গ্রহণযোগ্য কাউকে প্রধান উপদেষ্টা করতে হবে: বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবার কাছে গ্রহণযোগ্য কাউকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করার আহ্বান জানিয়েছে বিএনপি। বিচারপতি এ বি এম খায়রুল হক দেশের বিচারব্যবস্থাকে ধ্বংস করেছেন—এ অভিযোগ করে তাঁকে ভবিষ্যতে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে না মানার ঘোষণাও দিয়েছে দলটি। একই সঙ্গে খায়রুল হকের অধীনে যেকোনো নির্বাচন প্রতিহতেরও ঘোষণা দিয়েছে বিএনপি। আজ বুধবার বিকেলে নয়াপল্টন কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিএনপি নেতারা এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। জ্বালানি তেল ও গ্যাসের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে এই সমাবেশের আয়োজন করেছিল বিএনপি। সমাবেশে সভাপতির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগের রূপরেখা অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু করা হয়েছিল। কিন্তু আজ তারা বলছে তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই। কারণ, ক্ষমতাসীন আওয়ামী লীগ বুঝতে পারছে, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হলে তাদের জামানত বাজেয়াপ্ত হবে। মির্জা ফখরুল আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে বলতে চাই, তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হতে হবে। সবার কাছে গ্রহণযোগ্য ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা করতে হবে।’ প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আইনমন্ত্রী ও প্রধান বিচারপতির বাগবিতণ্ডার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘এ থেকেই প্রমাণিত হয় দেশে আইনের শাসন নেই ও বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারছে না।’ বিচার বিভাগকে ব্যবহার করে সরকার বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে বলেও তিনি অভিযোগ করেন।আমান উল্লাহ আমান বলেন, বিচারপতি খায়রুল হককে প্রধান উপদেষ্টা করা হলে মানা হবে না। তাঁর অধীনে নির্বাচনও হতে দেওয়া হবে না। সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা, রুহুল কবীর রিজভী আহমেদ, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্রবিষয়ক সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এ্যানি প্রমুখ। সমাবেশ পরিচালনা করেন ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় অর্থবিষয়ক সম্পাদক আবদুস সালাম।