গ্রহাণুকে ঠেকানোর প্রচেষ্টা!
সাধারণত গ্রহ-নক্ষত্রের ক্ষুদ্র অংশবিশেষকে বলা হয় অ্যাস্ট্রয়েড বা গ্রহাণু। সৌরজগতে এরা সংখ্যায় বেশ বড়। পৃথিবী ও অন্যান্য গ্রহের আশপাশেই অবস্থান করছে এবং ছুটে বেড়াচ্ছে। ফলে এমন সম্ভাবনা থেকেই যায় যে যেকোনো সময় পৃথিবীর সঙ্গে যেকোনো গ্রহাণুর সংঘর্ষ হতে পারে। এই সংঘর্ষের ফলাফল হতে পারে ভয়াবহ। যেমন কয়েক লাখ পারমাণবিক বোমার বিস্ফোরণ থেকে নির্গত বিকিরণের সমান বিকিরণ, বিশাল ভূমিকম্প, অগ্ন্যুৎপাত ও সুনামি, স্ট্র্যাটোস্ফিয়ারে ধুলা জমে পৃথিবীতে সূর্যের আলো আসা বন্ধ হয়ে যাওয়া অর্থাৎ পৃথিবী অন্ধকার ও শীতল হয়ে যাওয়া ইত্যাদি। ধারণা করা হয়, আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে এমন এক মহাজাগতিক সংঘর্ষ হয়েছিল, যার কারণে ডাইনোসরের মতো বিশাল প্রাণী পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায়! ফসিল পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা এর সপক্ষে জোরালো যুক্তিও খুঁজে পেয়েছেন।এই যে বিশাল মহজাগতিক সংঘর্ষ, এর পরবর্তী প্রভাব এড়াতে বিজ্ঞানীরা পৃথিবীর সঙ্গে গ্রহাণুর সংঘর্ষ যাতে না হয় সে জন্য কিছু পন্থা অবলম্বন করেন, যা অ্যাস্ট্রয়েড ডিফ্লেকশন স্ট্র্যাটেজি নামে পরিচিত। অ্যাস্ট্রয়েডটির নাম ৯৯৯৪২ এপোফিস৯৯৯৪২ এপোফিস অ্যাস্ট্রয়েডটির সাক্ষাৎ প্রথম মেলে ২০০৪ সালের ১৯ জুন। সে সময় এর প্রদক্ষিণপথ হিসাব করা হয়। দেখা যায় অন্যান্য গ্রহ-গ্রহাণুর মতো এটিও উপবৃত্তাকার পথে ঘুরছে এবং এর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা শূন্যের কোঠায়। কিন্তু ডিসেম্বর মাসেই এই গ্রহাণুটি আলোচনায় চলে আসে। কারণ নতুন বিশ্লেষণে বিজ্ঞানীরা দেখতে পান, এর প্রদক্ষিণপথ আসলে পৃথিবীর অনেক কাছাকাছি এবং ২০২৯ সালে পৃথিবীর সঙ্গে এর সংঘর্ষের সম্ভাবনা প্রায় ৩ শতাংশ। তবে পরবর্তী সময়ে আরও নিখুঁত গবেষণার মাধ্যমে জানা যায়, আসলে সংঘর্ষের সম্ভাবনা খুবই ক্ষীণ। শুধু কি গ্রহাণু! আরও আছে ধূমকেতু। কিছু কিছু ধূমকেতু আকারে গ্রহাণুর চেয়েও বড়। সঙ্গে থাকে প্রচণ্ড গতি।ধরো, নয়তো মারো!