গ্রহাণুর আঘাতের প্রভাবে ডাইনোসর বিলুপ্ত হয়েছে
আজ থেকে সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবীর বুকে বিশাল আকৃতির একটি গ্রহাণু আঘাত হেনেছিল। আর ওই আঘাতের প্রভাবে বিলুপ্তি ঘটেছিল বিশালকায় ডাইনোসর প্রজাতির। গত বৃহস্পতিবার ৪১ জন বিজ্ঞানীর একটি আন্তর্জাতিক প্যানেল এ অভিমত ব্যক্ত করেছে। ২০ বছরের নথিপত্র গবেষণা করে তাঁরা এই দাবি করেছেন। গতকাল শুক্রবার বিজ্ঞানবিষয়ক সাময়িকী সায়েন্স-এ গবেষণার এ প্রতিবেদনটি প্রকাশিত হয়।এর আগে ১৯৮০ সালে বিজ্ঞানী লুইস আলভারেজ ও তাঁর ছেলে ওয়াল্টার তাঁদের প্রকাশিত এক নিবন্ধে দাবি করেছিলেন, সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবীর ওপর আছড়ে পড়া বিশাল এক গ্রহাণুর আঘাতের প্রভাবে বিলুপ্ত হয়েছিল ডাইনোসর। আর সম্ভাব্য সেই আঘাতের স্থানটি হচ্ছে বর্তমান মেক্সিকোর চিক্সুলুব অঞ্চল। পরবর্তী সময়ে এই ধারণাটিই বিজ্ঞানীদের কাছে অধিক গ্রহণীয় হয়ে ওঠে।বিজ্ঞানীদের ধারণা, সাড়ে ছয় কোটি বছর আগে পৃথিবীর পৃষ্ঠে গ্রহাণুর আঘাতে সৃষ্ট বিপুল ওই শক্তির কারণে সে সময় বিশ্বের অর্ধেকেরও বেশি জীব প্রজাতি বিলুপ্ত হয়েছিল। তাদের মধ্যে ডাইনোসরও ছিল। তাদের মতে, ওই গ্রহাণুটি ছিল ১৫ কিলোমিটার চওড়া। ওই গবেষণা প্রতিবেদনে আরও বলা হয়, ‘ওই গ্রহাণুর আঘাতে যে শক্তি উত্পন্ন হয়েছিল তা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হিরোশিমায় আঘাত হানা পরমাণু বোমার চেয়ে ১০০ কোটি গুণ বেশি শক্তিশালী ছিল। এর ফলে কয়েক দিনের মধ্যেই পৃথিবীর অর্ধেকের বেশি জীব প্রজাতি ধ্বংস হয়ে যায়। বিজ্ঞানীরা ওই ঘটনার নাম দিয়েছেন ‘ক্রিটেশ্যাস-টারসিয়ারি (কেটি) এক্সটিংকশন’।এর আগে কয়েকজন বিজ্ঞানী ধারণা করেছিলেন, ভারতে সাড়ে ছয় কোটি বছর আগে অনেকগুলো অগ্ন্যুত্পাতের ঘটনায় ডাইনোসর এবং অন্যান্য প্রজাতির সরীসৃপ, পাখির মতো দেখতে টেরোসোরাস এবং বড় জাতের সামুদ্রিক সরীসৃপের বিলুপ্তি ঘটে। প্রায় ১৫ লাখ বছর ধরে ওই অগ্ন্যুত্পাত হয়েছিল। পরে আবহাওয়ামণ্ডল ক্রমে শীতল ও এসিড-বৃষ্টির কারণে বিশ্বজুড়ে বরফযুগের শুরু হয়।কিন্তু ওই ধারণা বাতিল করে দিয়েছে ৪১ বিজ্ঞানীর এই আন্তর্জাতিক প্যানেল। তাঁদের মতে, কেটি এক্সটিংকশনের (ধ্বংসযজ্ঞ) প্রভাবেই স্থল ও জলের প্রাণিকুলের বিলোপ হয়। তাঁদের প্রতিবেদনে বলা হয়, ‘ওই সময় ভারতের দাক্ষিণাত্য অঞ্চলে ব্যাপক পরিমাণে লাভা উদিগরণের প্রমাণ পাওয়া গেলেও কেটি ধ্বংসযজ্ঞের আগে পাঁচ লাখ বছরের মধ্যে সেখানে জল ও স্থলের প্রতিবেশে খুব সামান্য পরিবর্তন দেখা গেছে।’ সূত্র: এএফপি, এপি ও রয়টার্স অনলাইন।