গ্রাম-শহরের তফাত কমাতে সরকার পদক্ষেপ নিয়েছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাম ও শহরের তফাত কমানোসহ গ্রামীণ অর্থনীতি মজবুত করতে সরকার ইতিমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে সাংসদ আবদুল লতিফের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, গ্রামীণ অর্থনীতি মজবুতের লক্ষ্যে সংশোধিত দ্বিতীয় দারিদ্র্য নিরসন কৌশলপত্র ‘দিন বদলের পদক্ষেপ’ গ্রহণ করা হয়েছে। এর প্রধান লক্ষ্য হলো—উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের সমান্তরালে আঞ্চলিক বৈষ্যমের অবসান এবং দারিদ্র্য নিরসন। তিনি বলেন, এসব পরিকল্পনার অংশ হিসেবে চলতি অর্থবছরে সংশোধিত এডিপিতে বিভিন্ন সেক্টরে ৫৫টি প্রকল্প বাস্তবায়নাধীন রয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, আইলা-দুর্গত এলাকায় ক্ষতিগ্রস্ত পল্লি অবকাঠামো পুনর্বাসন প্রকল্প, এক হাজার ইউনিয়ন পরিষদে অপটিক্যাল ফাইবার স্থাপনসহ সারা দেশে গ্রামীণ পানি সরবরাহ ও পল্লী বিদ্যুৎ সম্প্রসারণের ১২টি প্রকল্প বর্তমানে প্রক্রিয়াধীন। অপর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, দেশের সব উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করা হবে। এ বিভাগকে আধুনিক সরঞ্জামে সজ্জিত করতে ২৫৮ কোটি ৯৮ লাখ ২৭ হাজার টাকা ব্যয়ে দুটি প্রকল্পের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এ ছাড়া সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিভাগের সব সদস্যের জন্য ঝুঁকিভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান। বেলা সোয়া ১১টার দিকে ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে সংসদের অধিবেশনের শুরু হয়।