গাইবান্ধা সদরের গিদারী ইউনিয়নে ‘নিজস্ব আদালত’ পরিচালনার ঘটনায় হায়দার আলী, সুকচরণ, মানিক চান ও মতিলাল নামে গ্রামপুলিশের চার সদস্যকে ১৯ জানুয়ারি হাইকোর্টে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে অন্তঃস্বত্তা কল্পনা বেগমের স্বামী আবদুস সাত্তারকেও ঘটনার বর্ণনা দিতে হাইকোর্টে আসতে বলা হয়েছে। আজ বৃহস্পতিবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানি নিয়ে এ আদেশ দেন। এ বিষয়ে সহায়তার জন্য প্রথম আলোর গাইবান্ধা প্রতিনিধি শাহাবুল শাহীনকেও আদালতে হাজির হতে বলা হয়। আদালতের নির্দেশনা অনুসারে সকালে হাইকোর্টে হাজির হন চেয়ারম্যান গোলাম সাদেক ওরফে লেবু। সাড়ে ১১টায় তাঁর পক্ষে আইনজীবী কে এম হাফিজুল আলম এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন শুনানিতে অংশ নেন।গত ৮ জানুয়ারি প্রথম আলোয় ‘এক চেয়ারম্যানের নিজস্ব আদালত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়। তা আদালতের নজরে আনা হলে পরের দিন হাইকোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারি করেন। রুলে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং তাঁর এ ধরনের কার্যক্রম কেন অবৈধ হবে না, তা জানতে চাওয়া হয়। একই সঙ্গে তিন সপ্তাহের মধ্যে জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে এ রুলের জবাব দিতে বলা হয়। এ ছাড়া ওই ঘটনার ব্যাখ্যা জানাতে চেয়ারম্যান গোলাম সাদেককে আজ ১২ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়। চেয়ারম্যানের আইনজীবী কে এম হাফিজুল আলম সোয়া ১০টায় প্রথম আলো অনলাইনকে বলেন, আদালতের নির্দেশনা অনুসারে চেয়ারম্যান আদালতে হাজির হয়েছেন। পত্রিকায় প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়, গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের চেয়ারম্যান গোলাম সাদেক ওরফে লেবু নিজস্ব নিয়মকানুনে বিচার চালু করেছেন। ২০১১ সালের ২৭ জুলাই চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতি শনিবার গ্রামটিতে ‘আদালত’ বসান তিনি। ওই আদালতে বিচার চাইতে হলে নির্দিষ্ট ফি দিয়ে আবেদন করতে হয়। বিচারের দিন হাজির না হলে জারি করা হয় গ্রেপ্তারি পরোয়ানা। ওই দিন বাদী-বিবাদী দুই পক্ষকে টাকা দিয়ে কথিত ‘আইনজীবী’ নিয়োগ করতে হয়। নইলে বিচার করেন না ‘বিচারক’।আজকের আধঘণ্টা শুনানিকালে চেয়ারম্যান আদালতের নির্দেশে এজলাস কক্ষে দাঁড়িয়ে থাকেন। এ ধরনের নিজস্ব আদালত প্রতিষ্ঠার কোনো সুযোগ আছে কি না, শুনানির শুরুতেই আদালত হাফিজুল আলমের কাছে তা জানতে চান। জবাবে হাফিজুল বলেন, গ্রাম্য আদালত আইন-২০০৬ অনুসারে আদালত প্রতিষ্ঠার সুযোগ আছে। আদালত বলেন, এটা স্থায়ী পদ্ধতি নয়। কেউ দরখাস্ত করলে আদালত বসতে পারে। আদালত জানতে চান, বিচারকাজে টাকা নেওয়া হচ্ছে এটা অপরাধ। টাকা নেওয়ার কথা কোথায় আছে আইনজীবীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ইউনিয়ন পরিষদ বিধি মোতাবেক ১৫০ টাকার রেজিস্ট্রার ফি নেওয়ার সুযোগ আছে। প্রতিবেদনে আইনজীবী নিয়োগ দেওয়ার কথা বলা হলেও এর কোনো প্রমাণ নেই। চারজন গ্রামপুলিশ একজন বিবাদীর বাসায় ভাত খাওয়ায় তাদের শাস্তি হিসেবে দাঁড় করিয়ে রাখা হয়েছে।আদালতে বলেন, দাঁড় করিয়ে রাখার কথা বললেও তা হবে গুরুতর অপরাধ। আদালত এরপর তাদের দাঁড় করিয়ে রাখা হয়েছিল, অভিযুক্তের অন্তঃস্বত্তা স্ত্রীকে জোর করে হাজির করাসহ বিভিন্ন মামলার বিষয়ে জানতে উপরিউক্ত ব্যক্তিদের আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।