গ্রামীণ বনের রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উঁচু-নিচু ঢেউ খেলানো মাঠ। দুই পাশজোড়া ঘন গ্রামীণ বন। মাঠটি উঁচু—অনেকটা আমাদের বরেন্দ্র অঞ্চল অথবা আফ্রিকার সাভানা অঞ্চলের মতো। এখানে-সেখানে ঘন বুনটের বৈঁচিকাঁটার ঝোপ, শেওড়া-উড়েআমগাছ ও তাল-খেজুরের চারাসহ উঁচু-চওড়া উলু ঘাসের আইল। পানের বরজ ও খড়বন আছে বেশ কয়েকটি। আছে অন্য গাছও।মাঠটি লম্বায় প্রায় এক কিলোমিটার, পাশে আধা কিলোমিটারের কিছু বেশি। ২৩ জুলাইয়ের ঘটনা। মাঠের একদিকে চারজন তরুণ পাশাপাশি চারগাছি খেপজাল টানিয়ে ফাঁদ পেতে উত্তর পাশের একটা ঝোপের তলায় বসে আছে টেঁটা-বল্লম হাতে। জালের ফাঁদ আর শিকারিদের মাঝখানের মাঠে চরছে দুটি রাজহাঁস ও একটি ছাগল। গত পাঁচ দিনে দুটি রাজহাঁস শিকার করেছে যে প্রাণীটি, তাকেই বধ করার প্রস্তুতি নিয়ে বসে আছে ওরা।সন্ধ্যা নামছে চরাচরজুড়ে। গ্রামের শিয়ালগুলো খেয়াল গাইছে। এমন সময় পূর্বপাশের একটি বরজ-লাগোয়া ঘন ঝোপ থেকে বেরিয়ে দাপটের সঙ্গে হেঁটে রাজহাঁসের দিকে আসছে প্রাণীটি। শিকারিরা বেরিয়েই ছুড়ল টেঁটা-বল্লম। না, লক্ষ্য ভেদ করল না কারও অস্ত্র। প্রাণীটি দৌড়ে গেল জালফাঁদের দিকেই। লাফ দিয়ে জাল ডিঙিয়ে অদৃশ্য হয়ে গেল মুহূর্তেই।প্রাণীটি হলো গ্রামীণ বনের রাজা মেছো বাঘ। ঘটনাটি আমার গ্রাম বাগেরহাটের ফকিরহাটের। আমাদের এলাকায় স্থানীয়ভাবে এর নাম গো-বাঘা। ইংরেজি নাম Fishing cat. বৈজ্ঞানিক নাম Felis viverrina. লেজ বাদে শরীরের মাপ ৭০-৮০ সেন্টিমিটার। লেজের মাপ ৬০-৬৫ সেন্টিমিটার। ওজন ১২-১৫ কেজি। নাম যদিও মেছো বাঘ, তবে মাছ এদের মূল খাদ্য নয়। মাছ শিকারি হিসেবে দক্ষও নয় তেমন। কথিত আছে, এরা রাতে জলে লেজ ফেলে শব্দ করে এবং জলে প্রস্রাব করে। শব্দে ও প্রস্রাবের গন্ধে নাকি বড় মাছেরা খাবার ভেবে ছুটে আসে। তখন এরা মাছ ধরে ফেলে।মেছো বাঘের খাদ্যতালিকায় আছে: ধেনো ইঁদুর, নির্বিষ সাপ, বুনো খরগোশ, পাখি, কাঁকড়া, কচ্ছপ, শিয়াল, কুকুর, বাছুর, ছাগল, হাঁস-মুরগি ইত্যাদি। দক্ষ শিকারি এরা। তুখোড় লড়াকু। শরীরে শক্তি ধরে প্রচণ্ড। গাছে চড়তে ওস্তাদ। রাতে গাছে চড়ে বড় পাখিসহ ওদের ডিম-ছানা খায়। কাঠবিড়ালি, তক্ষক, এমনকি গাছখাটাশও শিকার করে। অন্য বাঘ সাধারণত শজারুকে না ঘাঁটালেও এরা শজারু শিকারে অতিশয় দক্ষ। দেশি একজোড়া কুকুর এদের সঙ্গে লড়ে পারবে না। কখনো দুই থাবা দিয়ে কুকুরের নাক-মুখ-চোখে চালায় নখর। কুকুরের নাক ফুলে হয় বেগুন। চোখ হয় টেনিস বলের মতো। কৈশোর-তারুণ্যে এদের কবলে পড়ে কুকুরদের দুর্দশা দেখেছি। লোকের হাতে প্রায়ই মারা পড়ে মেছো বাঘ। প্রচারমাধ্যমে মাঝেমধ্যে এদের মৃত্যুসংবাদ পাওয়া যায়। অধিকাংশ ক্ষেত্রে ‘চিতাবাঘ’ বলে এদের উল্লেখ করা হয়। প্রাকৃতিক বন বাদে অন্যত্র মেছো বাঘ মহা বিপন্ন আজ। দেশজুড়েই ছিল এদের বিচরণ। এখন সুন্দরবনসহ বৃহত্তর সিলেট ও চট্টগ্রামের পাহাড়ি বনে আছে। হাওরাঞ্চলে প্রায়ই এদের মৃত্যুসংবাদ পাওয়া যায়। এরা আছে বাগেরহাট, খুলনাসহ দক্ষিণ-পশ্চিম বাংলাদেশের গ্রামীণ বনগুলোয়। বৃহত্তর খুলনা জেলাজুড়ে এখন তো হাজার হাজার মাছের ঘের। প্রাকৃতিক খাবার নেই। তাই মেছো বাঘেরা প্রায়ই ঘেরে পাতা ফাঁদ ও বিষটোপে মারা পড়ছে। ফকিরহাটের বিখ্যাত উত্তরের হাওরপারজুড়ে আনাগোনা আছে এদের। মেছো বাঘ বছরে দুবার বাচ্চা দেয়। বাচ্চা পোষা যায়।প্রাণীটিকে রক্ষায় বিশেষ প্রয়াস দরকার। সে অর্থে মেছো বাঘ খুব ভয়ংকর প্রাণী নয়। গ্রামের আশপাশে দেখা গেলে পিটিয়ে না মেরে তাড়িয়ে দিলেই সে সরে পড়বে। সবাই মিলে চেষ্টা করলেই টিকে যাবে আমাদের জীববৈচিত্র্যের অমূল্য এই সম্পদটি।