গ্রাউন্ড জিরো এলাকায় মসজিদ নির্মাণে ওবামার সমর্থন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্কের গ্রাউন্ড জিরো-সংলগ্ন এলাকায় মসজিদ নির্মাণের পক্ষে নিজের মতামত ব্যক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। পবিত্র রমজান মাস উপলক্ষে হোয়াইট হাউসে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের একজন নাগরিক এবং প্রেসিডেন্ট হিসেবে আমি মনে করি অন্য সব ধর্মের মতো যুক্তরাষ্ট্রে মুসলমানদেরও ধর্মচর্চার সমান অধিকার রয়েছে।’ তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের মূল ভাবধারায় এর কম কিছু কাম্য হতে পারে না।২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্কে সংঘটিত সন্ত্রাসী হামলায় টুইনটাওয়ার সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়। এ বিধ্বস্ত টুইনটাওয়ার এলাকাটি বর্তমানে গ্রাউন্ড জিরো নামে পরিচিত। সেদিনের সেই সন্ত্রাসী হামলায় অংশ নেওয়া সন্ত্রাসীরা ধর্ম পরিচয়ে মুসলমান হওয়ায় যুক্তরাষ্ট্রের মানুষের সঙ্গে মুসলমানদের একটি স্পর্শকাতর সম্পর্কের সূত্রপাত ঘটে। সেই নারকীয় হামলায় প্রায় তিন হাজারের অধিক লোক নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র ইরাক ও আফগানিস্তানে রক্তক্ষয়ী সন্ত্রাসবিরোধী যুদ্ধে জড়িয়ে পড়ে।গ্রাউন্ড জিরো এলাকায় বর্তমানে বিশ্ব বাণিজ্য কেন্দ্রের পুনর্নিমাণের তোড়জোড় চলছে। এর পাশাপাশি এলাকার মুসলমানেরা সে স্থানে একটি ইসলামিক কেন্দ্র প্রতিষ্ঠারও উদ্যোগ নিয়েছেন। ১০ কোটি ডলারেরও বেশি অর্থ ব্যয়ে নির্মিতব্য এ প্রকল্পে মসজিদের পাশাপাশি বিনোদন কেন্দ্রও থাকবে। ইসলাম ধর্মীয় ভাবধারায় কেন্দ্রটি গড়ে তোলা হবে বলে উদ্যোক্তারা ঘোষণা দিয়েছেন।এদিকে গ্রাউন্ড জিরো এলাকায় মসজিদ ও ইসলামি কেন্দ্র নির্মাণ নিয়ে গোটা যুক্তরাষ্ট্রে ব্যাপক বিতর্ক ছড়িয়ে পড়েছে। রক্ষণশীলরা বিষয়টিকে রাজনৈতিক রং দেওয়ার জন্য এ নিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছে। তবে নিউইয়র্ক নগরের মেয়র মাইকেল ব্লুমবার্ন ইতিমধ্যেই এ ইসলামি কেন্দ্র নির্মাণের ব্যাপারে তাঁর সমর্থন ঘোষণা করেছেন। নিউইয়র্ক নগর কর্তৃপক্ষও প্রস্তাবিত এলাকায় ইসলামি কেন্দ্র নির্মাণে তাদের অনাপত্তি প্রদান করেছে।অন্যদিকে উদ্যোগটি ঠেকানোর জন্য ১১ সেপ্টেম্বরের ঘটনায় নিহতদের বেশ কিছু পরিবার আন্দোলনে নেমেছে। পাশাপাশি রিপাবলিকানদের পক্ষ থেকে এ আন্দোলনে সমর্থন জানানো হচ্ছে। রিপাবলিকান দলের সাবেক ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী সারাহ পলিন, সাবেক স্পিকার নিউট গিংরিচ মসজিদ নির্মাণ বিরোধীদের সমর্থনে এগিয়ে এসেছেন। তবে স্পর্শকাতর এই বিতর্ক থেকে দূরে রয়েছেন ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের রাজনীতিকেরা। কোনো পক্ষেই তাঁরা মুখ খুলছেন না। সম্প্রতি সিএনএন পরিচালিত জরিপে দেখা গেছে, প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক গ্রাউন্ড জিরো এলাকায় মসজিদ নির্মাণের বিপক্ষে।প্রচণ্ড রাজনৈতিক ঝুঁকির মুখেও প্রেসিডেন্ট বারাক ওবামা মসজিদ নির্মাণের পক্ষে তাঁর দৃঢ় অবস্থান ঘোষণা করলেন। মুসলমান দেশগুলোর কূটনৈতিকদের সঙ্গে গত শুক্রবার সন্ধ্যায় হোয়াইট হাউসে ইফতার অনুষ্ঠানে যোগ দেন প্রেসিডেন্ট ওবামা। ভোজসভায় দেওয়া বক্তব্যে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, ‘দেশটির নাম যুক্তরাষ্ট্র। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি অবশ্যই আমাদের রক্ষা করতে হবে।’ প্রেসিডেন্ট ওবামা বলেন, মুসলমানেরা নিউইয়র্কের স্থানীয় আইন অনুসরণ করে গ্রাউন্ড জিরো এলাকায় মসজিদ এবং কমিউনিটি সেন্টার নির্মাণ করতে পারবেন। তিনি বলেন, ‘আমরা শুধু সহিষ্ণুতাই প্রদর্শন করব না, যারা আমাদের চেয়ে ভিন্ন তাদের প্রতি আমরা শ্রদ্ধাশীলও হব।’ প্রেসিডেন্ট ওবামার এ বক্তব্য উপস্থিত সবার কাছে ব্যাপকভাবে প্রশংসিত হয়। উপস্থিত মুসলিম দেশের কূটনীতিকেরা দাঁড়িয়ে করতালির মাধ্যমে ওবামার এ বক্তব্যে সমর্থন জানান।প্রেসিডেন্ট ওবামার এ বক্তব্যে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন রক্ষণশীল রিপাবলিকান দল। নিউইয়র্ক থেকে নির্বাচিত রিপাবলিকান কংগ্রেস সদস্য পিটার কিং বলেছেন, ‘প্রেসিডেন্ট ওবামা ভুল করছেন। গ্রাউন্ড জিরো এলাকায় মসজিদ নির্মিত হলে তা ১১ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহতদের স্বজনদের দারুণভাবে আহত করবে।’