গ্রামাঞ্চলে অবকাঠামো নির্মাণেও সরকারের অনুমতি লাগবে: হাছান মাহমুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, শহরাঞ্চলের বাইরে গ্রামাঞ্চলেও বসতভিটা ও অবকাঠামো নির্মাণে সরকারি অনুমোদন নেওয়ার বিধান হতে যাচ্ছে। কৃষিজমি ও জীববৈচিত্র্য রক্ষায় এই নীতিমালা চূড়ান্ত পর্যায়ে রয়েছে।আজ বুধবার এলজিইডি মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর আয়োজিত ‘জীববৈচিত্র্য সমীক্ষা ও কর্মপরিকল্পনা ২০২০ প্রতিবেদন’ উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাছান মাহমুদ এ কথা বলেন।হাছান মাহমুদ আরও বলেন, ‘আমরা সভা-সেমিনারে অনেক কথা বলি। কিন্তু পরিবেশ রক্ষায় ভূমিকা রাখি না। আবর্জনা বাইরে ফেলে পরিবেশ নষ্ট করি। এ অভ্যাস ত্যাগ করতে হবে এবং পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে হবে।’সভাপতির বক্তব্যে পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার হোসেন বলেন, ভারত গ্রাম পঞ্চায়েতের সহায়তা নিয়ে সারা দেশে ‘ওয়েলথ অব ইন্ডিয়া’ নামে একটি জীববৈচিত্র্যের তথ্য ভাণ্ডার তৈরি করেছে। বাংলাদেশেও ইউনিয়ন পরিষদসহ স্থানীয় সরকারকে কাজে লাগিয়ে এ ধরনের তথ্য ভাণ্ডার তৈরি করা সম্ভব। অনুষ্ঠানে সমীক্ষা প্রতিবেদন তুলে ধরেন প্রকল্প টিপস পরিচালক সোলায়মান হায়দার। প্রতি চার বছর পর জীববৈচিত্র্য পরিস্থিতির প্রতিবেদন তৈরি করে জাতিসংঘে জমা দেওয়ার নিয়ম রয়েছে। এই প্রতিবেদন প্রস্তুতকারী প্রথম তিনটি দেশের মধ্যে অন্যতম হিসেবে বাংলাদেশ এ প্রতিবেদন তৈরি করে আজ উন্মোচন করল।