গ্রামাঞ্চলে জমি-সম্পত্তি হস্তান্তরের শুল্ক বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামাঞ্চলে জমি বা সম্পত্তি হস্তান্তরের শুল্কহার শহরাঞ্চলের তুলনায় ১ শতাংশ বাড়ানো হয়েছে। আগে গ্রামে ২ শতাংশ এবং শহরে ৩ শতাংশ শুল্কহার ছিল। গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে শহর ও গ্রামে উভয় ক্ষেত্রে শুল্কহার ৩ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে। সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস-সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান।এ ছাড়া গতকালের বৈঠকে সংশোধিত জাতীয় বাজেট অনুমোদিত হয় এবং ২০০৯-১০ অর্থবছরের জাতীয় বাজেট বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হয়। আজ মঙ্গলবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংশোধিত জাতীয় বাজেট বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করতে পারেন। মন্ত্রিসভার বৈঠকে বাজেট বাস্তবায়নের অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করে বলা হয়, দক্ষতার সঙ্গে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা কাটিয়ে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা মজবুত আছে। বিনিয়োগ বেড়েছে। ব্যাংক থেকে সরকার কোনো ঋণ নেয়নি। সূত্র জানায়, সরকার আশা করছে ৬৯ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ছিল, এবার তা আদায় হবে। গত ছয় মাসের রাজস্ব আদায়ের হার আশাব্যঞ্জক বলেও মনে করে সরকার। তা ছাড়া ৮০০ কোটি টাকা ব্যয়ে ঢাকা-ময়মনসিংহ চার লেনবিশিষ্ট মহাসড়কের কাজ দ্রুত শুরু করার কথা বলা হয়েছে বৈঠকে। সংসদে যৌথ ইশতেহার উপস্থাপন: সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পাদিত যৌথ ইশতেহার জাতীয় সংসদে উপস্থাপন করা হবে। সংসদে এ বিষয়ে আলোচনা হবে। গতকালের বৈঠকে এ বিষয়টি অনুমোদিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছরের ১০ জানুয়ারি ভারত সফরকালে দুই দেশের মধ্যে ৫০ দফাসংবলিত যৌথ ইশতেহার ঘোষণা হয়। দুই দেশের প্রধানমন্ত্রী যৌথ ইশতেহারে স্বাক্ষর করেন। তা ছাড়া প্রধানমন্ত্রীর আসন্ন চীন সফরকালে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় বিষয়ে আলোচনা হবে বলে বৈঠকে জানানো হয়। কাতারের সহায়তায় বিদ্যুত্ প্রকল্প এবং সুড়ঙ্গপথ নির্মাণের বিষয়টিও বৈঠকে আলোচনা হয়।এ ছাড়া গতকালের বৈঠকে পাট (সংশোধন) আইনের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবেরা উপস্থিত ছিলেন।