কীভাবে রক্ষা পাওয়া যেতে পারে এই অভিকর্ষীয় সংঘর্ষ থেকে? দুটি উপায় আছে—একটি হলো ধ্বংস করা, আরেকটি হলো অ্যাস্ট্রয়েডটির প্রদক্ষিণ সময় কিছুটা দেরি করানো। ধ্বংস করার জন্য গ্রহাণুটিকে পৃথিবীপৃষ্ঠের সংস্পর্শে আসার আগেই বায়ুমণ্ডলে বা বায়ুমণ্ডলের বাইরে ধ্বংস করার ব্যবস্থা করা যেতে পারে। তবে বায়ুমণ্ডলে ধ্বংস করাটা ভালো সমাধান নয়, কারণ এতে গ্রহাণুর বেশ কিছু অংশ পৃথিবীতে খুব দ্রুতগতিতে এসে পড়বে। এতেও দুর্ঘটনা আর দুর্যোগ কম হবে না!সেদিক থেকে চিন্তা করে প্রদক্ষিণপথে দেরি করার ব্যবস্থা করাটা বেশ নিরাপদ। পৃথিবীর সঙ্গে কোনো গ্রহাণুর সংঘর্ষ তখনই হতে পারে যদি দুটি বস্তুই তাদের প্রদক্ষিণপথের ছেদবিন্দুতে একই সময়ে অবস্থান করে। এখন পৃথিবীর ব্যাস হলো প্রায় ১২ হাজার ৭৫০ কিলোমিটার। আর পৃথিবীর গতি প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিলোমিটার। অর্থাৎ পৃথিবী পরিমাণ ব্যাস অতিক্রম করতে পৃথিবীর প্রয়োজন ৪২৫ সেকেন্ড বা সাত মিনিট। কোনোভাবে যদি গ্রহাণুটির ওই বিন্দুতে আসার সময় আগপিছ করা যায় তাহলেই কেল্লাফতে। তবে এ ক্ষেত্রে গ্রহাণু ও পৃথিবীর গতি, অবস্থান ও প্রদক্ষিণপথ সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ জ্ঞানের প্রয়োজন পড়বে। পারমাণবিক বোমার ব্যবহারগ্রহাণু ধ্বংসের জন্য পারমাণবিক বোমা ব্যবহারের কথা বিজ্ঞানীরা ভেবেছেন। দুভাবেই ভেবেছেন—সংঘর্ষ ঘটিয়ে নিষ্ক্রিয় করে দেওয়া অথবা কোনোভাবে প্রদক্ষিণপথ থেকে বিচ্যুত করা বা প্রদক্ষিণ ব্যাহত করা। পারমাণবিক বোমা ব্যবহার করে অ্যাস্ট্রয়েড ধ্বংসের ক্ষেত্রে যেটা হতে পারে যে বায়ুমণ্ডলের কোনো একটি স্তরে সংঘর্ষটি হবে। সংঘর্ষে শক্তি বিকিরণ করে অ্যাস্ট্রয়েড বিলীন হয়ে যাবে। ওজোন স্তর থাকার কারণে ওই বিকিরণ পৃথিবীপৃষ্ঠে পৌঁছাতে পারবে না। তবে এ পদ্ধতির বড় সমস্যা হলো আসলেই যে পুরো অ্যাস্ট্রয়েড বিলীন হবে, এমন নিশ্চয়তা দেওয়া খুব কঠিন। কিছু বিলীন হয়ে বাকি অংশগুলোও যদি মাটিতে এসে পড়ে সেটা ভয়াবহ ব্যাপার হয়ে দাঁড়াতে পারে। পারমাণবিক বোমা ব্যবহার করে অ্যাস্ট্রয়েডকে কক্ষপথ থেকে বিচ্যুত করার পদ্ধতিটা হলো বেশ কিছু পারমাণবিক যন্ত্র অ্যাস্ট্রয়েডের কাছে পাঠানো হবে। এরা অ্যাস্ট্রয়েডকে স্পর্শ করবে না, বরং একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে বিস্ফোরিত হবে। এতে যে ঘাতবল তৈরি হবে তাতে অ্যাস্ট্রয়েডটি কক্ষপথ থেকে বিচ্যুত হয়ে যাবে। এই ধারণা বেশ পুরোনো, ১৯৬৭ সালে পৃথিবীকে ১৫৬৬ ইকারাশ অ্যাস্ট্রয়েডের হাত থেকে রক্ষা করতে একদল এমআইটি শিক্ষার্থী এ রকম একটি পরীক্ষামূলক ব্যবস্থা দাঁড় করিয়েছিল। পরে এর ওপর হলিউডে ১৯৭৯ সালে মেটিওর নামে একটি চলচ্চিত্রও নির্মিত হয়।