গত ছয় মাসে গ্রাম থেকে যেসব ডাক্তার বদলির জন্য আবেদন করেছেন, তাঁদের আবেদন বিবেচনা করা হয়নি। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী মজিবুর রহমান ফকির। শাহীন মনোয়ারা হকের সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।আজ সোমবার আতিউর রহমান, ফজলুল আজিম ও মতিউর রহমান সম্পূরক প্রশ্ন করতে গিয়ে জানান, ডাক্তারদের গ্রামে নিয়োগ দেওয়া হলে তাঁরা সেখানে থাকতে চান না। আর যেখানে ডাক্তার আছেন, সেখান থেকে তাঁদের প্রেষণে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়, যে কারণে গ্রামের জনগণ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে।জবাবে প্রতিমন্ত্রী জানান, ভবিষ্যতে ডাক্তারদের প্রেষণে নিয়োগও বন্ধ করা হবে। জাফরুল ইসলাম চৌধুরীর লিখিত প্রশ্নের উত্তরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান জানান, গভীর সমুদ্রবন্দর স্থাপনে অর্থ জোগান বিষয়ে ইআরডি কোনো দেশ থেকে সুনির্দিষ্ট কোনো প্রতিশ্রুতি পায়নি।রাশেদ খান মেননের প্রশ্নের উত্তরে স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সংসদকে জানান, বর্তমানে দেশে জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৪১। এ ছাড়া বর্তমানে প্রজনন হার ২ দশমিক ৭।