গ্রাম ছাড়তে হয়নি এসিড-সন্ত্রাসের শিকার পরিবারটিকে, আত্মগোপনে অভিযুক্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এসিড-সন্ত্রাসের শিকার পরিবারটিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় চুলায় আগুন জ্বলেনি। রাতে ভালো ঘুমাতেও পারেননি তাঁরা। কারণ রাতেই সিদ্ধান্ত নিয়েছিলেন, আর যাই হোক টাকার বিনিময়ে এসিড-সন্ত্রাসের মতো জঘন্য অপরাধের সঙ্গে আপস নয়। গ্রাম ছাড়তেই হবে—এই ভাবনায় আজ বুধবার সকাল থেকে শ্বাসরুদ্ধকর সময় পার করছিলেন তাঁরা। হঠাত্ তাঁরা দেখেন, পুলিশের কয়েকজন সদস্য তাঁদের বাড়ির উদ্দেশ্যে এগিয়ে আসছেন। অভিযুক্ত ব্যক্তিদের হয়ে তাঁদের উচ্ছেদ করতে পুলিশ আসছেন—এমন ভয়ে পরিবারের একজন দৌড়ে আত্মগোপনও করেন। কিন্তু মুহূর্তেই পাল্টে যায় নরসিংদীর মনোহরদী উপজেলার লেবুতলা ইউনিয়নের শরীফপুর গ্রামের এসিড-সন্ত্রাসের শিকার সালেহা বেগম (৫৫), তাঁর দুই সন্তান নাসিমা বেগম (২২) ও আ. রশিদের (২৮) পরিবারের প্রেক্ষাপট।মনোহরদী থানার পুলিশ সদস্যরা বললেন, ‘কোনো ভয় নেই। কেউ আপনাদের উচ্ছেদ করতে পারবে না। পুলিশ আপনাদের পাশে আছে।’ পুলিশের কাছ থেকে এমন অভয়-বাক্য শুনে আনন্দে চোখ মোছেন সালেহা। এর কিছুক্ষণ পর পুলিশ সুপার (এসপি) মুঠোফোনে সবার সঙ্গে কথা বলে একই অভয়-বাক্য শোনান। পরে তাঁদের রক্ষায় একে একে এগিয়ে আসেন ঢাকার আইন ও সালিশ কেন্দ্র (আসক), ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির কর্মীরা, জাতীয় মহিলা আইনজীবী সমিতি ও স্থানীয় সমাজসচেতন ব্যক্তিরা। দিনব্যাপী মানুষের উপস্থিতির কারণে এসিড-সন্ত্রাসের শিকার পরিবারটি ফিরে পায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার মানসিক শক্তি।আজ প্রথম আলোর প্রথম পাতায় ‘এসিডদগ্ধ মা-মেয়ে-ছেলের কঠিন দিন, মামলা না তুললে আজই গ্রামছাড়া!’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এর পরই এসিড-সন্ত্রাসের শিকার পরিবারটির প্রেক্ষাপট পাল্টে যায়।এসিডে আক্রান্ত সালেহা বেগম প্রতিক্রয়া জানানোর আগে সৃষ্টিকর্তার কাছে শোকরিয়া আদায় করে নেন। বলেন, ‘আজ আমাদের গ্রাম ছাইড়া চইল্লা যাইবার কথা। কিন্তু মানুষের সহযোগিতায় আইজ আমরাই গ্রামে আছি তারাই গ্রামে নাই (অভিযুক্তরা)।’ সালেহার মেয়ে নাসিমার বক্তব্য, ‘অনেক খারাপ অভিজ্ঞতা লইয়া ২০০৭ সাল থাইক্কা ২০১০ সালে আইতে হইছে। দুর্ঘটনার পর এই প্রথম ভালা দিন পার করতাছি।’ নাসিমা বলেন, ‘যত বড় রাজনৈতিক নেতা আর সমাজপতিই হোক, এহন কোনোভাবেই মামলা থাইক্কা দূরে সরাইয়া আনতে পারব না।’ এসিডে আক্রান্ত আবদুর রশিদ বললেন, ‘সারা দিন সমাজের বহু লোক আইসা আমারে সাহস জোগাইছে। এসপি স্যার আর সমাজের লোকজন আমরার নিরাপত্তার দায়িত্ব নিছে।’ঢাকার আসকের আইনজীবী সেলিনা আক্তার বলেন, ‘প্রথম আলোয় সংবাদটি পড়েই আমাদের প্রতিষ্ঠান ফ্যাক্স-বার্তার মাধ্যমে পুলিশ সুপারকে পরিবারটি রক্ষার সহায়তা চায়। তা ছাড়া মুঠোফোনেও যোগাযোগ রক্ষা করা হয়।’ দুপুরে হাজির হন জাতীয় মহিলা আইনজীবী সমিতির কর্মকর্তারা। প্রতিষ্ঠানের আইনজীবী ইসরাত জাহান ও স্বর্ণালী রায় বলেন, ‘মামলার রায় হওয়া পর্যন্ত সব ধরনের সহযোগিতা আমাদের প্রতিষ্ঠান থেকে দেওয়া হবে।’ব্র্যাকের মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচির কর্মীরা উপস্থিত হয়ে একইভাবে তাঁদের সহযোগিতা অব্যাহত রাখার ঘোষণা দেন। প্রতিষ্ঠানের নরসিংদী জেলার আইনজীবী শাখাওয়াত হোসাইন বলেন, ‘এসিড-সন্ত্রাসের শিকার হওয়ার পর থেকে চিকিত্সা ও আইনি সহায়তা নিয়ে আমরা তাঁদের পাশে আছি, এখনো থাকব।’নরসিংদীর এসপি মো. আক্কাস উদ্দিন ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলোতে সংবাদটি পড়ার পর আমরা পুলিশ পাঠিয়ে নিরাপত্তা নিশ্চিত করি। পরিবারের সদস্যদের কথা বলে আমাদের দিক থেকে তাঁদের সহযোগিতার বিষয়টি স্পষ্ট করি।’