গ্রহণযোগ্য সময়ে তদন্ত প্রতিবেদন প্রকাশে হাইকোর্টের নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে কারসাজির ঘটনায় তদন্ত প্রতিবেদন গ্রহণযোগ্য সময়ে প্রকাশ করতে সরকারকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ওই প্রতিবেদন প্রকাশে নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তাও আদালত জানতে চেয়েছেন। আজ বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি এ এন এম বশিরউল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্টের অবকাশকালীন বেঞ্চ এক রিটের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।একই সঙ্গে কারসাজির ঘটনায় প্রতিবেদনে চিহ্নিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা আদালত জানতে চেয়েছেন। ওই ঘটনায় ক্ষতিগ্রস্ত শেয়ার হোল্ডারদের অর্থ তাঁদের অ্যাকাউন্টে কেন ফেরত দেওয়া হবে না, এ মর্মে রুল জারি করা হয়েছে। আগামী চার সপ্তাহের মধ্যে সরকার ও সংশ্লিষ্টদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে।মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ গতকাল সোমবার জনস্বার্থে রিট আবেদনটি দাখিল করে। রিটে মন্ত্রিপরিষদসচিব, প্রধানমন্ত্রীর সচিব, অর্থসচিব, স্বরাষ্ট্রসচিব, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানসহ ১০ জনকে বিবাদী করা হয়েছে।