গ্রামীণ ব্যাংক কমিশন প্রতিবেদন প্রত্যাখ্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংক কমিশনের অন্তর্বর্তীকালীন প্রতিবেদন প্রত্যাখ্যান করেছেন ব্যাংকের নির্বাচিত বোর্ড সদস্যরা। এই প্রতিবেদনকে ভিত্তিহীন ও অশুভ বলে আখ্যায়িত করেছেন তাঁরা। গতকাল মঙ্গলবার গ্রামীণ ব্যাংকের নয়জন নির্বাচিত বোর্ড সদস্যের পক্ষে তাহসিনা খাতুন এক বিবৃতিতে এই প্রতিবেদন প্রত্যাখ্যান করেন। এই নয়জন বোর্ড সদস্য ঋণগ্রহীতা সদস্য। সদস্যরা হলেন: রেহেনা আক্তার, সাজেদা, সুলতানা, ছালেহা খাতুন, পারুল বেগম, মেরিনা, সাহিদা বেগম ও মোমেলা বেগম। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে এই বিবৃতি দেওয়া হয়। কমিশনের প্রতিবেদনে সম্পর্কে বিবৃতিতে বলা হয়, কমিশনের সুপারিশগুলো থেকে যেকোনো মানুষের মনে স্পষ্ট ধারণা জন্মাবে যে কমিশন নির্বাচিত বোর্ড সদস্যদের ব্যাপারে অত্যন্ত নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে সুপারিশসমূহ করেছে। তারা তাদের পূর্বপরিকল্পিত ধারণা দিয়ে শুধু মন্তব্য করেনি, বরং গ্রামীণ ব্যাংকের আইনকাঠামো মৌলিকভাবে সংশোধনের সুপারিশ পর্যন্ত করেছে। বিবৃতিতে বলা হয়, ‘কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে, ঋণগ্রহীতা সদস্যরা ব্যাংকের মালিক নন। নির্বাচিত বোর্ড সদস্যদের শিগগিরই পদত্যাগ করার জন্য বলা হবে। তাহলে সরকার এত বছর নিজের জন্য গ্রামীণ ব্যাংক বোর্ডে তিনটি আসন রেখে বাকি নয়টি আসন কি দয়া করে ছেড়ে দিয়েছেন? এত দিন ধরে সরকারের বড় বড় সচিবের সভাপতিত্বে পরিচালকমণ্ডলীর সভা করলাম, বাংলাদেশ ব্যাংক প্রতিবছর নিরীক্ষা করল, কেউ এই মালিকানা নিয়ে কিংবা বোর্ডের সদস্যপদ নিয়ে কোনো প্রশ্ন তুললেন না, কেবল কমিশনই সব বুঝে গেল?’বিবৃতিতে আরও বলা হয়, ‘৩ শতাংশ শেয়ার কিনে সরকার নিজেকে মালিক দাবি করছেন, আর ৯৭ শতাংশ শেয়ার কিনেও আমরা (সদস্যরা) মালিক নই। আমাদের পুকুরের মাছ কেউ ধরে নিয়ে গেলে আমরা কি সহজে ছেড়ে দেব?’বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা নাকি বোর্ডে কথা বলি না। আমরা কথা না বলেই কি গ্রামীণ ব্যাংক পরিচালনা করলাম? নোবেল পুরস্কার নিয়ে এলাম? পৃথিবীর আদর্শ ব্যাংক বানালাম? আমাদের শক্তিকে এত ছোট করে দেখছেন কেন?’বিবৃতিতে আরও বলা হয়, কমিশনের চেয়ারম্যান কিংবা কোনো সদস্য কোনো দিন গ্রামীণ ব্যাংকের কোনো শাখায় যাননি, একজন নির্বাচিত বোর্ড সদস্যের সঙ্গে কথা বলেননি। তাঁরাই এখন গ্রামীণ ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণ করে দিচ্ছেন। গ্রামীণফোনের কাছে গ্রামীণ ব্যাংকের ছয় হাজার কোটি টাকা পাওনা প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, এ রকম কোনো হিসাব গ্রামীণ ব্যাংকের জন্ম থেকে আজ পর্যন্ত হিসাব বিবরণী থেকে পাওয়া যায়নি। নিরীক্ষা প্রতিষ্ঠানের প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। বোর্ড সদস্য নির্বাচন-প্রক্রিয়ায় পরিবর্তনের কমিশনের সুপারিশের তীব্র প্রতিবাদ করা হয়েছে বিবৃতিতে। কোনো দিন নির্বাচন নিয়ে অস্বচ্ছতার কোনো অভিযোগ ওঠেনি বলে বিবৃতিতে দাবি করা হয়। এ ছাড়া নির্বাচিত বোর্ড সদস্যদের সভায় অনুপস্থিতির অভিযোগেরও প্রতিবাদ করা হয়।