গতিকক্ষপথ থেকে বিচ্যুত করার জন্য আরেকটি ব্যবস্থার নাম গতি প্রভাব। এ পদ্ধতিতে একটি মহাকাশযানকে অ্যাস্ট্রয়েডের কক্ষপথে পাঠানো হবে এবং যানটির সঙ্গে অ্যাস্ট্রয়েড ধাক্কা খেয়ে পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ৯৯৯৪২ এপোফিসের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষ এড়ানোর জন্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইতিমধ্যেই এ রকম মহাকাশযানের ডিজাইন করে ফেলেছে। যানটির ভর হবে একটু কম। এখন পর্যন্ত গবেষণায় দেখা গেছে, এ পদ্ধতিতেই সাফল্যের সম্ভাবনা সবচেয়ে বেশি। মহাকর্ষীয় ট্রাক্টর ও অন্যান্যঅ্যাস্ট্রয়েডের ধাক্কা এড়ানোর জন্য আরও কিছু পন্থার কথা বিজ্ঞানীরা ভেবে রেখেছেন। একটি হলো গ্র্যাভিটেশনাল ট্রাক্টর। এর জন্য একটি বিশাল ভারী মহাকাশযানকে অ্যাস্ট্রয়েডের কাছে পাঠিয়ে দেওয়া হবে। এখন মহাকাশযান ও অ্যাস্ট্রয়েডের মধ্যে মহাকর্ষ বল কাজ করবে। আয়ন থ্রাস্টারের সাহায্যে যদি মহাকাশযানটি তার ওপর ক্রিয়ারত আকর্ষণ বলকে ঠেকিয়ে দিতে পারে, তাহলে সামগ্রিক ফলাফল হিসেবে অ্যাস্ট্রয়েড কক্ষপথ থেকে বের হয়ে আসবে। এ ছাড়া সৌরশক্তি ব্যবহার করা যেতে পারে। মহাকাশে যদি বিশাল আকৃতির আয়না ও লেন্স ব্যবহার করা যায় তাহলে ক্রমাগত বিকিরণ করে অ্যাস্ট্রয়েড বিলীন হয়ে যাবে।অ্যাস্ট্রয়েডের সঙ্গে সংঘর্ষ এড়ানোর জন্য এসব তত্ত্ব এখনো গবেষণার পর্যায়েই রয়ে গেছে। বাস্তবে এ ধরনের আয়োজনের সম্ভাবনা অদূর ভবিষ্যতে নেই। কারণ অ্যাস্ট্রয়েডের এই ব্যাপারের সঙ্গে যে শুধু বিজ্ঞান জড়িত তা নয়, এর সঙ্গে জড়িত আছে রাজনীতি। বিখ্যাত বিজ্ঞানলেখক কার্ল সাগানের মতে, এ ধরনের পন্থা শুধু জরুরি অবস্থায়ই তৈরি করা উচিত। না হলে কোনো রাষ্ট্রের কাছে অনেক বেশি ক্ষমতা চলে যাবে অথবা অন্য এমন কোনো মহাজাগতিক বস্তুকে আমরা পৃথিবীর দিকে টেনে আনব, যা হয়তো পৃথিবীর জন্য ক্ষতিকর ছিল না। এ ছাড়া অ্যাস্ট্রয়েড এসে যে পুরো পৃথিবীকে ধ্বংস করে দেবে, এমনটা নয়। বরং দু-তিনটি দেশে আঘাত হানবে। কোন দেশগুলো অধিক বিপদের সম্মুখীন হবে, সেটাও হবে খুব গুরুত্বপূর্ণ বিষয়।