গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশের গেজেট প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ-২০১২ গেজেট আকারে আজ বৃহস্পতিবার প্রকাশ করা হয়েছে। গেজেটটি গতকাল জারি করা হয়।আইনমন্ত্রী শফিক আহমেদ আজ সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জাতীয় সংসদের অধিবেশন না থাকায় গেজেট আকারে রাষ্ট্রপতি এটি জারি করেছেন। সংসদের পরবর্তী অধিবেশনে এটি আইন আকারে পাস করা হবে।’২ আগস্ট ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগে গ্রামীণ ব্যাংক পরিচালনা পর্ষদের ক্ষমতা খর্ব এবং সরকার-নিযুক্ত চেয়ারম্যানের ক্ষমতা বাড়িয়ে ‘গ্রামীণ ব্যাংক (সংশোধন) অধ্যাদেশ, ২০১২’-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ‘গ্রামীণ ব্যাংক সংশোধন অধ্যাদেশ, ২০১২’-এর চূড়ান্ত খসড়ায় মূল আইনের ১৪ ধারায় তিনটি সংশোধনী আনা হয়েছে। এতে বলা হয়, গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান বোর্ডের পরামর্শ নিয়ে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য তিনজনের একটি প্যানেল নির্বাচন করবেন। এ প্যানেল থেকে একজনকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের সুপারিশ করবেন তিনি।এর আগে এমডি নিয়োগের জন্য বাছাই কমিটি গঠনের এখতিয়ার ছিল বোর্ডের। সংশোধনীতে এই বিধান বাতিল করা হয়েছে।আগের আইনে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের যোগ্যতা হিসেবে ‘রুরাল ইকোনমি’ এবং ‘গ্রামীণ ব্যাংকিং বিজনেস’ বিষয়ে অভিজ্ঞতা থাকার শর্ত দেওয়া ছিল। সংশোধনীতে এই অভিজ্ঞতার শর্ত বাদ দিয়ে ‘মাইক্রো-ফাইন্যান্সিং’ বিষয়ে অভিজ্ঞতা থাকার শর্ত জুড়ে দেওয়া হয়েছে।২ আগস্ট মন্ত্রিপরিষদের সচিব বলেছিলেন, ‘যেহেতু এখন সংসদ অধিবেশন নেই, তাই মন্ত্রিসভায় অনুমোদিত এই খসড়া খুব শিগগির রাষ্ট্রপতি অধ্যাদেশ আকারে জারি করবেন। পরে সংসদ অধিবেশনে এই অধ্যাদেশ আইনে পরিণত হবে।’গ্রামীণ ব্যাংকের বর্তমান আইন অনুসারে ব্যাংকের নির্বাহী প্রধান হিসেবে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগের এখতিয়ার পরিচালনা পর্ষদের (বোর্ড)। ক্ষুদ্রঋণগ্রহীতা নারীদের প্রাধান্য দিয়েই পরিচালনা পর্ষদ গঠন করা হয়েছে। বিধি অনুসারে, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার জন্য পরিচালনা পর্ষদ একটি অনুসন্ধান কমিটি করে দেওয়ার কথা। ওই কমিটি ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কয়েকজনের নামের একটি তালিকা দেবে পরিচালনা পর্ষদকে। পরিচালনা পর্ষদ একজনকে ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দিয়ে বাংলাদেশ ব্যাংককে তা জানাবে।কিন্তু সংশোধনীর ফলে পরিচালনা পর্ষদের এ ক্ষমতা থাকবে না। সে ক্ষেত্রে সরকার-নিযুক্ত চেয়ারম্যান পরিচালনা পর্ষদের সঙ্গে ‘পরামর্শ’ করে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দিতে পারবেন।