমেন, সৈয়দ হাসান ইমাম, খায়রুল আলম। পরে সংগীত পরিবেশন করেন শিল্পী অজিত রায়। গানের পর ছিল সমবেত নৃত্য।বই কিনে, গল্পেসল্পে মেতে সন্ধ্যা এখন ভালোই কাটছে তাদের, মেলায় আসছে যারা।